মোহাম্মদ আজম
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম
হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর অনেক দিন অতিবাহিত হয়েছে। জনপ্রিয় লেখক হিসেবে তার প্রতিষ্ঠা এখনও প্রায় সম্পূর্ণরূপে অব্যাহত আছে। তার লেখালেখি নিয়ে নতুন নাটক হয়েছে, বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে এবং সেই সিনেমাগুলো বিপুলভাবে দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এটি একদিক থেকে লেখক হিসেবে হুমায়ূন আহমেদের শক্তিমত্তার প্রমাণ।
তবে এর চেয়েও জরুরি ব্যাপার হলোÑ হুমায়ূন আহমেদের লেখালেখি নিয়ে বেশ কিছু একাডেমিক গবেষণা হয়েছে। কয়েকটি পিএইচডি গবেষণাসন্দর্ভ ও তা থেকে রচিত বই প্রকাশিত হয়েছে, এবং বাংলা ও ইংরেজিতে বেশ কিছু গবেষণা প্রবন্ধও লেখা হয়েছে। ক্রমশ একজন জনপ্রিয় লেখক হিসেবে এবং জনসংস্কৃতির উপাদান হিসেবে তার গুরুত্ব যেমন প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের রচয়িতা হিসেবেও হুমায়ূন আহমেদ অধিকতরভাবে বিশ্লেষিত হবেনÑ এমন সব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।
হুমায়ূন আহমেদের জীবদ্দশায় কিংবা তার মৃত্যুর পর বিপুলসংখ্যক নতুন লেখক তার ভঙ্গিতে লেখার চেষ্টা করেছেন। বিশেষত নবীন কথাসাহিত্যিকদের মধ্যে এই প্রবণতা খুব বেশি দেখা গেছে; ভিজ্যুয়াল মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা প্রচুর। নতুন লেখকদের একটি অংশ কেন হুমায়ূন আহমেদকে অনুসরণ করছেন, তা বোঝা বা ব্যাখ্যা করা অবশ্য খুব জটিল কিছু নয়।
হুমায়ূন আহমেদ যে সাফল্য পেয়েছেন, তা এককথায় তুলনাহীন। আর্থিক সাফল্য, খ্যাতির সাফল্য এবং সাধারণের মাঝে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠার সাফল্য যেকোনো মানুষেরÑ বিশেষত লেখক ও সংস্কৃতিজীবীদের স্বপ্নের বিষয়। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা তেমন কাউকে দেখিনি, যিনি হুমায়ূন আহমেদের মতো সাফল্য অর্জন করতে পেরেছেন। এর একটি কারণ তো এই যে, আরেকজন হুমায়ূন আহমেদকে পাঠক বা দর্শক অন্তত হুমায়ূন আহমেদের মতো করে কিছুতেই মেনে নেবেন না। অন্য কারণ হয়তো এই যে, যারা অনুকরণ করেছেন তারা ওরকম প্রতিভার পরিচয় দিতে পারেননি।
তবে মূল কারণ আসলে এগুলো নয়। মূল কারণ এই যে, হুমায়ূনের সারল্য একটি আপেক্ষিক সারল্য মাত্র। হুমায়ূনের গদ্য সম্পর্কে এ কথাটি খুবই মনে রাখা দরকার যে, তিনি সরল বাক্যে লিখতেন ঠিকই, কিন্তু সরল বাক্য দিয়েই তিনি জটিল কিংবা যৌগিক বাক্যের কাজ অসাধারণভাবে সম্পন্ন করে নিতেন। সরল বাক্যের বিপরীতে জটিল এবং যৌগিক বাক্যের প্রধান কাজ কী? জটিল বাক্য কার্যকারণ সম্পর্কের একটি চমৎকার শৃঙ্খলা আমাদের সামনে হাজির করে। আর যৌগিক বাক্য পূর্বের অংশের সঙ্গে পরের অংশের একটি অচ্ছেদ্য যোগ তৈরির মাধ্যমে একধরনের কার্যকারণ সম্পর্ক এবং প্রবহমানতা তৈরি করে।
হুমায়ূনের গদ্যের সবচেয়ে গোপন ও গভীর বৈশিষ্ট্য হলোÑ তিনি খুব ছোট ছোট সরল বাক্যের মধ্যেই এ দুটি কাজ চমৎকারভাবে সেরে ফেলতেন। একদিকে গতি তৈরি করতে পারতেন, এবং একই সঙ্গে কার্যকারণ সম্পর্কও অব্যাহত রাখতেন। এই জটিলতার মীমাংসা করা মোটেই সহজ কাজ নয়। কেবল ছোট ও সরল বাক্য হুমায়ূন আহমেদের গদ্যের অসামান্য শক্তিমত্তা বা আকর্ষণ ব্যাখ্যা করার জন্য মোটেই যথেষ্ট নয়।
তবে এই গদ্যের বহিরঙ্গের বাইরে আরও একটি অন্তরঙ্গ দিক আছে, যার কারণে কেবল অনুকরণ করে হুমায়ূন আহমেদের মতো লেখা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। আর সেটি হলোÑ ‘লেখক-ব্যক্তিত্ব’। হুমায়ূন আসলে একেবারে প্রথম লেখা থেকেই এক অসাধারণ ও অমোচনীয় লেখক-ব্যক্তিত্ব অর্জন করেছিলেন। বাইরের দিক থেকে তা এতই প্রভাবশালী যে, হুমায়ূন আহমেদের যেকোনো লেখা কারও সামনে উপস্থাপন করলেই তিনি বুঝে ফেলবেন এটি কোন লেখকের রচনা। যেকোনো লেখকের জন্যই এ এক চমৎকার প্রাপ্তি।
তবে হুমায়ূনের প্রাপ্তি ও সক্ষমতা কেবল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়; তা আরও গভীরতর ও জটিল পর্যায়ে পরিব্যাপ্ত। সেই পর্যায়টি হলোÑ জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে এবং ভালো ও মন্দ সম্পর্কে হুমায়ূন আহমেদের খুবই ব্যক্তিত্বসম্পন্ন একটি দৃষ্টিভঙ্গি ছিল। এ বিষয়টি এতটাই স্বতন্ত্র যে, তার সবচেয়ে দুর্বল কিংবা ব্যর্থ লেখাটিও সেই গভীরতর ছাপ বা চিহ্ন বহন করে। এটি মূলত অনেক বড় লেখকের লক্ষণ।
নিঃসন্দেহে দুনিয়ার বড় বড় সাহিত্যিকদের সঙ্গে হুমায়ূনের একটি প্রবল পার্থক্য আছে। পার্থক্য এই যে, তিনি তার প্রতিটি লেখাকে আলাদা আলাদাভাবে ‘গুরুত্বপূর্ণ’ করে তুলতে চাননি। পার্থক্য এই যে, হুমায়ূন নিশ্চয়ই বাজার এবং পাঠকদের দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু এটুকু বাদ দিয়ে লেখক-ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য এবং জীবন ও জগৎ সম্পর্কে পরিষ্কার নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করলে, তিনি বড় শিল্পীদের সঙ্গেই তুলনীয়।
একজন হয়তো হুমায়ূনের চরিত্রের কিছু ভঙ্গি অনুসরণ করতে পারে, গদ্যের কিছু দিক অনুকরণের চেষ্টা করতে পারে; কিন্তু এই যে গভীরতর সাহিত্যিক ব্যক্তিত্ব, এই যে জীবন ও জগৎ সৃষ্টির ক্ষমতাÑ একে অনুসরণ করা তো খুব সহজ কাজ নয়। এ কারণেই হুমায়ূনের মৃত্যুর পরে অনেকেই তার মতো করে লেখার চেষ্টা করা সত্ত্বেও, খুব কাছাকাছি কিংবা ন্যূনতম সাফল্য পেতেও আমরা খুব একটা লেখককে দেখিনি।
তবে হ্যাঁ, জনপ্রিয়তার দিকটি বিচার করলে বলতে হবে যে, পরবর্তীকালের জনপ্রিয় লেখকদের একাংশ হুমায়ূন আহমেদের ভঙ্গি অনুকরণ করে এ দিক থেকে খানিকটা সাফল্য পেয়েছেন।
এই পরিপ্রেক্ষিতে এখন হুমায়ূন আহমেদ সম্পর্কে পূর্বতন কিছু ভাবনা নতুন করে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। পুরাতন ভাবনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হুমায়ূন আহমেদ একজন তরল লেখক এবং তিনি শুধু নবীন বয়সীদের জন্য লেখেন; জীবন এবং জগতের গভীরতর বাস্তবতা তার লেখা স্পর্শ করে না। এ আলাপটি অবশ্য হুমায়ূনের জীবদ্দশায় বেশ জোরালো ছিল। তার জীবনের শেষদিকে তা অনেকটা কমেছে, এবং তার মৃত্যুর পরে বেশ কিছু সুন্দর সমালোচনা-সাহিত্য রচিত হওয়ায় ও অনেকগুলো ভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ হাজির হওয়ায় তা আরও হ্রাস পেয়েছে।
তবে এখন পর্যন্ত আমাদের পাঠকসমাজে এ ধারণাটি গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত হয়নি যে, হুমায়ূন আহমেদের সাহিত্যিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে জাতি হিসেবে কিংবা সমাজ হিসেবে বাংলাদেশ আরও অনেক বেশি পরিমাণে ব্যবহার ও ভোগ করতে পারত, এবং সেটা সবার জন্যই কল্যাণকর হতো।
জনপ্রিয় সাহিত্যিক হিসেবে হুমায়ূন আহমেদকে আমরা সত্তর, আশি ও নব্বইয়ের দশকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপক বা প্রতিনিধিত্বকারী লেখক হিসেবে আখ্যায়িত করতে পারি। এই অর্থে যে, এ সময়ের বাংলাদেশের শহর ও গ্রাম নির্বিশেষে যে রূপ ও পরিচিতির দেখা হুমায়ূন আহমেদের লেখায় পাওয়া যায়, তার তুলনীয় কিছু অন্য কারও সাহিত্যকর্মে দেখা যায় না। এখানে উৎকৃষ্ট সাহিত্যের কথা বলা হচ্ছে না, বরং জনসমাজকে বাস্তবের নিরিখে উপস্থাপন করার দিকটাই বিবেচনা করা হচ্ছে। এমতাবস্থায় আমরা যদি বাংলাদেশকে অন্তত একজন লেখকের দৃষ্টিকোণ থেকে বুঝতে চাই, ব্যাখ্যা করতে চাই, তবে হুমায়ূন আহমেদ এই বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক হিসেবে গণ্য হবেন।
যেহেতু তিনি জনপ্রিয়তম লেখক এবং দীর্ঘ সময় ধরে তার জনপ্রিয়তা অক্ষুণ্ন ছিল, তাই এই কথার আরও গভীরতর তাৎপর্য আছে। একজন লেখক জনপ্রিয়Ñ এ কথার অন্তত একটা অর্থ হলো, একটি বিশেষ সময়ে জনগোষ্ঠীর সামষ্টিক মনস্তত্ত্ব বিষয়ে তার গভীর ধারণা ছিল। জনগোষ্ঠীর সামষ্টিক মনস্তত্ত্বের একটি গড় রূপ তার ভাবনায় ও লেখায় হাজির হয়েছে। একই সঙ্গে একজন জনপ্রিয়তম লেখকের ক্ষেত্রে এ কথাও বলা যাবে যে, তিনি ওই জনগোষ্ঠীর সামষ্টিক মনস্তত্ত্ব নির্মাণ ও বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর মানে হলো, আমরা যদি বাংলাদেশকে পাঠ করতে চাইÑ বাংলাদেশ অধ্যয়ন শাস্ত্র নামে যে বিষয়টি রয়েছে, তার অধীনে যদি আমরা জনমনস্তত্ত্ব, সংস্কৃতি এবং সামাজিক নানা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, তবে হুমায়ূন আহমেদ হতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ-উপকরণ। কেবল এ দিকটাই যদি লেখক হিসেবে হুমায়ূন আহমেদের গুরুত্বের উপাদান হিসেবে আমাদের পাঠক ও গবেষক সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকত, তবে ইতোমধ্যেই এই বিষয়ে বিস্তর সন্দর্ভ ও গবেষণাকর্ম রচিত হতো। এটি মূলত একটি সামষ্টিক উপকারের বিষয়। অথচ হুমায়ূন আহমেদ সম্পর্কে পুরনো প্রতিষ্ঠিত ধারণাগুলো জোরালো থাকার কারণে এ ধরনের বুদ্ধিবৃত্তিক উপকার থেকে আমরা সামষ্টিকভাবে বঞ্চিত হয়েছি।
তবে এটি হুমায়ূনের সামগ্রিক মূল্যায়নের একাংশ মাত্র। বলা চলে, তার জনপ্রিয় রচনাগুলোর একটি অংশ এবং তার নাটক ও সিনেমাসহ বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি যে কাজগুলো করেছেন, সেগুলোর ক্ষেত্রেই কেবল এ কথাটি বেশি প্রযোজ্য। এর বিপরীতে রয়েছে হুমায়ূন আহমেদের বহু গুরুত্বপূর্ণ ও গভীর লেখালেখি। এ কথা এখন খুব জোরের সঙ্গে বলা যাবে যে, হুমায়ূন আহমেদ বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ ছোটগল্পকার ও ঔপন্যাসিক। তার অন্তত বিশটি গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছেÑ আরও স্পষ্টভাবে বললে, ছোট আকারের উপন্যাস রয়েছেÑ যেগুলো শৈল্পিক ও সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেই অত্যন্ত মানসম্পন্ন। তদুপরি তার লেখার বৈচিত্র্য আরও অনেক বিস্তৃত। তিনি চমৎকার ভ্রমণকাহিনি লিখেছেন; তার আত্মজৈবনিক রচনাগুলো ইতোমধ্যেই সাহিত্যিক গুণে ও মানে সর্বজনীন স্বীকৃতি পেয়েছে। তিনি যেসব রম্যরচনা লিখেছেন, সেগুলোর সাহিত্যিক গুরুত্বও অনস্বীকার্য এবং শিশু-কিশোর সাহিত্যিক হিসেবেও তিনি সমগ্র বাংলা সাহিত্যের জন্যই এক উল্লেখযোগ্য নাম।
এভাবে বিচার করলে আমরা সমগ্র বিচারে তাকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক হিসেবে আবিষ্কার করব। আর একজন গুরুত্বপূর্ণ লেখক মানেই হলো ক্ল্যাসিক সাহিত্যের পঠন-পাঠনে তার প্রবেশ ঘটা, তার সাহিত্যকর্ম গভীরভাবে বিশ্লেষিত হওয়া এবং তার শৈল্পিক দিক ও বিষয়বস্তু সম্পর্কে নানামুখী মূল্যায়ন ও তত্ত্ব অনবরত উৎপাদিত হওয়া। একটি জীবন্ত সাহিত্য-সংস্কৃতির জন্য এ চর্চা অত্যন্ত জরুরি।
অতএব, আমরা যদি হুমায়ূন আহমেদ সম্পর্কে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারি, তবে তা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল ও সামষ্টিক জনসমাজের জন্য অত্যন্ত লাভজনক হবে। নিঃসন্দেহে তার বিপুল রচনার মধ্যে কিছুটা তারল্য ছিল এবং তিনি বাজারমুখী লেখক ছিলেন; কিন্তু কেবল এই ব্যাপারটিকে প্রধান করে যদি আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্য-শিল্পে তার বিপুল অবদানকে আড়ালে ফেলে রাখি, তবে তা আমাদের সামষ্টিক ক্ষতি ছাড়া আর কিছুই নয়। আর ঠিক এই কারণেই হুমায়ূন আহমেদকে মূল্যায়নের ক্ষেত্রে পুরনো দৃষ্টিভঙ্গির পুনর্বিবেচনা এখন আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।