মহসিন আলী, বেনাপোল
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১৩:৪৩ পিএম
এলাচ চাষে স্বপ্ন বুনছেন কৃষক
সাধারণত মসলা হিসেবে রান্নাঘরে পরিচিত এলাচ। কিন্তু সেই এলাচই এখন সম্ভাবনার নতুন গল্প লিখছে বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের কৃষক শাহজাহান আলী। অনুকূল পরিবেশ, সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে তার এলাচ বাগানে দেখা দিয়েছে আশার আলো। নতুন এই ফসল দেখতে প্রতিদিন আগ্রহী হয়ে উঠছেন আশপাশের কৃষকরা।
কৃষক শাহজাহান আলী জানান, এলাচের আকাশছোঁয়া বাজারদর দেখে দেশে প্রচলিত ফসলের পাশাপাশি ভিন্ন কিছু করার চিন্তা থেকেই তিনি সবুজ এলাচ চাষে আগ্রহী হন। ২০১২ সালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বুনো জাতের চারা সংগ্রহ করলেও সেগুলোতে কাঙ্ক্ষিত কোনো মসলা পাওয়া যায়নি। শুরুতে নানা ধরনের সংশয় থাকলেও গাছের বৃদ্ধি ও ফলনের সম্ভাবনা তাকে আশাবাদী করে তুলেছে। পরবর্তীতে আফ্রিকা অঞ্চলের তানজানিয়া বা মরিচানিয়া থেকে সংগৃহীত বিশেষ রেণু মাধ্যমে আনা ছোট সবুজ জাতের এলাচের চারা রোপণ করেন। ২০১৬ সাল থেকে মূল প্রকল্প গড়ে তোলেন তিনি। তবে পথচলা মোটেও সহজ ছিল না। ২০১৯ সালের নভেম্বর মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের প্রলয়ে তার পুরো এলাচ বাগান পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এতে তার ফলন ও অগ্রগতি কয়েক বছর পিছিয়ে যায়।
ঘূর্ণিঝড়ের ক্ষত কাটিয়ে ২০২০ সালের শেষভাগে নতুন করে আবার মেহগনি গাছের ছায়াযুক্ত বাগানে এলাচ রোপণ শুরু করেন শাহজাহান আলী। বর্তমানে তার বাগানের গাছগুলোর বয়স ছয় বছর পেরিয়েছে। গাছের গোড়া থেকে কচুর লতির মতো লম্বা থোকা বের হয়ে ফুল ফোটা শুরু করেছে এবং তাতে ছোট ছোট ফলের গুটিও বাঁধতে শুরু করেছে। এই গুটি বড় হয়ে পরিপক্ব হতে সময় নেয় প্রায় ১২০ দিন। রোপণের দুই থেকে আড়াই বছর পর এলাচ গাছে ফুল আসার প্রাথমিক শক্তি তৈরি হয়। তৃতীয় বছরে সামান্য ফলন আসে এবং এরপর থেকে ফলন পর্যায়ক্রমে বাড়তে থাকে। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে শুকনা অবস্থায় বছরে দুইশ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
সঠিক পরিচর্যা করতে পারলে ভবিষ্যতে এলাচ চাষ বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। এ ছাড়া কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পেলে এ চাষ আরও বড় পরিসরে করা সম্ভব বলে জানান এই কৃষক।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এলাচ চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী, বেলে মাটিতে এই গাছ একেবারেই টেকে না। গাছের বৃদ্ধির জন্য রোদ নয়, বরং শীতল ছায়াযুক্ত পরিবেশ প্রয়োজন। কাঠজাতীয় বড় গাছের বাগানের নিচে পর্যাপ্ত বাতাস ও আলো প্রবেশের ফাঁকা জায়গা থাকলে এলাচ সবচেয়ে ভালো বাড়ে। কোনো কারণে প্রখর রোদ বা অতিরিক্ত গরম থাকলে ফুল ও লতি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। অব্যবহৃত ও ছায়াযুক্ত পতিত জমিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এনে পরিকল্পিতভাবে সবুজ এলাচ চাষ করা গেলে মসলাটির আমদানি-নির্ভরতা উল্লেখযোগ্য পরিমাণে কমানো সম্ভব।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, এলাচ একটি মসলাজাতীয় অর্থকরী ফসল। আমাদের দেশের কৃষিতে নতুন ও সম্ভাবনাময় ফসলের পরীক্ষামূলক চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহজাহান আলীর বাগানটি আমরা পর্যবেক্ষণ করছি। মাটি, আবহাওয়া ও পরিচর্যার বিষয়গুলো বিবেচনা করে ফলন ও অর্থনৈতিক সম্ভাবনা যাচাই করা হবে।