কলম্বো ভ্রমণ
আসাদুজ্জামান সম্রাট
প্রকাশ : ১৪ মিনিট আগে
ভারত মহাসাগরের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে থাকা কলম্বো নগরীর শরীরে মিশে আছে ঔপনিবেশিকতার স্মৃতি এবং সভ্যতার গভীর শিকড়
কিছু শহর আছে, যাদের শুধু চোখ দিয়ে দেখলেই হয় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। তাদের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয়, সময়ের কোনো এক অদৃশ্য দরজা খুলে গেছে। অতীত ও বর্তমান সেখানে পাশাপাশি বসবাস করে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো তেমনই এক শহর।
ভারত মহাসাগরের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে থাকা এই নগরীর শরীরে মিশে আছে পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশ ঔপনিবেশিকতার স্মৃতি, বৌদ্ধ সভ্যতার গভীর শিকড় এবং আধুনিকতার উচ্চাভিলাষী স্থাপত্য।
বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো সাদা হাতির দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে টিকিটের উচ্চমূল্যের কারণে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট কাটা হলো। ফেরার পথে শ্রীলঙ্কায় তিন দিন বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিলাম। ভিসা জটিলতা না থাকার কারণে ২০ থেকে ২২ অক্টোবরের কলম্বো সফরে আমার সবচেয়ে বেশি মন কেড়েছে শহরের বুকের মধ্যে ছড়িয়ে থাকা বেয়ার লেক। এ যেন কেবল একটি জলাশয় নয়, একটি শহরের স্মৃতির আধার। এর জলে প্রতিফলিত হয় আকাশ, গাছপালা, নগরীর সুউচ্চ ভবন আর সময়ের দীর্ঘ ছায়া। কখনও মনে হয়, লেকটি নীরবে নিজের বুকের মধ্যে কয়েক শতাব্দীর ইতিহাস আগলে রেখেছে। তার ঢেউয়ের ভাষা বোঝার চেষ্টা করলে শোনা যায় যুদ্ধের পদধ্বনি, ঔপনিবেশিক বাণিজ্যের কোলাহল, দাস মানুষের দীর্ঘশ্বাস এবং আধুনিক নগরজীবনের ব্যস্ততার শব্দ।
কলম্বোর ব্যস্ত সড়ক থেকে বেয়ার লেকের কাছে পৌঁছলে প্রথমেই চোখে পড়ে এক অদ্ভুত বৈপরীত্য। চারদিকে গাড়ির ছুটে চলা, মানুষের ব্যস্ততা, উঁচু ভবনের সারি। অথচ মাঝখানে বিস্তৃত জলরাশি যেন এক গৌতম বুদ্ধের মতো নিঃশব্দ ধ্যানমগ্ন পৃথিবী। শহরের কোলাহলকে নিজের চারপাশে রেখে লেকটি আপন মনে শুয়ে আছে। তার জল কখনও সবুজাভ, কখনও ধূসর, আবার কখনও আকাশের নীল রঙ ধারণ করে। বাতাসের সামান্য স্পর্শে পানির বুকে যে মৃদু ঢেউ ওঠে, মনে হয় কেউ যেন ইতিহাসের পুরনো পাণ্ডুলিপির পাতা উল্টে দিচ্ছে।

বেয়ার লেকের সৌন্দর্য আমাকে বারবার টেনেছে। বিশেষ করে এর পাড়ে দাঁড়িয়ে দূরের লোটাস টাওয়ারের প্রতিবিম্ব দেখলে মনে হয়, অতীতের বুকের ওপর দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ। জলাশয়ের একদিকে আধুনিকতার আকাশছোঁয়া প্রতীক, অন্যদিকে শতাব্দীপ্রাচীন ধর্মীয় স্থাপনা। প্রকৃতি, ইতিহাস ও স্থাপত্যের এমন সহাবস্থান খুব বেশি শহরে দেখা যায় না। অথচ চীনা অর্থায়নে নির্মিত এই টাওয়ার নিয়ে ভারতে ব্যাপক মিথ প্রচলিত রয়েছে। বলা হচ্ছে, এই টাওয়ার থেকেই চীন ভারতকে নজরদারির মধ্যে রাখে।

জলের নিচে ঔপনিবেশিক ইতিহাস : বেয়ার লেকের দিকে তাকিয়ে প্রথমে যে প্রশ্নটি মনে আসে তা হলো, শহরের ঠিক মাঝখানে এমন একটি বিশাল জলাশয়ের জন্ম হলো কীভাবে? এর উত্তর খুঁজতে ফিরে যেতে হয় ষোড়শ শতাব্দীতে। ১৫০৫ সালে পর্তুগিজদের আগমনের পর কলম্বো ক্রমে তাদের বাণিজ্যিক ও সামরিক ঘাঁটিতে পরিণত হয়। দুর্গের নিরাপত্তা নিশ্চিত করতে জলাভূমি ও খালকে কাজে লাগিয়ে তৈরি করা হয় প্রতিরক্ষাব্যবস্থা। স্থানীয় শাসকদের আক্রমণ থেকে দুর্গকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে জলাশয়টি খনন, বাঁধ নির্মাণ ও সংযোগ খালের মাধ্যমে বিস্তৃত করা হয়। একসময় বেয়ার লেক ছিল বর্তমানের তুলনায় অনেক বড়।
দুর্গকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাখা, নৌযানে পণ্য পরিবহন এবং সামরিক যোগাযোগে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পর্তুগিজদের পর ১৬৫৬ সালে ডাচরা কলম্বোর নিয়ন্ত্রণ নেয়। তাদের শাসনামলে লেকের প্রতিরক্ষা ও জলপথ ব্যবস্থায় পরিবর্তন আসে। লেকের মধ্যে তৈরি হয় কয়েকটি দ্বীপ। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত স্লেভার আইল্যান্ড। পরে ব্রিটিশ শাসনামলে প্রতিরক্ষার গুরুত্ব কমে গেলে বেয়ার লেক হয়ে ওঠে নৌবিহার, অবসর ও বিনোদনের জায়গা। ঊনবিংশ শতাব্দীতে এখানে নৌকাবিহার ও জলক্রীড়ার প্রচলন ছিল। অর্থাৎ যে জলাশয়ের জন্ম হয়েছিল যুদ্ধের প্রয়োজনে, সময়ের বিবর্তনে সেটিই হয়ে ওঠে নগরবাসীর বিনোদনের কেন্দ্র।
জলবায়ু নিয়ে কাজ করার কারণে শ্রীলঙ্কায় আমার সহযোদ্ধারা একটি বৈকালিক আড্ডা ও নৈশভোজের আয়োজন করেছিল লেকের পাশে পুলিশ মেস রেস্টুরেন্ট ও বারে। একেবারে লেকের কোল ঘেঁষে এই রেস্টুরেন্ট থেকে কায়াকিং করার জন্য বোটে ওঠা যায়। কলম্বোর আকাশের এই মেঘ-এই বৃষ্টির মধ্যেই ঝুম বৃষ্টির মধ্যে শ্রীলঙ্কান ডিশ আর পানীয়র সঙ্গে একটি মনোমুগ্ধকর সময় কাটালাম আমরা। বেয়ার লেকের নামের উৎপত্তি নিয়েও রয়েছে ইতিহাসের কৌতূহল। অনেকে মনে করেন, ডাচ প্রকৌশলী ডি বিয়ারের নাম থেকেই নামটির উৎপত্তি। আবার পর্তুগিজ শব্দের সঙ্গে এর সম্পর্ক থাকার কথাও বলা হয়। নামের উৎস নিয়ে মতভেদ থাকলেও লেকটির ঔপনিবেশিক ইতিহাস নিয়ে সংশয়ের অবকাশ নেই।
স্লেভার আইল্যান্ড : নামের ভেতর লুকিয়ে থাকা কান্না : বেয়ার লেকের ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় স্লেভার আইল্যান্ড। নামটির মধ্যেই রয়েছে এক অন্ধকার সময়ের পরিচয়। স্লেভ আইল্যান্ড মানে দাসদের দ্বীপ। নামটি শুনলে মনে হয়, কোনো দ্বীপের নয়, মানুষের স্বাধীনতা হরণের ইতিহাস পড়ছি। ডাচ ঔপনিবেশিক শাসনামলে গোয়া থেকে আনা দাসদের অনেকে দিনের বেলায় ডাচ পরিবারগুলোতে শ্রম দিতেন।
রাতে তাদের এই দ্বীপে ফিরিয়ে আনা হতো। আবার এর আগের পর্তুগিজ আমলেও এই এলাকায় আফ্রিকান দাস শ্রমিকদের আটকে রাখার ইতিহাসের উল্লেখ পাওয়া যায়। জলবেষ্টিত অবস্থান এবং চারপাশের ভৌগোলিক প্রতিবন্ধকতা মানুষের চলাচল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হতো। সেই অমানবিক ব্যবস্থার স্মৃতি থেকেই এই দ্বীপের ঐতিহাসিক পরিচিতি। এলাকাটি আজকের কলম্বোতে কম্পান্না ভিথিয়া নামে পরিচিত। সেখানে মানুষের চলাচল, দোকানপাট, আধুনিক ভবন, রেললাইন ও নগরজীবনের স্বাভাবিক ব্যস্ততা রয়েছে। কিন্তু নামের ইতিহাস মনে রাখলে জায়গাটিকে আর সাধারণ কোনো জনপদ বলে মনে হয় না। মনে হয়, এই রাস্তা দিয়ে একদিন হেঁটে গেছেন এমন কিছু মানুষ, যাদের নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও ছিল না।

পদ্মফুলের মিনার ও আধুনিকতার স্বপ্ন : বেয়ার লেকের জলরাশির পাশে দাঁড়িয়ে থাকা লোটাস টাওয়ার কলম্বোর আধুনিক পরিচয়ের সবচেয়ে দৃশ্যমান প্রতীক। দূর থেকে দেখলে মনে হয়, কোনো শিল্পীর কল্পনা থেকে উঠে এসেছে বিশাল এক পদ্মফুল। শ্রীলঙ্কার জাতীয় ফুল পদ্মের আদলে নির্মিত এই স্থাপনা যেন জল, আকাশ ও নগরীর মধ্যে এক নান্দনিক সেতুবন্ধ। প্রায় ৩৫৬ মিটার উচ্চতার এই টাওয়ারটি টেলিযোগাযোগ, সম্প্রচার ও পর্যটনের বহুমুখী স্থাপনা।
২০১৯ সালে এর নির্মাণ সম্পন্ন হয় এবং পরে এটি পর্যটকদের জন্যও আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে। এর ওপরের অংশে পর্যবেক্ষণ ডেক থেকে কলম্বো শহর, সমুদ্র, বন্দর ও বেয়ার লেকের বিস্তৃত দৃশ্য দেখা যায়। আমার কাছে লোটাস টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক এর অবস্থান। একদিকে ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী বেয়ার লেক, অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শ্রীলঙ্কার প্রতীক। লেকের পানিতে টাওয়ারটির প্রতিবিম্ব পড়লে মনে হয়, একটি পদ্মফুল যেন জলের গভীর থেকে উঠে আকাশ ছুঁতে চাইছে। ইতিহাসের ক্ষত পেরিয়ে একটি জাতির নতুন করে দাঁড়ানোর আকাঙ্ক্ষাও যেন এই স্থাপত্যের মধ্যে প্রতীকী হয়ে উঠেছে।

গঙ্গারামায়া : প্রার্থনার ভেতর শিল্পের অনুরণন : কলম্বোতে প্রথমেই আমি গিয়েছিলাম গঙ্গারামায়া বৌদ্ধমন্দিরে। ৫০০ শ্রীলঙ্কান রুপির টিকিট কেটে এই মন্দিরে প্রবেশ করলে কলম্বোর ব্যস্ত নগরজীবন যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। সোনালি অলংকরণ, বুদ্ধমূর্তি, কারুকাজ, ধর্মীয় প্রতীক এবং শিল্পসমৃদ্ধ স্থাপত্যের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বৌদ্ধ পণ্ডিত হিক্কাদুয়ে শ্রী সুমঙ্গলা নায়েক থেরোর উদ্যোগে মন্দিরটির যাত্রা শুরু হয়।
পরবর্তী সময়ে এটি শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে শ্রীলঙ্কার নিজস্ব শিল্পরীতির পাশাপাশি থাইল্যান্ড, চীন, মিয়ানমার ও ভারতের বৌদ্ধ ঐতিহ্যের প্রভাবও দেখা যায়। মন্দিরের জাদুঘর অংশে সংরক্ষিত রয়েছে নানা ধরনের পুরনো সামগ্রী, বুদ্ধমূর্তি, ঘড়ি, শিল্পকর্ম ও ভক্তদের দেওয়া উপহার। প্রতিটি নিদর্শন যেন নিজস্ব একটি গল্প বহন করছে। কোথাও ধর্মীয় বিশ্বাসের প্রকাশ, কোথাও শিল্পীর নিপুণ হাতের ছাপ, কোথাও আবার ইতিহাসের কোনো বিস্মৃত অধ্যায়। গঙ্গারামায়া মন্দিরের সঙ্গে বেয়ার লেকের সম্পর্কও বিশেষ তাৎপর্যপূর্ণ। লেকের পাশের জলাশয়ঘেরা সীমা মালাকা ধ্যানকেন্দ্রটি স্থাপত্যশিল্পী জেফ্রি বাওয়ার নকশায় নতুন রূপ পেয়েছে। পানির ওপর দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি যেন ধ্যানের জন্য নির্মিত এক ভাসমান প্রশান্তির দ্বীপ। চারপাশে জল, মাথার ওপর আকাশ, আর মাঝখানে নীরব প্রার্থনার স্থান। এ যেন নগরজীবনের ক্লান্ত মানুষের জন্য একটুকরো আশ্রয়।
এ ছাড়াও আমি কলম্বোর সমুদ্রতীরবর্তী গল ফেস গ্রিন ঘুরে দেখেছি। সেখানে ব্রিটিশ শাসনামলের শতাব্দীপ্রাচীন হোটেলের পাশেই আধুনিক সব নির্মাণ, ডাচ হাসপাতাল, শ্রীলঙ্কার পুরনো সংসদ ভবন, বহুবিতর্কিত পোর্ট সিটি কলম্বো, স্বাধীনতা স্কয়ার, সিটি হলসহ বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছি আর ইতিহাসের অনুসন্ধান করেছি। গলফ গ্রিনে ভারত মহাসাগরের ঢেউ এসে আছড়ে পড়ে পাথুরে তীরে। বিকালে পরিবার, শিশু ও তরুণদের সমাগমে জায়গাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সূর্যাস্তের সময় আকাশে লাল, কমলা ও সোনালি রঙের যে অপূর্ব মিশ্রণ তৈরি হয়, তা যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাসে আঁকা এক মহাকাব্য। সমুদ্রের বুক থেকে উঠে আসা বাতাস মানুষের মনকে দূর কোনো অজানার দিকে টেনে নিয়ে যায়।
আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের আগেই শ্রীলঙ্কায় একটি অভ্যুত্থান হয়ে গেল। আন্তর্জাতিকভাবে দেউলিয়া রাষ্ট্রটি ঘুরে দাঁড়িয়েছে অবিশ্বাস্যভাবে। রাস্তাঘাটে শৃঙ্খলা, মানুষের আইন মানার প্রবণতা কিংবা শহরকে পরিষ্কার রাখার যে প্রবণতা দেখতে পেয়েছি তা আমাদের উপমহাদেশে কোথাও নেই এ কথা হলফ করেই বলা যায়। একটি শহরের সৌন্দর্য তার সুউচ্চ ভবন কিংবা সাজানো সড়কে সীমাবদ্ধ থাকে না। সৌন্দর্য থাকে তার স্মৃতিতে, মানুষের সংগ্রামে, সংস্কৃতির বৈচিত্র্যে এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্কের গভীরে। কলম্বো সেই অর্থে শুধু শ্রীলঙ্কার রাজধানী নয়, এটি ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। আর বেয়ার লেক আমার কাছে কেবল একটি জলাশয় হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে এক নীরব ইতিহাসবেত্তা। যে কথা বলে না, অথচ যার প্রতিটি ঢেউয়ে লেখা আছে শতাব্দীর গল্প।