অনুপ্রেরণা
মো আমানউল্লাহ বিশ্বাস
প্রকাশ : ২৪ মিনিট আগে
নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন
দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি প্রতি বছর দক্ষ করে তুলছেন হাজারো তরুণকে।
শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে। মতিঝিল মডেল হাই স্কুলের ছাত্র থাকাকালীন স্কুলের পথে হাঁটতে হাঁটতেই ছোট্ট সুমনের চোখ আটকে যেত শহরের সুউচ্চ ভবন, ব্যস্ত রাস্তাঘাট আর খেলার মাঠের বিন্যাসে। বর্ষায় মতিঝিল ও আশপাশের রাস্তায় যখন হাঁটুসমান পানি জমত, তখনই তাঁর কিশোর মনে প্রশ্ন জাগত রাস্তাগুলো কি অন্যভাবে বানানো যেত না?
ঢাকায় জন্ম নেওয়া ফজলে রেজা সুমন পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদরের রায়পুরে। গ্রামের সবুজ প্রকৃতি আর শহরের ইট-পাথরের পার্থক্যটা গভীরভাবে ভাবতেন। খাতার পাতায় আঁকিবুঁকি করে নিজের মতো করে রাস্তা, খেলার মাঠ আর বাড়ির নকশা আঁকতেন। তখনো তিনি জানতেন না, খাতার পাতার এই নিছক নকশা আঁকার নেশাই একদিন তাঁকে নিয়ে যাবে দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদদের কাতারে।
উচ্চমাধ্যমিক শেষ করে ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে। তখন বাংলাদেশে এই সাবজেক্ট নতুন। যখন সবাই জিজ্ঞেস করতেন, ‘কী নিয়ে পড়ছ?’, উত্তরে ‘নগর পরিকল্পনা’ বললে অনেকেই অবাক হয়ে ভ্রু কুঁচকাতেন। কেউ কেউ তো সরাসরিই বলতেন কি নিয়ে পড়, ভবিষ্যতে চাকরি হবে তো?’ মানুষের এমন প্রশ্নে মাঝেমধ্যে মন খারাপ হলেও দমে যাননি সুমন। নিজের পছন্দের ওপর অগাধ বিশ্বাস রেখে ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর কর্মজীবনের শুরুটা ছিল গল্পের মতো। ২০০১ সালে ত্রয়ী অ্যাসোসিয়েটসের একজন সাধারণ জুনিয়র আরবান প্ল্যানার হিসেবে যোগ দেন তিনি। শুরুর সেই কথা স্মরণ করে ফজলে রেজা সুমন বলেন, তখন আমাদের এখনকার মতো আধুনিক সফটওয়্যার বা সহজলভ্য কম্পিউটার ছিল না। ট্রেসিং পেপারে কলম দিয়ে রাত জেগে শহরের নকশা আঁকতাম। একটু ভুল হলে বা কালি লেগে গেলে পুরো শিটের কাজ আবার নতুন করে শুরু করতে হতো। ফিল্ড সার্ভেতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। তবে কাজটাকে ভালোবেসেছিলাম বলেই কখনো ক্লান্ত লাগেনি।” নিষ্ঠা, সততা আর মেধার জোরেই একটা সময় বড় পরিবর্তন আসে। যে প্রতিষ্ঠানে তিনি একদম জুনিয়র হিসেবে শুরু করেছিলেন, আজ তিনি সেই ত্রয়ী অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, এলজিইডি, নগর উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে কাজ করেছে।
কাজের পরিধি বাড়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন, গতানুগতিক পদ্ধতিতে আধুনিক শহরের জটিল সমস্যা সমাধান সম্ভব নয়। তাই নিজেকে আরও শাণিত করতে ছুটে গেছেন বিশ্বের নানা প্রান্তে। বেলজিয়ামের ঘেন্টে অবস্থিত ট্রিম্বল কর্পোরেশন থেকে ড্রোন ও রিমোট সেন্সিং এবং ভারতের দিল্লির সিএসই থেকে বৃষ্টির পানি সংরক্ষণ কৌশলের ওপর প্রশিক্ষণ নেন। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশগত মূল্যায়নের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তবে বিদেশ থেকে শেখা আধুনিক প্রযুক্তি দেশে প্রয়োগ করতে গিয়ে শুরুতে বেশ ঝামেলা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের প্রকল্পগুলোতে যখন প্রথম ড্রোন সার্ভে বা রিমোট সেন্সিংয়ের প্রস্তাব দিলাম, তখন অনেকেই বিষয়টিকে অপ্রয়োজনীয় বা ব্যয়বহুল ভেবেছিলেন। একটি বড় প্রকল্পের প্রেজেন্টেশনে আমাকে রীতিমতো জেরার মুখে পড়তে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ড্রোনের তোলা নিখুঁত তথ্য দিয়ে কয়েক মাসের কাজ মাত্র কয়েক দিনে শেষ করে দেখালাম, তখন সবাই অবাক হয়ে সাধুবাদ জানিয়েছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনায় রিমোট সেন্সিং ও জিআইএস-এর প্রয়োগ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণামূলক প্রবন্ধও প্রকাশিত হয়েছে।
নিজের প্রিয় ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর টান বরাবরই প্রবল। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনতে বন্ধুদের নিয়ে চায়ের আড্ডায় যে স্বপ্নের বীজ বুনেছিলেন, তা-ই রূপ নেয় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রথম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হিসেবেও নেতৃত্ব দেন। পাশাপাশি বুয়েট অ্যালামনাইয়েরও আজীবন সদস্য তিনি।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নগর পরিকল্পনাবিদদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন ফজলে রেজা সুমন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি অব জিও-ইনফরমেটিক্সের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্সের সহ-সভাপতি ও জার্মানির ইন্টারন্যাশনাল আরবান প্ল্যানার্স ফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিআইপি-র সভাপতি থাকাকালীন তাঁর নেতৃত্বে ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন থেকে সরকারের কাছে হস্তান্তরের জন্য তৈরি হয় ঐতিহাসিক ‘স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ’ ও ‘ঢাকা ডিক্লারেশন’। এছাড়া ফিলিপাইনের আইসোকার্প সম্মেলনে জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনা নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন, মালয়েশিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাথে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ভারত ও নেপালের শীর্ষ নীতিনির্ধারকদের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। পাশাপাশি সেভ দ্য চিলড্রেনের সাথে যৌথভাবে শিশু ও তরুণবান্ধব শহর গড়তে বিশেষ কর্মশালারও আয়োজন করেছেন তিনি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন বাংলাদেশের নগর পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, তখন এক অন্যরকম গর্বে বুক ভরে ওঠে তাঁর।
নিজের অর্জিত জ্ঞান কেবল নিজেদের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি ফজলে রেজা সুমন; বরং তা ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মাঝে। তাঁর প্রতিষ্ঠান ত্রয়ী অ্যাসোসিয়েটস ও বিআইপির বিভিন্ন কর্মশালার মাধ্যমে গত কয়েক বছরে প্রায় ২০০ এর বেশি তরুণ পরিকল্পনাবিদ ও শিক্ষার্থীকে জিআইএস, রিমোট সেন্সিং এবং ড্রোন সার্ভের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী তাঁর প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও বাস্তব প্রকল্পে কাজের সুযোগ পাচ্ছেন, যাঁদের অনেকেই আজ দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন।
শুধু নগর পরিকল্পনাতেই নয়, পরামর্শক ও নির্মাণ ব্যবসার পাশাপাশি সাধারণ শিক্ষিত তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারে যোগ্য করে তুলতেও তিনি রেখে চলেছেন বড় ভূমিকা। জাপান সফরে গিয়ে ভাষাগত বাধার কারণে বাংলাদেশি তরুণদের পিছিয়ে পড়ার বিষয়টি উপলব্ধি করে ঢাকার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাসেসমেন্ট ইনস্টিটিউটের পরিচালক হিসেবে জাপানি ভাষা পরীক্ষা কেন্দ্র পরিচালনা করছেন তিনি। এর মাধ্যমে প্রতি বছর প্রায় ২ হাজারেরও বেশি তরুণ-তরুণী আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন এবং ইতিমধ্যেই কয়েক শ বাংলাদেশি তরুণ জাপানে উচ্চশিক্ষা ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছেন।
তরুণদের নিয়ে নিজের এই উদ্যোগ প্রসঙ্গে ফজলে রেজা সুমন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা যখন শুরু করেছিলাম, তখন হাতে-কলমে শেখানোর মানুষের খুব অভাব ছিল। আমি চাই না বর্তমান প্রজন্মের তরুণেরা সেই সংকটে পড়ুক। একজন তরুণ যখন আধুনিক প্রযুক্তি বা নতুন কোনো ভাষা শিখে নিজের পায়ে দাঁড়ায় এবং তাঁর পরিবারের মুখে হাসি ফোটায়, তখনই আমাদের এই দীর্ঘ পরিশ্রম সার্থক হয়।
ঢাকা ও দেশের শহরগুলোকে নিয়ে সুমনের চোখে আজও সেই কৈশোরের স্বপ্ন। জলাবদ্ধতা, যানজট আর অপরিকল্পিত নগরায়ণের বৃত্ত ভেঙে তিনি গড়তে চান এক সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ। তাঁর ভাষায়, একটি শহর কেবল ইট-পাথরের নয়, এটি মানুষের স্বপ্ন ও নিঃশ্বাস নেওয়ার জায়গা। আমরা যদি প্রকৃতিকে বাঁচিয়ে রেখে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারি, তবে আমাদের শহরগুলোও একদিন বিশ্বের অন্যতম সেরা বাসযোগ্য শহরে পরিণত হবে।