শেখ আরিফুল ইসলাম, বাগেরহাট
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৮ পিএম
মাছ কেটেই জীবন কাটছে ৭০ বছর বয়সী আব্দুল জব্বার ব্যাপারী
বয়সের ভারে মাছের ব্যবসা ছেড়েছেন অনেক আগেই। কিন্তু সংসারের দায়িত্ব তাকে থামতে দেয়নি। তাই ৭০ বছর বয়সেও বাজারে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার আব্দুল জব্বার ব্যাপারী। সপ্তাহে চার দিন কচুয়া হাট ও খানজাহান আলী মাজারসংলগ্ন দরগারহাট বাজারে মাছ কাটেন তিনি। এই সামান্য আয় দিয়েই চলে তার আট সদস্যের সংসার। পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও বহন করতে হয় তাকে।
প্রায় ১০ বছর ধরে মাছ কাটার কাজ করছেন আব্দুল জব্বার ব্যাপারী। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার কচুয়া হাটে এবং মঙ্গল ও শুক্রবার দরগারহাট বাজারে বসেন তিনি। সকাল থেকে বাজারের এক পাশে বসে ক্রেতাদের মাছ কাটতে কাটতে কখনও কখনও সন্ধ্যা হয়ে যায়। দিন শেষে যে সামান্য টাকা আয় হয়, তা দিয়েই কোনো রকমে চলে সংসারের খরচ।
একসময় কচুয়া ও দরগারহাট বাজারে মাছের ব্যবসা করতেন জব্বার ব্যাপারী। তখন শরীরে শক্তি ছিল, ব্যবসা করে ভালোই আয় করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে শারীরিক সক্ষমতা। ভারী ঝুড়ি নিয়ে বাজারে ঘোরাঘুরি ও মাছের ব্যবসার পরিশ্রম আর করতে পারছিলেন না। কিন্তু সংসারের দায়িত্ব তো আর কমেনি। বাধ্য হয়েই প্রায় এক দশক আগে মাছ কাটার কাজকে পেশা হিসেবে বেছে নেন তিনি।
বর্তমানে কচুয়া হাট ও দরগারহাট বাজারে বসে বিভিন্ন ধরনের মাছ কেটে দেন জব্বার ব্যাপারী। বড় মাছ কিংবা ছোট মাছÑ প্রতিটি মাছ কাটার বিনিময়ে পাওয়া সামান্য পারিশ্রমিকই তার পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। চাল-ডাল, বাজার-সদাই, নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও মেটাতে হয় এই আয় থেকে।
আব্দুল জব্বার ব্যাপারী বলেন, ‘আমার বয়স এখন ৭০ বছর। আগে মাছের ব্যবসা করতাম। তখন শরীরে শক্তি ছিল, অনেক পরিশ্রম করতে পারতাম। এখন বয়স হয়েছে, আগের মতো ভারী কাজ করতে পারি না। তাই মাছ কাটার কাজ করছি।’
তিনি বলেন, ‘সপ্তাহে চার দিন কচুয়া হাট আর দরগারহাটে বসি। সকাল থেকে মাছ কাটতে হয়। দিন শেষে যত টাকা পাই, তা দিয়েই সংসার চালাই। আমার সংসারে আটজন মানুষ। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচও আছে। আয় কম হলেও কাজ না করলে সংসারে চুলা জ্বলবে না।’