ড্রেনের পানি পান করে শিক্ষার্থীরা
মেহেদী হাসান শিয়াম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ৩৭ মিনিট আগে
বেতন ছাড়াই জরাজীর্ণ ঘরে পড়াচ্ছেন শিক্ষক
সকালে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে হাসিমুখে বিদ্যালয়ে আসে শিশুরা। কারও মনে চিকিৎসক হওয়ার সুপ্ত বাসনা, কেউ হতে চায় বড় কোনো কর্মকর্তা, আবার কারও স্বপ্ন শিক্ষক হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করা। কিন্তু যে শিক্ষালয়ে এসে তাদের স্বপ্ন ডান মেলানোর কথা, সেই প্রতিষ্ঠানের প্রতিটি কোনায় লেখা রয়েছে শুধুই বঞ্চনা আর লড়াইয়ের গল্প। তৃষ্ণা পেলে নিরাপদ পানির ফোঁটা জোটে না, বরং বাধ্য হয়ে পান করতে হয় জমি সেচের ড্রেনের পানি। মাটির দেয়াল আর ছিদ্রযুক্ত মরিচা ধরা টিনের চালের নিচে ঝুঁকি নিয়ে চলে তাদের প্রতিদিনের পাঠগ্রহণ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ পা রাখলেই চোখে পড়ে এই নির্মম চিত্র। চরম প্রতিকূলতা, অর্থনৈতিক অসচ্ছলতা আর অবহেলার স্রোতে যখন থমকে যাওয়ার কথা সব আয়োজন, তখনও কেবল আশার প্রদীপ জ্বেলে রেখেছেন পাঁচজন শিক্ষক। কোনো ধরনের বেতন-ভাতা বা আর্থিক প্রাপ্তির আশা ছাড়াই তারা প্রতিদিন সকালে হাজির হন এই ঝুপড়ি ঘরে, পরম মমতায় আলো ছড়িয়ে যাচ্ছেন সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয়ে।
-6afd584f58ce1.jpg)
বিদ্যালয়ের বর্তমান অবস্থা : ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে বিদেশি মিশনারিরা চলে গেলে আকস্মিক বন্ধ হয়ে যায় এর শিক্ষা কার্যক্রম। দীর্ঘ দুই দশকের বেশি সময় অন্ধকার থাকার পর ২০০৮ সালে স্থানীয়দের উদ্যোগে ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে এটি নতুন করে প্রাণ ফিরে পায়। প্রায় ১৮ বছর আগে শুরু হওয়া টিকে থাকার সংগ্রাম আজও ফুরোয়নি।
বর্তমানে বিদ্যালয়টিতে বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করছে প্রায় ১২০ জন শিশু। যে বড়াইল গ্রামে বিদ্যালয়টি অবস্থিত, তার চারপাশ জুড়েই বসবাস আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। এখানকার মানুষের জীবনযাত্রা বেশ দরিদ্র এবং অধিকাংশ পরিবারই দিনমজুর ও আর্থিকভাবে চরম অসচ্ছল। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা এই প্রতিষ্ঠানটি। আশপাশের অন্তত সাত-আটটি গ্রামের শিশুরা এখানে পড়তে আসে। বিদ্যালয়টির প্রায় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিকল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। স্থানীয় সচেতন মহলের মতে, এই স্কুলটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে আদিবাসী সম্প্রদায়ের এই কোমলমতি শিশুরা চিরতরে শিক্ষা থেকে ছিটকে পড়বে, হারিয়ে যাবে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ।
শুধু বিদ্যালয়ের অবকাঠামোই নয়, এখানকার দৈনন্দিন পথচলাও বড় কষ্টের। যাতায়াতের কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় নিয়মিত ক্লাসে হাজির হতে পারে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ছোট্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে কষ্টের চিত্র আরও বেরিয়ে আসে।
-6afd5863379fc.jpg)
শিক্ষার্থীদের মন্তব্য : বিদ্যালয় সম্পর্কে শিক্ষার্থীদের মন্তব্য জানতে চাওয়া হলে তারা জানায়, সারাক্ষণ তাদের মনে তাড়া করে এক ধরনের আতঙ্ক। একটু বৃষ্টি হলেই ছাদের ছিদ্র দিয়ে টপটপ করে পানি পড়ে ভিজে যায় খাতা-বই, নষ্ট হয় পড়ার পরিবেশ। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় একাধিক শ্রেণির শিশুদের গাদাগাদি করে বসতে হয় একই ছাদের নিচে। সবচেয়ে বড় দুর্ভোগ বিশুদ্ধ পানির অনুপস্থিতি। প্রচণ্ড গরমে গলা শুকিয়ে এলে তৃষ্ণা মেটাতে তাদের ভরসা করতে হয় জমিতে দেওয়া সেচের ড্রেনের পানি। বিশুদ্ধ পানির অভাবে প্রায়ই পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয় তারা। এত সব কষ্ট আর জরাজীর্ণতার মাঝেও তাদের মুখে থাকে অমলিন হাসি, শিক্ষকের টানে তারা ছুটে আসে প্রতিদিন। তাদের একটাই আকুতি- দ্রুত যেন তাদের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় এবং বিদ্যালয়টিকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়।
শিক্ষকদের আত্মত্যাগ : শিক্ষকদের এই আত্মত্যাগের গল্পও অনন্য। প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মণ জানান, কোনো ধরনের সরকারি অনুদান বা বেতন-ভাতা ছাড়াই কেবল শিশুদের অন্ধকারের হাত থেকে বাঁচাতে তারা পাঁচজন শিক্ষক স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে জরাজীর্ণ ঘর আর উপকরণের অভাব নিয়ে। যদি বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পায় এবং অবকাঠামোগত উন্নয়ন হয়, তবে এই অবহেলিত জনপদের শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই কষ্ট লাঘব হবে এবং শিক্ষার মান বহুগুণ বেড়ে যাবে।
সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সম্পর্কে অবগত হন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি দেখা হয়েছে। জরাজীর্ণ ভবন ও নিরাপদ পানির সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নীতিমালা ও বিধিবিধানের আলোকে বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।