× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলার রঙে রঙিন বিজয়নগর

মাহমুদ হাসান সুমন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ১৪ মিনিট আগে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাল মাটির টিলা ও সমতল অঞ্চলের বাগানগুলো সেজেছে এক অপরূপ সাজে। কমলা চাষে ভিন্নরকম এক সোনালি বিপ্লব ঘটিয়েছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাল মাটির টিলা ও সমতল অঞ্চলের বাগানগুলো সেজেছে এক অপরূপ সাজে। কমলা চাষে ভিন্নরকম এক সোনালি বিপ্লব ঘটিয়েছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাল মাটির টিলা ও সমতল অঞ্চলের বাগানগুলো সেজেছে এক অপরূপ সাজে। কমলা চাষে ভিন্নরকম এক সোনালি বিপ্লব ঘটিয়েছে স্থানীয়রা। ফলটিকে এর আগে কেবল সিলেট, মৌলভীবাজার এলাকার কিংবা আমদানিনির্ভর ভাবা হতো। সময়ের পরিক্রমায় সেই কমলা এখন বিজয়নগরের মাটিতে ফলছে ব্যাপক আকারে। বাগানগুলোয় গেলে চোখ জুড়িয়ে যায়। দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা সোনালি ও হলুদ রঙের রসালো কমলা। রসে টইটম্বুর আর স্বাদে অনন্য হওয়ায় এ কমলা এরই মধ্যে সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লাল মাটি মূলত লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, বড়ই ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে ‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষে ঝুঁকেছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। ফরমালিনমুক্ত ও শতভাগ নিরাপদ হওয়ায় বাগান থেকেই কেজিপ্রতি ২০০ টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে এসব কমলা।

খোকন মিয়া নামের স্থানীয় এক কমলা চাষি বলেন, শুরুতে যখন ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি, তখন প্রতিবেশীরা অনেকে হাসাহাসি করেছিল। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সঠিক পরিচর্যায় তৃতীয় বছর থেকেই বাম্পার ফলন আসতে শুরু করে। এ বছর বাগানে প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। আর এসব কমলা বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাগান থেকে অগ্রিম কিনে নিচ্ছেন। খরচ বাদ দিয়ে এবার ৩ থেকে ৪ লাখ টাকার মতো লাভ থাকবে বলে প্রত্যাশা তার।

কমলার এই বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়ার পর বিজয়নগরের বাগানগুলোতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা গাছ থেকে নিজ হাতে তাজা কমলা পেরে কিনছেন এবং ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক ড. মোস্তুফা এমরান হোসেন বলেন, বিজয়নগরের লালমাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল (যেমনÑ মাল্টা ও কমলা) চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

পাহাড় আর সমতলের মেলবন্ধনে বিজয়নগরের এই কমলা চাষের বিপ্লব কেবল কৃষকদের ভাগ্যই বদলে দেয়নি, বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও কৃষি পর্যটনের এক অপার সম্ভাবনা তৈরি করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে বিজয়নগরের এই সোনালি কমলা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা