কোথায় কবে পরীক্ষা
ফারুক হাসান
প্রকাশ : ১৮ মিনিট আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ইউজিসির আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন এনেছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ে কবে শুরু হচ্ছে আবেদন, আর কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা- জেনে নেওয়া যাক বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়
পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে ভর্তিতে আবেদন শুরু হবে ২১ নভেম্বর ২০২৬।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১১ নভেম্বর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই বিশ্ববিদ্যালয় আবেদনের সময় অপরিবর্তিত রেখেছে। ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত দিন আবেদনের সুযোগ পাবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গত বুধবার ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ২০২৭ ‘ই’, ১৫ জানুয়ারি ২০২৭ ‘বি’, ২২ জানুয়ারি ২০২৭ ‘সি’ ও ২৩ জানুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন ১৫ নভেম্বর (আজ) শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি ২০২৭ ‘সি’, ৩০ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এমআইএসটি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ে ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষার তারিখ ছিল ৫ ডিসেম্বর ২০২৬।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল।
মেডিকেল ও ডেন্টাল কলেজ
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।