× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’

শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’

দেশের ইসলামী ব্যাংকিং, তাকাফুল এবং শরীয়াহভিত্তিক অর্থায়ন খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট ২০২৬’ (BIFS 2026)-এর দ্বিতীয় আসর আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সিটি ইসলামিক এর সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মূল সামিটকে কেন্দ্র করে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ‘বিআইএফএস উইক ও আউফি ক্যাপাসিটি বিল্ডিং উইক ২০২৬’ আয়োজন করা হয়েছে।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরীয়াহ কমপ্লায়েন্ট ফিন্যান্স ইন বাংলাদেশ’ আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি: বাংলাদেশে শরীয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ। 

দেশের ইসলামী আর্থিক খাতে চলমান কাঠামোগত সংস্কার, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে এই খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। 

আয়োজক ও আন্তর্জাতিক অংশীদারত্ব

আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিএল গ্রুপ (ADL Group)-এর তত্ত্বাবধানে বাংলাদেশের শরীয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (IFAC) এবং মালয়েশিয়াভিত্তিক এডিএল অ্যাডভাইজরি (ADL Advisory) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে। এতে কৌশলগত সহযোগী হিসেবে যুক্ত রয়েছে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা আউফি (AAOIFI) এবং সিআইইএস (CIES)। 

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় প্রথমবারের মতো এই সামিট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৩০০ জন দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসরে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারক, ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহী, শরীয়াহ স্কলার, তাকাফুল অপারেটর, সম্পদ ব্যবস্থাপক এবং আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সামিট নিয়ে আয়োজকদের বক্তব্য ও প্রত্যাশা

আয়োজন সম্পর্কে সামিটের অন্যতম রূপকার, আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, "বাংলাদেশের ইসলামিক ফিন্যান্স খাত এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরীয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়ন। বিআইএফএস ২০২৬-এর মাধ্যমে আমরা দেশীয় নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকার এবং বিশ্বখ্যাত শরীয়াহ বিশেষজ্ঞদের একই ছাদের নিচে আনতে চাচ্ছি, যাতে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি আস্থাশীল ও আধুনিক ইসলামী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলা যায়।

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, "গত বছরের প্রথম আসরের ব্যাপক সাফল্যের পর এবার আমরা আরও বৃহৎ পরিসরে দ্বিতীয় আসর আয়োজন করতে যাচ্ছি। বিশেষ করে আমাদের ব্যাংকিং ও তাকাফুল খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য আউফি (AAOIFI)-এর সরাসরি তত্ত্বাবধানে বিশেষায়িত কর্মশালার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সামিট থেকে প্রাপ্ত নীতিগত সুপারিশ ও 'বিআইএফএস রেজল্যুশনস ২০২৬' দেশের শরীয়াহভিত্তিক অর্থায়ন খাতের সংস্কারে একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।

চার দিনব্যাপী আয়োজনের বিস্তারিত সূচি

প্রথম ও দ্বিতীয় দিন (২২ ও ২৩ নভেম্বর): অনুষ্ঠিত হবে ‘আউফি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম’। এতে শরীয়াহ গভর্ন্যান্স, শরীয়াহসম্মত ডকুমেন্টেশন, সুকুক (ইসলামিক বন্ড), ইসলামিক তারল্য ব্যবস্থাপনা এবং আউফি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপর চারটি বিশেষায়িত কর্মশালা পরিচালিত হবে। প্রতিদিন ৮০ থেকে ১২০ জন পেশাজীবী এতে অংশ নেবেন এবং অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক আউফি সনদ প্রদান করা হবে। 

তৃতীয় দিন (২৪ নভেম্বর): হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে মূল ফ্ল্যাগশিপ সামিট। এতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বিডা এবং এনবিআরের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ ‘রেগুলেটরস রাউন্ডটেবিল’ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইসলামী পুঁজিবাজার, সুকুক, শরীয়াহ গভর্ন্যান্স এবং প্রচলিত ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে একাধিক প্যানেল আলোচনা থাকবে। সামিটে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স আউটলুক ২০২৬’ শীর্ষক প্রতিবেদনও প্রকাশ করা হবে। 

চতুর্থ দিন (২৫ নভেম্বর): অনুষ্ঠিত হবে ‘বিআইএফএস তাকাফুল ফোরাম’। ১০০ থেকে ১৫০ জন বিশেষজ্ঞের অংশগ্রহণে এই ফোরামে বাংলাদেশের ইসলামী বীমা বা তাকাফুল খাতের নীতিমালা, ব্যবসায়িক মডেল ও শরীয়াহ পরিপালন নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশমালা তৈরি করা হবে। 

দেশি-বিদেশি শীর্ষ বক্তাদের উপস্থিতি

সামিটে দেশীয় নীতিনির্ধারকদের পাশাপাশি বিশ্বখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ও শরীয়াহ বিশেষজ্ঞরা অংশ নেবেন। আন্তর্জাতিক বক্তাদের তালিকায় রয়েছেন আউফি শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান শাইখ মুফতি মুহাম্মদ তাকি উসমানি, মালয়েশিয়ার সালিহিন শরীয়াহ অ্যাডভাইজরির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহসিন লাহসাসনা, মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরীয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস এবং মাসফিল (MASFiLaw)-এর ম্যানেজিং পার্টনার ড. শারাফুদ্দিন সোওয়েল সহ আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব।

আয়োজকদের মতে, বাংলাদেশের ইসলামী অর্থায়ন খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে। বিস্তারিত সূচি ও নিবন্ধনের তথ্য বিআইএফএস অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। https://bifs.ifscbd.com

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা