× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ-৩১

বৈশ্বিক যুব ডেলিগেটসদের ঐতিহাসিক দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

বৈশ্বিক যুব ডেলিগেটসদের ঐতিহাসিক দাবি

প্রতীকী প্রতিনিধিত্ব এবং দায়সারা আলোচনা প্রত্যাখ্যান করে, COP31 (৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন)-এ ১৫টি দেশের যুব প্রতিনিধি ও জলবায়ু অধিকারকর্মীরা এক ঐতিহাসিক আলটিমেটাম দিয়েছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তরুণদের আর কেবল সম্মেলনের বক্তা হিসেবে গণ্য করা চলবে না; বরং জাতীয় ও বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের মূল রূপকার, সিদ্ধান্ত গ্রহণকারী এবং প্রধান বাস্তবায়নকারী হিসেবে তাদের স্বীকৃতি দিতে হবে।

ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (YOUCAN)-এর উদ্যোগে কপ-৩১-এর ব্লু জোনে আয়োজিত এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকের শিরোনাম ছিল- যুবসমাজ নীতিনির্ধারণের টেবিলে: বৈশ্বিক জলবায়ু নীতিতে যুব প্রতিনিধিত্ব, অংশগ্রহণ এবং প্রভাব জোরদারকরণ। 

সেশনের মাধ্যমে ফাঁকা বুলি থেকে কাঠামোগত জবাবদিহিতার দিকে আলোচনার মোড় ঘোরানো হয়। বৈঠকটি পরিচালনা করেন ইউক্যানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। তিনি জোর দিয়ে বলেন যে, যুব অংশগ্রহণকে সাময়িক বা বিচ্ছিন্ন আমন্ত্রণ হিসেবে না রেখে স্থায়ী প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ করতে হবে।

মাঠপর্যায়ের কণ্ঠস্বর: তরুণ নেতাদের বক্তব্য

বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতা এবং মহাদেশীয় দাবিগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক যুব প্রতিনিধিরা কাঠামোগত পরিবর্তনের দাবি জানান।

দক্ষিণ এশিয়ার জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতার কথা তুলে ধরে ফুটস্টেপসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের শাহ রাফায়েত চৌধুরী বলেন, প্রথম সারির দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যৎ হুমকি নয় এটি জীবন ও জীবিকার ওপর প্রতিদিনের এক সংকট। তরুণরা ইতিমধ্যেই মাঠপর্যায়ে কমিউনিটিভিত্তিক অভিযোজন বাস্তবায়ন করছে; তাই তাদের কেবল বাইরের দর্শক বা আলোচক নয়, বরং মূল বাস্তবায়নকারী হিসেবে ক্ষমতা দিতে হবে।

আফ্রিকান মহাদেশের পক্ষে কথা বলতে গিয়ে ইথিওপিয়ার বেজা মাকু মান্দেফ্রো উল্লেখ করেন যে, বৈশ্বিক কার্বন নিঃসরণে আফ্রিকার অবদান সর্বনিম্ন হওয়া সত্ত্বেও তারা সবচেয়ে বড় বোঝা বহন করছে। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অংশগ্রহণ প্রতীকী হতে পারে না এটি সরাসরি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং যুবনেতৃত্বাধীন অভিযোজনের নির্বাহী ক্ষমতায় রূপ নিতে হবে।

আফ্রিকান গ্রুপ অফ নেগোশিয়েটরস (AGN)-এর যুব আলোচক আদিগাও আলভিন ওয়েনিয়া নীতিগত সংহতির ওপর জোর দিয়ে বলেন, প্রকৃত অন্তর্ভুক্তি মানে হলো তরুণ আলোচক ও কর্মীরা নীতি চূড়ান্ত হওয়ার পরে নয়, বরং তার আগেই জাতীয় পরিকল্পনা (NAP এবং NDC) প্রণয়নের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে থাকবেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষ থেকে জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) অস্ট্রেলিয়ার যুবদূত জোয়েল কোবার্ন বলেন, সরকারগুলোর উচিত যুব অংশগ্রহণকে কেবল নিয়মরক্ষার কাজ মনে করা বন্ধ করে আমাদের ভবিষ্যৎ সহ-পরিকল্পনাকারী হিসেবে অংশীদার করা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জলবায়ু সংকটের কথা তুলে ধরে কম্বোডিয়ার লিজা চিয়ান জানান, উপকূলীয় ভাঙন থেকে শুরু করে কৃষি খাতে ধস অঞ্চলের তরুণরা বাস্তুতন্ত্রের চরম বিপর্যয় প্রত্যক্ষ করছে। তাই স্থানীয় সমাধানগুলোকে জাতীয় সরকারের সমর্থন জোগানোর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা জরুরি।

ভারতের ড. সাক্ষ্মী ভরদ্বাজ প্রশাসনিক বাধাগুলোর কথা উল্লেখ করে বলেন, ভিসা সংক্রান্ত জটিলতা এবং বৈশ্বিক ফোরামে অসম প্রবেশাধিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়। সত্যিকারের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের শুরুটা এই বাধা দূর করার মাধ্যমেই হতে হবে।

জলবায়ু অভিবাসন বিষয়ে কথা বলতে গিয়ে যুব প্রতিনিধি আলেক্সা সিলভা ভারেলা বলেন, জলবায়ু স্থানচ্যুতি আমাদের প্রজন্মকে নতুনভাবে রূপ দিচ্ছে। বাস্তুচ্যুতি ও ক্ষতির শিকার তরুণদের আন্তর্জাতিক অভিযোজন কাঠামো এবং লস অ্যান্ড ড্যামেজ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত থাকতে হবে।

ল্যাটিন আমেরিকার প্রতিবেশ সুরক্ষার বিষয়ে ব্রাজিলের তাতায়ানা যোগ করেন যে, গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের রক্ষক হিসেবে স্থানীয় সম্প্রদায়গুলো জবাবদিহিতা দাবি করে। বৈশ্বিক জলবায়ু অর্থায়ন যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায়, সেজন্য যুব নেতৃত্বকে রাষ্ট্রীয় পর্যায়ের বাস্তবায়নে অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশের পক্ষ থেকে 'শাইনিং লাইফ'-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাইনুল ইসলাম ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে জলবায়ুর ক্রমবর্ধমান অভিঘাত মোকাবিলায় তৃণমূল পর্যায়ের অভিযোজন কৌশল এবং যুব-নেতৃত্বাধীন স্থিতিস্থাপকতা কর্মসূচির অপরিহার্যতা তুলে ধরেন।

প্রাতিষ্ঠানিক আমূল সংস্কারের ৬টি মূল দাবি

এই ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে ১৫ দেশের প্রতিনিধিদল সরকার, ইউএনএফসিসিসি (UNFCCC) এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সুনির্দিষ্ট কাঠামোগত দাবি পেশ করেছে:

১. বক্তা নয়, বাস্তবায়নকারী: প্রাতিষ্ঠানিক কাঠামো এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে যুব-নেতৃত্বাধীন সংস্থাগুলো কেবল বাহ্যিক উপদেষ্টা না হয়ে জাতীয় জলবায়ু কর্মসূচির সক্রিয় বাস্তবায়নকারী হিসেবে আইনগত ও কাঠামোগতভাবে যুক্ত থাকে।

২. জলবায়ু পদক্ষেপে দেশীয় ও মহাদেশীয় সার্বভৌমত্ব: বৈশ্বিক জলবায়ু নীতিমালাকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও উন্নয়নশীল দেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজাতে হবে, যেন অভিযোজন ও প্রশমন তহবিল সরাসরি তৃণমূলের স্থিতিস্থাপকতা বাড়াতে ব্যবহৃত হয়।

৩. স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো: জাতীয় জলবায়ু মন্ত্রণালয়গুলোর অধীনে নির্দিষ্ট বাজেট ও স্বচ্ছ তদারকব্যবসহ স্থায়ী এবং আইনসম্মত যুব উপদেষ্টা পরিষদ ও ফোকাল পয়েন্ট গঠন করতে হবে।

৪. প্রাথমিক পর্যায়ে জবাবদিহিতা ও নীতি সংযুক্তি: নীতিনির্ধারণের প্রাথমিক ধাপেই যুব পরামর্শ নিশ্চিত করতে হবে এবং যুবদের প্রস্তাবগুলো কীভাবে জাতীয় জলবায়ু পরিকল্পনা (NDC ও NAP)-তে যুক্ত হয়েছে, তার একটি স্পষ্ট জবাবদিহিতা প্রতিবেদন প্রকাশ করতে হবে।

৫. প্রশাসনিক ও আর্থিক বাধা দূরীকরণ: গ্লোবাল সাউথের তরুণদের আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় অংশ নেওয়া বাধাগ্রস্ত করে—এমন ভিসা কড়াকড়ি, যাতায়াত ও অর্থায়নসংক্রান্ত বৈষম্যমূলক কাঠামো অবিলম্বে দূর করতে হবে।

৬. সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়ন: যুব-নেতৃত্বাধীন অভিযোজন, স্থানীয় লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলা এবং কমিউনিটিভিত্তিক জলবায়ু সুরক্ষায় সরাসরি ও সহজলভ্য অনুদান বরাদ্দ নিশ্চিত করতে হবে।

জলবায়ু ন্যায়বিচারের পক্ষে একাট্টা অবস্থান

প্রাতিষ্ঠানিক সংস্কার ও পৃথিবীর টিকে থাকাকে এক সূত্রে গেঁথে প্রতিনিধিরা পুনর্ব্যক্ত করেছেন যে, কাঠামোগত বৈষম্য দূর না করলে প্রকৃত জলবায়ু ন্যায়বিচার অর্জন অসম্ভব। এই প্রতিনিধিদল বিশ্বনেতাদের প্রতি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত ও ন্যায়সঙ্গত উত্তরণ, উন্নয়নশীল অর্থনীতির জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং লস অ্যান্ড ড্যামেজের কার্যকর সহায়তার জোরালো দাবি জানিয়েছে।

কপ-৩১ চলাকালীন ১৫ জাতির এই ব্লকের বার্তাটি অত্যন্ত স্পষ্ট: প্রতীকী যুব অংশগ্রহণের যুগ ফুরিয়ে এসেছে। সরকার ও আন্তর্জাতিক সংস্থাসগুলোকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা মাঠপর্যায়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে যাওয়া এই প্রজন্মকে প্রকৃত অংশীদার হিসেবে ক্ষমতাায়ন করবে কি না।

ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (YOUCAN) হলো একটি যুব-নেতৃত্বাধীন জলবায়ু সংগঠন, যা তৃণমূল পর্যায়ের আন্দোলন, অ্যাডভোকেসি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশগত স্থায়িত্ব এবং নীতি নির্ধারণে অর্থবহ যুব অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা