ফয়জুল লতিফ চৌধুরী
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১২:৫৯ পিএম
হুমায়ূন আহমেদ। প্রতিকৃতি: জয়ন্ত সরকার
১৩ নভেম্বর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী। তাকে স্মরণ করতে গিয়ে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ রুশ সাহিত্য-দার্শনিক মিখাইল বাখতিনের কথা মনে পড়ে। বাখতিন তার সাহিত্যতত্ত্বে একটি চমৎকার শব্দ ব্যবহার করেছিলেনÑ বহুস্বর বা বহুকণ্ঠের উপস্থিতি (Polyphony)। বাখতিন বলেছিলেন, মহৎ উপন্যাস কোনো একনায়কের ইশতেহার নয়; তা হলো এক বিশাল অর্কেস্ট্রা, যেখানে কোনো একক সুর প্রাধান্য লাভ করে না। সেখানে বাঁশি, বেহালা, পিয়ানোÑ সকলরূপ বাদ্যযন্ত্র একসাথে ভিন্ন ভিন্ন সুর বাজায়, অথচ সব মিলে একটি অপূর্ব ঐকতানের সৃষ্টি হয়। একজন মহৎ ঔপন্যাসিক তার চরিত্রদের নিজের হাতের পুতুল হিসেবে ব্যবহার করেন না; বরং চরিত্রদের পূর্ণ স্বাধীনতা দেন নিজের মতো করে বাঁচার এবং কথা বলার। তিনি কেবল তাদের পর্যবেক্ষণ করেন ও লিপিবদ্ধ করেন।
আমাদের দুর্ভাগ্য, এদেশের একদল সাহিত্য-সমালোচক হুমায়ূন আহমেদকে ‘জনপ্রিয় ধারার লেখক’ বলে অবজ্ঞা করতে ভালোবাসেন। বদরসিকতায় সিদ্ধকাম একজন পণ্ডিত প্রায় চার দশক আগে অকাতরে বলেছিলেন, তার রচনা উপন্যাস নয়, ‘অপন্যাস’। হুমায়ূন আহমেদ এসব বিষয়ে সম্যক অবহিত ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘আমি জানি আমি কী লিখি।’ এ প্রসঙ্গে সেই ২০১০ সালে তিনি হারুকি মুরাকামির গল্পশৈলীর কথা উল্লেখ করেছিলেন।
আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বাখতিনের সেই মহৎ উপন্যাসের দাঁড়িপাল্লায় যখন আমরা হুমায়ূন আহমেদের ‘মধ্যাহ্ন’-এর মতো মহাকাব্যিক সৃষ্টিকে পরিমাপ করি, তখন দেখি কত বড় তাত্ত্বিক সত্যকে তিনি কত সহজে ধারণ করেছিলেন।
বাংলা সাহিত্যের প্রথাবদ্ধ প্রাতিষ্ঠানিক মহলে একটি ধারণা প্রচলিত ছিল যে, যা সহজে পড়া যায় এবং যা লক্ষ লক্ষ মানুষ পছন্দ করে, তা ‘উচ্চমানের সাহিত্য’ হতে পারে না। তাদের অভিমতÑ হুমায়ূন আহমেদের লেখায় গভীর সমাজ-রাজনৈতিক চেতনা বা জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের অভাব রয়েছে, এবং তিনি সস্তা আবেগে পাঠককে বুঁদ করে রেখেছেন। এহেন অভিযোগ থেকে অধ্যাপক আনিসুজ্জামান এবং হাসান আজিজুল হকের মতো বোদ্ধা সাহিত্যরসিকও হুমায়ূন আহমেদের উপন্যাস পড়া বাদ দিয়েছিলেন। তাদের কাছে কাফকা, মার্কেস বা সারামাগো উচ্চমানের ঔপন্যাসিক। অনস্বীকার্য, ম্যাজিক রিয়েলিজমের জনকপ্রতিম গার্সিয়া মার্কেস বা জটিল রাজনৈতিক-দার্শনিক রূপকের স্রষ্টা হোসে সারামাগো বিশ্বসাহিত্যের অবিসংবাদিত সাহিত্য-চূড়ামণি। কিন্তু সাহিত্য কোনো একমুখী নদী নয়। আমরা কী করে বিস্মৃত হব যে, মার্কেস বা সারামাগো পড়ার জন্য পাঠকের যে মানসিক প্রস্তুতি ও পরিপক্বতা দরকার, সেই পাঠক সমাজ তৈরি করার প্রাথমিক দায়িত্বটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হুমায়ূন আহমেদ একাই পালন করেছেন। তিনি টেলিভিশন ও ভিডিওর আগ্রাসনের যুগে মধ্যবিত্ত সমাজকে পুনরায় বইমুখী করেছিলেন। তার অকালপ্রয়াণের পর এই অনুপলব্ধ সত্যটি আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি।
আমরা কী করে বিস্মৃত হতে পারি যে সাহিত্যের পটভূমিতে জটিল কথাকে সহজ করে বলা সবচেয়ে কঠিন কাজ আর হুমায়ূন আহমেদের গদ্যশৈলী ছিল নির্মেদ ও প্রাঞ্জল। স্বতঃস্ফূর্ত ও রসস্নিগ্ধ সংলাপ ছিল তার অন্যতম বর্ণনাশৈলী। সাহিত্যের মূল উদ্দেশ্য যদি হয় মানুষের সাথে সংযোগ স্থাপন করা, তবে তিনি সেখানে শতভাগ সফল। আর চরিত্রায়ন? আমার মনে হয় না গত পাঁচশ বছরে হুমায়ূন আহমেদের সমকক্ষ আর কেউ ছিলেন যার পক্ষে মাত্র দশটি বাক্যে বিশ্বাসযোগ্যভাবে একটি চরিত্র সৃষ্টি করা সম্ভবপর ছিল।
নানা চরিত্র, পেশা ও পরিবেশের অসংখ্য মানুষের মনস্তত্ত্ব ও উচ্চবিত্ত-মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের জীবনের সুখ-দুঃখকে তিনি যেভাবে কাগজের পাতায় ফুটিয়ে তুলেছেন, তা এক অনন্য ঘরানা (Genre)। যারা তাকে কেবল হালকা চালের লেখক ভাবেন, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘লীলাবতী’ কিংবা ‘মাতাল হাওয়া’র মতো অসামান্য উপন্যাসগুলোর কথা তারা এড়িয়ে যান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিপুল সংখ্যক মানুষের কাছে এত সহজ ও হৃদয়স্পর্শীভাবে আর কেউ পৌঁছে দিতে পারেনি।
জীবনানন্দ দাশের বহু গল্পে এবং একাধিক উপন্যাসে ব্যাচেলর মেসজীবনের বর্ণনা রয়েছে। এই বর্ণনা বিশদ, এবং সমতুল্য দলিল আর কোথাও নেই। ‘অন্যদিন’ হুমায়ূন আহমেদের ক্ষুদ্রাবয়ব একটি উপন্যাসিকা, যার পটভূমি পান্থনিবাস বোর্ডিং হাউস। পাঠক জানেন ‘অন্যদিন’-এ নিশানাথ জ্যোতিষার্ণব, নবী সাহেব, করিম সাহেব, সিরাজ সাহেব, মেসের ম্যানেজার রশীদ মিয়া, কথক রঞ্জু, তার বন্ধু সফিক এবং রঞ্জুর বাবার গল্প হুমায়ূন আহমেদ যে দক্ষতায় অতিসংক্ষেপে চিত্রায়িত করেছেন, তা তুলনাহীন।
হুমায়ূন আহমেদের উপন্যাসে কোনো একচ্ছত্র নায়ক থাকে না। তিনি জীবনের মঞ্চে বহু অভিনেতা-অভিনেত্রীকে ছেড়ে দেন। তার অন্যতম প্রধান কীর্তি ‘মধ্যাহ্ন’-এ আমরা দেখেছি, যে পরম মমতায় তিনি দেবতুল্য হরিচরণ সাহাকে চিত্রায়িত করেছেন, তেমনি নিখুঁত মনস্তত্ত্বে ধনু শেখ বা শশাংক পালের মতো নিকৃষ্ট মানুষকেও তাদের স্ব স্ব যুক্তি নিয়ে দাঁড়াতে দিয়েছেন। ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং মানুষের ভেতরের আলো-আঁধারির চিরন্তন সত্যকে তুলে ধরেছেন তিনি এহেন চরিত্র চিত্রায়নের মধ্য দিয়ে। বিংশ শতকের প্রথমাংশের অবিভক্ত বাংলার সামাজিক চারিত্র্য ও সে সময় ধর্মীয় সাম্প্রদায়িকতার উত্থানকে তিনি কোনো রাজনৈতিক স্লোগান ছাড়াই এই ধনু শেখের মতো চরিত্রের মধ্য দিয়ে তীক্ষ্ণভাবে ধারণ করেছেন। লেখক হিসেবে তিনি কখনোই বিচারকের ভূমিকা গ্রহণ করেননি। তিনি বাখতিনের তত্ত্ব মেনেই চরিত্রদের ওপর নিজের কণ্ঠস্বর চাপিয়ে না দিয়ে তাদের স্বাধীন কণ্ঠস্বরকে কাগজে-কলমে ধারণ করেছেন। ভালো-মন্দ বিচারের ভার পাঠকের জন্য সংরক্ষণ করেছেন।
বাংলা সাহিত্যে একসময় ধার্মিক মুসলমানদের কেবল কুসংস্কারাচ্ছন্ন বা পার্শ্বচরিত্র হিসেবে দেখানোর একটা প্রবণতা ছিল। সম্ভবত এখনও আছে। কিন্তু হুমায়ূন আহমেদ এখানে এক নীরব বিপ্লব ঘটিয়ে গেছেন। তিনি ‘মধ্যাহ্ন’ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র করেছেন বান্ধবপুর গ্রামের মসজিদের মওলানা ইদ্রিসকেÑ যিনি কোনো ধর্মীয় প্রচারক নন, বরং এক পরম মানবিক ও বিবেকবান ধার্মিক সত্তা।
অনেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সময়’ বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘মানবজমিন’-এর মহাকাব্যিক বিস্তারের সাথে হুমায়ূন আহমেদের উপন্যাসকে তুলনা করে তাকে ছোট করতে আগ্রহী। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সাহিত্যের আদি কথাটিই লুকিয়ে আছে ‘সহিত’ শব্দটির মধ্যে। ভালো রচনার প্রথম ও প্রধান কাজ হলো পাঠকের সম্পর্ক স্থাপন করা। হুমায়ূন আহমেদ কোটি কোটি সাধারণ মধ্যবিত্তকে বইমুখী করে সেই সম্পর্কটি তৈরি করেছিলেন। সবাইকে কেন মার্কেস বা সারামাগোর মতো জটিল তত্ত্বের গোলকধাঁধায় লিখতে হবে? হুমায়ূন আহমেদ আমাদের মাটির গল্প সহজ গদ্যে বিবৃত করে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
২০২৬ সালের এই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কেবল নিজের মত শুনতে পছন্দ করে। সবাই নিজের ‘একক স্বর’ প্রতিষ্ঠা করতে ব্যস্ত। এই অসহিষ্ণু সময়ে দাঁড়িয়ে বাখতিনের ‘বহুকণ্ঠ’ বা ‘বহুস্বর’ আমাদের শেখায় অন্যের কণ্ঠস্বরকে স্বীকার করে নিতে। আজ থেকে বহু বছর আগেই তার উপন্যাসে এই বহুস্বরের সহাবস্থান ঘটিয়েছিলেন হুমায়ূন আহমেদ; যেখানে পরম ধার্মিক মওলানা ইদ্রিস এবং ঘোর শঠ ধনু শেখ একই ক্যানভাসে সমান গুরুত্ব লাভ করেছে।
বর্তমান পৃথিবী কোনো একক ‘মেসায়াহ’ বা অলৌকিক নায়কের ওপর ভরসা হারিয়েছে। জীবন এখন বহু সাধারণ মানুষের সমষ্টিগত লড়াই। হুমায়ূন আহমেদের উপন্যাসে কোনো একক অতিমানবীয় নায়ক থাকে না, বরং প্রতিটি সাধারণ চরিত্র তাদের নিজস্ব পরিসরে ভাস্বর। ২০২৬ সালের বাস্তবতায় দাঁড়িয়ে এই ‘গণতান্ত্রিক কথাসাহিত্য’ অনেক বেশি বাস্তবোচিত, অনেক বেশি প্রাসঙ্গিক। বর্তমানের খণ্ডিত, অসহিষ্ণু এবং আত্মকেন্দ্রিক পৃথিবীতে দাঁড়িয়ে হুমায়ূন আহমেদের এই ‘বহুস্বরের গণতন্ত্র’ আমাদের সব থেকে বেশি প্রয়োজন। বাখতিনের তত্ত্বের আলোকে প্রমাণিত হয়Ñ তিনি সস্তা জাদুকর ছিলেন না, তিনি ছিলেন মানুষের আত্মার এক মহৎ রূপকার।