× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্রনাথের নোবেলপূর্ব কাব্য ও নাট্যসাহিত্য

আসাদ জামান

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১৫:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি গ্রন্থ ‘Song Offerings’-এর জন্য ১৯১৩ সালের ১৩ নভেম্বর নোবেল পুরস্কার পান। প্রচলিত ধারণা হলো, রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এ তথ্য পুরোপুরি নির্ভুল নয়। কারণ, Song Offerings শুধু বাংলা গীতাঞ্জলি-এর অনুবাদ নয়, বরং গীতাঞ্জলি (৫৩টি), গীতিমাল্য (১৬টি), নৈবেদ্য (১৫টি), খেয়া (১১টি), শিশু (৩টি), চৈতালি (১টি), স্মরণ (১টি), কল্পনা (১টি), উৎসর্গ (১টি) এবং অচলায়তন (১টি) থেকে নির্বাচিত ১০৩টি কবিতা এবং গানের ইংরেজি অনুবাদ। 

অবশ্য ‘গীতিঞ্জলি’ শব্দের অর্থ ‘গানের অর্ঘ্য’, আবার ‘Song Offerings’-এর বাংলা করলেও দাঁড়ায় ‘গানের অর্ঘ্য’। সেই সুবাদে কেউ ‘Song Offerings’-কে গীতাঞ্জলি বলতে চাইলে বলতে পারেন, তবে সেটা তত্ত্বের দিক থেকে সঠিক হলেও তথ্যের দিক থেকে সঠিক নয়। 

রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির ১১৩ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে আমাদের আলোচনা ‘Song Offerings’-এ স্থান পাওয়া গীতাঞ্জলি বা অন্য নয়টি কাব্য ও নাটকের গান-কবিতা শুধু নয়, বরং নোবেল পুরস্কার পাওয়ার আগে প্রকাশিত তার ২৪টি কাব্য এবং ২২টি নাটকে স্থান পাওয়া গান এবং কবিতা নিয়ে। মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন গান ও কবিতার জন্য, গদ্যের জন্য নয়। যদিও নোবেল পুরস্কার পাওয়ার আগেই রবীন্দ্রনাথের অন্তত ৪০টি গদ্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল!

গান, কবিতা, নাটক, প্রহসনের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের ভান্ডারকে অভাবনীয়ভাবে সমৃদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ। নোবেল পুরস্কার তার সাহিত্যিক পরিচিতির সূচনা নয়; বরং দীর্ঘদিনের সাহিত্য সাধনার আন্তর্জাতিক স্বীকৃতি।

রবীন্দ্রনাথের সাহিত্যজীবনের সূচনা কবিতা দিয়ে। তার প্রথমদিকের ‘কবি-কাহিনী’ (১৮৭৮), ‘বনফুল’ (১৮৮০), ‘ভগ্নহৃদয়’ (১৮৮১), ‘সন্ধ্যাসংগীত’ (১৮৮২), ‘প্রভাতসংগীত’ (১৮৮৩), ‘শৈশবসংগীত’ (১৮৮৪), ‘ছবি ও গান’ (১৮৮৪) কাব্যে একদিকে যেমন কৈশোর ও যৌবনের আবেগ, প্রকৃতি ও সৌন্দর্যচেতনা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনি ধীরে ধীরে গড়ে উঠেছে তার স্বতন্ত্র কাব্যভাষা। 

‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ (১৮৮৪)-তে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলির আবহকে নতুন কাব্যসৃষ্টির মাধ্যমে ব্যবহার করে তিনি নিজের কবিত্বের এক অভিনব পরিচয় দেন। পরে ‘কড়ি ও কোমল’ (১৮৮৬), ‘মানসী’ (১৮৯০), ‘সোনার তরী’ (১৮৯৪), ‘নদী’ (১৮৯৬), ‘চিত্রা’ (১৮৯৬), ‘চৈতালি’ (১৮৯৬), ‘কণিকা’ (১৮৯৯), ‘কথা ও কাহিনী’ (১৯০০), ‘কল্পনা’ (১৯০০), ‘ক্ষণিকা’ (১৯০০), ‘নৈবেদ্য’ (১৯০১), ‘স্মরণ’ (১৯০৩), ‘শিশু’ (১৯০৩), ‘উৎসর্গ’ (১৯০৪) এবং ‘খেয়া’ (১৯০৬) কাব্যগ্রন্থে তার কবিসত্তা ক্রমে পরিণত ও গভীর হয়ে ওঠে।

‘মানসী’ রবীন্দ্রকাব্যের একটি গুরুত্বপূর্ণ বাঁক। এখানে ব্যক্তিমানস, প্রেম, প্রকৃতি, সৌন্দর্য ও জীবনদর্শনের নতুন সমন্বয় দেখা যায়। ‘সোনার তরী’তে জীবন ও প্রাপ্তি-অপ্রাপ্তির প্রতীকী ব্যঞ্জনা, ‘চৈতালি’তে প্রকৃতি ও জীবনের অন্তরঙ্গ সম্পর্ক এবং ‘নৈবেদ্য’ ও ‘খেয়া’য় আত্মজিজ্ঞাসা, আধ্যাত্মিকতা ও মৃত্যুচেতনা রবীন্দ্রকাব্যকে আরও গভীর মাত্রা দিয়েছে। এই দীর্ঘ কাব্যযাত্রারই এক পর্যায়ে আসে ‘গীতাঞ্জলি’, যা তার আন্তর্জাতিক পরিচিতির অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে।

বাল্যকাল থেকে কাব্যলোকে পরিভ্রমণ করতে করতে ‘নোবেল’ পর্যন্ত পৌঁছানোর আগেই রবীন্দ্রনাথের ২৪টি কাব্যগ্রন্থ প্রকাশ পায়। ‘বনফুল’ থেকে ‘গীতঞ্জলি’ পর্যন্ত কাব্যে মানুষের চিত্ত হরণ করার মতো হাজার হাজার পঙ্‌ক্তি রয়েছে। 

যেমনÑ সখী, ভাবনা কাহারে বলে/ সখী, যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী/ ভালোবাসা, ভালোবাসা/ সখী ভালোবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময় (ভগ্নহৃদয়); আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের ’পর,/ কেমনে পশিল গুহার আঁধারে/ প্রভাত-পাখির গান (নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রভাতসংগীত); বৈরাগ্য সাধনে মুক্তি/ সে আমার নয়/ অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময়/ লভিব মুক্তির স্বাদ/ এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি (নৈবেদ্য); তোমার অসীমে প্রাণমন লয়ে/ যত দূরে আমি যাই/ কোথাও দুঃখ, কোথাও মৃত্যু/ কোথা বিচ্ছেদ নাই (গীতাঞ্জলি) ইত্যাদি।

এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ‘Song Offerings’-এ ‘গীতিমাল্য’ কাব্যের ১৬টা কবিতা/গান স্থান পেলেও এ কাব্যটি ‘Song Offerings’ প্রকাশের দুই বছর পর এবং নোবেল পুরস্কার পাওয়ার এক বছর পর অর্থাৎ ১৯১৪ সালে প্রকাশিত হয়। যেহেতু এ কাব্যের কবিতাগুলো নোবেল পুরস্কার পাওয়ার আগেই লেখা হয়েছিল এবং ‘Song Offerings’-এ দ্বিতীয় সর্বাধিক কবিতা এ কাব্য থেকে স্থান পেয়েছিল, সেহেতু আজকের আলোচনায় এ কাব্যের কবিতা বা গানগুলো প্রাসঙ্গিক।

নৈবেদ্য থেকে গীতাঞ্জলি হয়ে রবীন্দ্রসাহিত্যের যে অধ্যাত্মবাদের তীর সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তা যেন ঠিকানা খুঁজে পেয়েছিল ‘গীতিমাল্য’তে এসে। এ গ্রন্থের প্রায় প্রতিটি গানে আমরা সেই অধ্যাত্মবাদের সুর অনুরণিত হতে দেখি।

মানবাত্মার সঙ্গে পরম সত্তার এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক প্রকাশিত হয়েছে গানগুলোতে। ‘আমারে তুমি অশেষ করেছ’ গানে স্রষ্টার অসীম সৃষ্টিশক্তির কাছে মানুষের আত্মসমর্পণ ধ্বনিত। মানুষ নিজেকে ক্ষয়শীল মনে করলেও ঈশ্বরের লীলায় তার জীবন বারবার নবীন হয়ে ওঠে। ‘ফুরায়ে ফেলে আবার ভরেছ/ জীবন নব নব’ পঙ্‌ক্তিতে তাই ধ্বংসের মধ্যেও নবসৃষ্টির আধ্যাত্মিক প্রত্যয় নিহিত।

রবীন্দ্রনাথের কাব্য এবং নাট্যসাহিত্য হাত ধরাধরি করে চলেছে। যে বছর ‘ভগ্নহৃদয়’ (১৮৮১) কাব্য বের হয় সেই বছরই তার প্রথম নাটক ‘বাল্মিকী প্রতিভা’ প্রকাশিত হয়। সে সময় কবির বয়স ছিল মাত্র ২০ বছর। এরপর একে একে ‘রুদ্রচণ্ড’ (১৮৮১), ‘কালমৃগয়া’ (১৮৮২), ‘নলিনী’ (১৮৮৪), ‘প্রকৃতির প্রতিশোধ’ (১৮৮৪), ‘মায়ার খেলা’ (১৮৮৮), ‘রাজা ও রানী’ (১৮৮৯), ‘বিসর্জন’ (১৮৯০), ‘চিত্রাঙ্গদা’ (১৮৯২), ‘গোড়ায় গলদ’ (১৮৯২), ‘বিদায় অভিশাপ’ (১৮৯৩), ‘মালিনী’ (১৮৯৬), ‘বৈকুণ্ঠের খাতা’ (১৮৯৭), ‘কাহিনী’ (১৯০০), ‘হাস্যকৌতুক’ (১৯০৭), ‘ব্যঙ্গকৌতুক’ (১৯০৭), ‘শারদোৎসব’ (১৯০৮), ‘মুকুট’ (১৯০৮), ‘প্রায়শ্চিত্ত’ (১৯০৯), ‘রাজা’ (১৯১০), ‘অচলায়তন’ (১৯১২), ‘ডাকঘর’ (১৯১২) বের হয়। ১৯১৩ সালের ১৩ নভেম্বর নোবেল পুরস্কার পাওয়ার আগেই রবীন্দ্রনাথের অন্তত ২২টি নাটক ও প্রহসন প্রকাশিত হয়। 

এগুলোর নিবিড় পাঠ থেকে স্পষ্ট বোঝা যায়, নাট্যকার হিসেবেও তিনি বাংলা নাট্যসাহিত্যে নতুন ভাষা ও ভাবনার জন্ম দিয়েছেন। তার ‘রুদ্রচণ্ড’, ‘কালমৃগয়া’, ‘নলিনী’, ‘প্রকৃতির প্রতিশোধ’ ও ‘মায়ার খেলা’ নাটকে সংগীত, নৃত্য, কাব্য ও নাট্যরূপের নানা পরীক্ষা দেখা যায়। পরবর্তী সময়ে ‘রাজা ও রানী’, ‘বিসর্জন’, ‘চিত্রাঙ্গদা’, ‘মালিনী’ প্রভৃতি নাটকে মানবিক দ্বন্দ্ব, ধর্মীয় সংকীর্ণতা, আত্মত্যাগ, প্রেম ও স্বাধীনতার প্রশ্ন বিশেষ গুরুত্ব পায়।

রবীন্দ্রনাথের নোবেলপূর্ব নাট্যভাবনার আরও পরিণত রূপ দেখা যায় ‘শারদোৎসব’, ‘রাজা’, ‘অচলায়তন’, ‘ডাকঘর’ নাটকে। ‘অচলায়তন’-এ জড়তা ও অন্ধ আনুষ্ঠানিকতার বিরুদ্ধে জীবনের মুক্তির আহ্বান, আর ‘ডাকঘর’-এ শিশুমনের স্বাধীনতা ও সীমাবদ্ধতার প্রতীকী প্রকাশ রবীন্দ্রনাট্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

প্রহসন ও হাস্যরসের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ ছিলেন স্বতন্ত্র। ‘গোড়ায় গলদ’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘হাস্যকৌতুক’, ‘ব্যঙ্গকৌতুক’, ‘মুকুট’ ও ‘প্রায়শ্চিত্ত’-এর মতো রচনায় সমাজের নানা অসঙ্গতি, মানুষের দুর্বলতা এবং প্রচলিত মানসিকতার ওপর তার সূক্ষ্ম রসিক দৃষ্টি প্রকাশ পেয়েছে। তার হাস্যরস কখনও নিছক বিনোদন নয়; অনেক সময় তার আড়ালে রয়েছে তীক্ষ্ণ সামাজিক পর্যবেক্ষণ।

কিন্তু এসব কিছু ছাপিয়ে রবীন্দ্রনাথের নাট্যসাহিত্যে বিশেষ করে তার গীতিনাট্যগুলোতে ব্যবহৃত গান মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিল। নাটকের অন্তর্নিহিত ভাব ও তত্ত্বের নিগূঢ় রহস্য সাহিত্যের চিরায়ত রসাস্বাদনের পথকে রুদ্ধ করেনি। 

২৭ বছর বয়সে রচিত ‘মায়ার খেলা’ নাটকে ‘‘আমার পরান যাহা চায়/ তুমি তাই, তাই গো/ তোমা ছাড়া আর এ জগতে/ মোর কেহ নাই কিছু নাই গো’, ‘অলি বারবার ফিরে যায়/ অলি বারবার ফিরে আসে/ তবে তো ফুল বিকাশে/ কলি ফুটিতে চাহেÑ ফোটে না/ মরে লাজে, মরে ত্রাসে’ গানগুলো রবীন্দ্রনাথকে বিশ্বজয়ের পথে ধীরে ধরে এগিয়ে নিয়ে যায়। এরপর ‘চৈতালি’ (১৮৯৬), ‘কল্পনা’ (১৯০০), ‘নৈবেদ্য’ (১৯০১), ‘স্মরণ’ (১৯০৩), ‘শিশু’ (১৯০৩), ‘উৎসর্গ’ (১৯০৪) এবং ‘খেয়া’ (১৯০৬)-এর পথ বেয়ে ‘গীতিঞ্জলি’ ও ‘গীতিমাল্য’তে গিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। কবির মাথায় শোভা পায় বিশ্বজয়ের মুকুট।

শুধু ‘মায়ার খেলা’ নাটকের গান নয়, রবীন্দ্রনাথকে বিশ্বপরিচিতি এনে দেওয়ার পেছনে ১৯১০ সালে প্রকাশিত ‘রাজা’ নাটকের ‘খোলো খোলো দ্বার/ রাখিয়ো না আর/ বাহিরে আমায় দাঁড়ায়ে/ দাও, সাড়া দাও/ এই দিকে চাও/ এসো দুই বাহু বাড়ায়ে’, ‘‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/ নইলে মোরা রাজার সনে মিলব কী স্বত্বে’, ‘আমি রূপে তোমায় ভোলাব না/ ভালোবাসায় ভোলাব/ আমি হাত দিয়ে দ্বার খুলব না গো/ গান দিয়ে দ্বার খোলাব’, ‘আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী/ আমি সকল দাগে হব দাগী/ তোমার পথের কাঁটা করব চয়ন/ যেথা তোমার ধুলার শয়ন/ সেথা আঁচল পাতব আমার/ তোমার রাগে অনুরাগী’ গানগুলো কালের সীমানা পেরিয়েছে। 

নোবেল পুরস্কার পাওয়ার আগে ১৯১২ সালে প্রকাশিত ‘অচলায়তন’ নাটকের গান ‘আলো আমার আলো, ওগো আলোয় ভুবন-ভরা/ আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয়-হরা/ নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে/ বীণা বাজায়, বাজায়, ও ভাই, আমার প্রাণের কাছে’, ‘Light, my light, the world is filled with your radiance/ You wash my eyes with light and steal away my heart/ The light dances, dances, O brother, close to my soul/ The vina plays, keeps playing, O brother, close to my soul’ রূপে অনূদিত হয়ে `‍Song Offrings’-এ জায়গা করে নেয়।

সুতরাং নোবেল পুরস্কার রবীন্দ্রনাথের সাহিত্যিক যাত্রার শীর্ষবিন্দুগুলোর একটি, সূচনাবিন্দু নয়। ইউরোপীয় পাঠকের কাছে তার নামকে বিশ্বপরিচিত করে তুলতে ‘Song Offrings’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর পেছনে ছিল কয়েক দশকের বাংলা সাহিত্যসাধনা। কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও গদ্যের যে বিপুল ভুবন তিনি তার আগেই নির্মাণ করেছিলেন, সেটিই তাকে বিশ্বসাহিত্যের দরবারে স্বতন্ত্র মর্যাদা পাওয়ার যোগ্য করে তুলেছিলÑ এটা নির্দ্বিধায় বলা যায়।

সেই অর্থে ১৯১৩ সালের রবীন্দ্রনাথকে বুঝতে হলে শুধু ‘গীতাঞ্জলি’ বা ‘Song Offrings’ পড়লেই হয় না; ফিরে তাকাতে হয় তার আগের কয়েক দশকের সেই বিপুল সৃষ্টিসম্ভারের দিকে। কারণ, রবীন্দ্রনাথ এক দিনে তৈরি হননি। তার বিশ্বজয়ী পরিচয়ের ভিত গড়ে উঠেছিল বহু বছরের নিরলস সাহিত্যসাধনা, পরীক্ষা-নিরীক্ষা এবং বাংলা ভাষার প্রতি গভীর দায়বদ্ধতার মধ্য দিয়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা