× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসান আজিজুল হক

কথাসাহিত্যের রাজকুমার

আতা সরকার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১২:২৬ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬ ১৩:০০ পিএম

হাসান আজিজুল হক। প্রতিকৃতি: তানভীর মালেক

হাসান আজিজুল হক। প্রতিকৃতি: তানভীর মালেক

রাঢ়বঙ্গের এক অজগ্রাম। অজ বলতে ঘোর অজ। যব গ্রাম। জেলা বর্ধমান। পশ্চিমবঙ্গ, এখনকার বাংলাÑ ভারতের এক রাজ্য। এই বঙ্গেই জন্মেছিলেন এক শিশু। সেই সময়ে জন্ম নেওয়া হাজারো শিশুর মাঝেই এই শিশু সময়ের স্রোত পেরিয়ে হয়ে ওঠেন ‘ছোটগল্পের রাজকুমার’। হাসান আজিজুল হক। 

জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি। সেখানকার মহারানী কালীশ্বরী হাই স্কুল থেকে প্রবেশিকা পাস। তারপর দেশবদল করে চলে আসেন খুলনায়। কর্মজীবনও শুরু হয় প্রথমে খুলনায়, পরে রাজশাহীতে। জীবনটা তো কেটে গেল এখানেই। লেখাপড়ায়। কর্মজীবনে। সংসারধর্মে ও সাহিত্য সাধনায়।

কিন্তু শৈশব বাল্য কৈশোরের যত স্মৃতি বিছানো রয়েছে তো যব গ্রামে। 

জীবনের শেষপ্রান্তে একবার গিয়েছিলেন যব গাঁয়ে। ফেলে আসা নিজেদের বাস্তুভিটায়। দেখা করেছেন সেখানকার এখনও বসবাসরত স্বজনদের সাথে। যেখানেই যেদিকেই তাকান ফিরে ফিরে আসার কথা স্মৃতিগুলো। মমতার। ভালোবাসার। এ যেন এক বৃত্ত। এক ঘোর। সাহিত্য-কথকের জীবনে নস্টালজিক এই ঘোর লাগা বলয়টি কি রয়েই গেল? জীবনের সেই ছায়া এঁকে এঁকেই তো গল্পকার। ছোটগল্পের রাজকুমার।

এখনকার জীবনের রূঢ় খরখরে বাস্তবতাও আছে জীবনের সংগ্রামে, আছে মুক্তিযুদ্ধেও। যুদ্ধোত্তর দুঃশাসনের বিপরীতে দাঁড়িয়ে আবার যুদ্ধে ফেরার স্বপ্নে, পাতালগামী হাসপাতালে, মন-ভুলানো ভণ্ড রাজনীতির খাল খননে, সাম্য স্বপ্নপিয়াসী তরুণদের আত্মবিসর্জনের অপেক্ষায়। 

কিন্তু মুখ্য হয়ে ওঠে তো সেই ফেলে আসা জমিনের ওপর ভাসমান মেঘ, ভুতুড়ে শকুন, গুণিনসহ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, শোণিতে শোণিতে জ্বলে ওঠা আগুনের তাপে গড়ে ওঠা শোণিত সেতু, জীবন ঘষে জ্বলে ওঠা আগুন।

সেই একই গ্রাম ঘিরেই সেই প্রেক্ষাপটেই ডানা ঝাপটায় আগুনপাখি, শোনা হয় সাবিত্রী উপাখ্যান। আর জীবনের সব ছায়াপাত, আলো ও আঁধার যেন নস্টালজিক মোড়কেই।

সবকিছু মিলিয়েই যে সাহিত্যসাধক মাথা উঁচু করে ঋজু ভঙ্গিতে আমাদের সামনে দাাঁড়ান তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের একজন। তিনিই হাসান আজিজুল হক।

এক প্রত্যন্ত গ্রামে অত্যন্ত সাদাসিধেভাবে যার জীবনের সূত্রপাত, কিন্তু সেই বাল্য-কৈশোরেই তার বিস্ময়কর প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়। এই প্রতিভাই তাকে এগিয়ে নিয়ে আছে আলোকিত ঝরনাধারায়। 

তিনি তার লেখনীর ক্ষুরধারের সন্ধান পান অষ্টম শ্রেণিতে পড়াকালে। সাধারণ এক মানপত্র লেখার মধ্য দিয়ে। সেসময় তাদের স্কুল পরিদর্শনে আসেন রাজা সৌমেন্দ্র চন্দ্র নন্দী। তার শুভাগমন উপলক্ষে মানপত্রটি রচনার দায়িত্বভার পড়ে হাসান আজিজুল হকের ওপর। পড়াশুনোর বাইরে গদ্য রচনায় হাতেখড়ি তখনই। হয়তো অবচেতন মনে এই লেখার প্রভাবই তাকে গদ্যসাহিত্যে টেনে নিয়ে এসেছে।

এরই দ্বারা উদ্বুদ্ধ হয়ে কি না কে জানে, প্রবেশিকার পরপরই তিনি নিভৃতে একটি উপন্যাস লিখে ফেলেন। ‘মাটি ও মানুষ’। এটির প্রকাশ ঘটেনি।

চুপি চুপি লেখালেখি চলতেই থাকে। উপন্যাস। গল্প। এমনকি কবিতাও।

গত শতকের পঞ্চাশের দশকে নাসিরউদ্দিন আহমদের সম্পাদনায় পত্রিকা বেরুতÑ মুকুল। হাসান আজিজুল হকের গল্প ‘মাটি ও পাহাড়’ বেরুলো এখানে। ১৯৫৬ সালে। খুলনার বিএল কলেজ বার্ষিকীতে গল্প লিখলেনÑ লাঠি। ‘সাগর পারের পাখিরা’ নামে একটা কবিতাও সেসময় ছাপা হয়। 

সেই সময় অন্য আরেক বার্ষিকীতে আরও একটা গল্প বেরোলÑ পাষাণবেদী।

১৯৫৭ সালে মানিক স্মৃতি উপন্যাস প্রতিযোগিতা আহ্বান করা হয়। এই প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন। উপন্যাস লেখেনÑ শামুক।

‘শামুক’ পাণ্ডুলিপি আকারে সুদীর্ঘকাল বাক্স-পেটরায় বন্দি হয়ে ছিল। ২০১৫ সালে বই আকারে এর আত্মপ্রকাশ ঘটে।

১৯৬০ সাল। ঢাকা থেকে প্রকাশিত হতো এক জাঁদরেল সাহিত্য ম্যাগাজিন। সম্পাদকও ছিলেন একজন জাঁদরেল কবি। সিকান্‌দার আবু জাফর। সেখানে ছাপা হলো একটা গল্পÑ শকুন। লেখক ঢাকার বিদ্বৎসমাজে অপরিচিত। হাসান আজিজুল হক।

গল্পটি বাংলা সাহিত্য জগতে হৈচৈ ফেলে। আলোচিত হয়ে ওঠে। বৃদ্ধিবৃত্তিক চর্চার সাথে সংশ্নিষ্ট ব্যক্তিত্বগণ বুঝে যান, বাংলাদেশের কথাসাহিত্যের পালাবদল ঘটতে চলেছে। আবির্ভাব ঘটছে এক শক্তিমান কথাসাহিত্যিকের। তিনি তার নিজস্ব কণ্ঠস্বরে নিজের ভাষায় নতুন আলোকপাতে সমাজ ও মানুষকে পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন, উপস্থাপন করেন। তিনি হাসান আজিজুল হক।

তার ‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য’ গল্পগ্রন্থটি যখন প্রথম বেরোয়, তখনই তিনি এখানকার সাহিত্যের মূলধারায় চলে আসেন। এই আলোচনাকে প্রাবল্য দেয় ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থটি। আর কথাসহিত্যে তোলপাড় সৃষ্টি হয় তার ‘জীবন ঘষে আগুন’ গল্পগ্রন্থটি প্রকাশের পর। এখানকার গল্প কয়েকটিতে গল্পের ভাষা, ভঙ্গি, কাঠামো, বর্ণনারীতি, উপস্থাপনা ও রূপকতার উপস্থাপনা সাহিত্যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার সংযোজন ঘটায়।

হাসান আজিজুল হক ব্যক্তিগত জীবনে তুখোড় আড্ডাবাজ। জমিয়ে গল্প করতে পারেন। তার সান্নিধ্যে ধন্য হওয়ার সুযোগ হয়েছে। এ কথা বলতেই হবে, আসর জমানে গল্পে রসিকতায় তার জুড়ি মেলা ভার।

কিন্তু কথাসাহিত্য রচনায় তিনি ততখানিই সিরিয়াস। নতুন কোনো মেসেজ বা বার্তা ভিন্ন তিনি চর্বিতচর্বণ করতে উৎসাহী নন। তাই তার প্রতিটি লেখা নতুন নতুন মাত্রা নিয়ে আসে।

আরও এক তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তিনি তার লেখালেখির ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতার সীমানা কখনও ডিঙাননি। এজন্য প্রয়োজনে তিনি গ্রামের পর গ্রাম ঘুরেছেন। নানান শ্রেণির মানুষজনের সাথে মিশে গিয়েছেন, কথা বলেছেন, জীবনাচরণ দেখেছেন, তাদের জীবনের অভিজ্ঞতা আহরণ করেছেন। তারই ফসল হিসেবে আমরা পেয়েছি তার গল্পগ্রন্থ : নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি, রাঢ়বঙ্গের গল্প, রোদে যাবো, মা মেয়ের সংসার, বিধবাদের কথা ও অন্যান্য, সারা দুপুর, কেউ আসেনি।

উপন্যাস লিখেছেন সামান্যই : আগুনপাখি, সাবিত্রী উপখ্যান, শামুক, বৃত্তায়ন।

প্রবন্ধের বই লিখেছেন বেশ কয়েকটি। সেগুলো হলো : কথাসাহিত্যের কথকতা, চালচিত্রের খুঁটিনাটি, অপ্রকাশের ভার, সক্রেটিস, অতলের আঁধি, কথা লেখা কথা।

শিশুদের তিনি পছন্দ করতেন খুব। কিন্তু তাদের জন্য তিনি এত কম লিখলেন কেন সে এক রহস্য। শুধুই একটি উপন্যাস : লাল ঘোড়া আমি। শুধু একটি হলেও এই উপন্যাসটি অসাধারণ।

হাসান আজিজুল হক দর্শনের অধ্যাপক। বরেণ্য কথাসাহিত্যিক। সংস্কৃতিসংগঠকওÑ খুলনার সন্দীপন এর প্রমাণ। কিন্তু তিনি মঞ্চকাঁপানো দুর্দান্ত অভিনেতাও। আমার নিজের অভিজ্ঞতা হয়েছে মঞ্চে তার অভিনয় দেখার। গত শতকের আশির দশকের একদম গোড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ভার্সিটির শিক্ষক ও তাদের পরিবারদের প্রযোজনায় মঞ্চস্থ হয়েছিল মনোজ বসুর ‘বাঞ্ছারামের বাগান’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করে মঞ্চ ফাটিয়ে দিয়েছিলেন দর্শকদের করতালিতে।

তিনি নাটকও লিখেছেন : চন্দর কোথায়। নাটকটি তার মৌলিক নাটক নয়। এটা লিখিত হয়েছে লেবাননের কবি ও নাট্যকার ফেআদ-এর ফরাসি ভাষায় লেখা নাটক ‘ভাসকো’ (VASCO) অবলম্বনে।

হাসান আজিজুল হক খুব যে জনপ্রিয় লেখক তা হয়তো বলা যাবে নাা। কিন্তু এ কথা বলে তার শক্ত অবস্থানটিকেও নড়ানো সম্ভব নয়। শুধু বাংলাদেশের নয়, তিনি সামগ্রিক অর্থেই বাংলা সাহিত্যের অগ্রগণ্য অপরিহার্য লেখক। তিনি কথাসাহিত্যে বিভিন্ন দিক দিয়ে নতুন মাত্রা সংযোজন করেছেন। আমাদের সাহিত্যকে করেছেন গৌরবান্বিত।

২০২১ সালে তার মহাপ্রয়াণ ঘটে। বছর ঘুরে এমন দিনে তার প্রতি আমাদের শ্রদ্ধা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা