প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১২:০৪ পিএম
অ্যানাটমি মিউজিয়াম হলেও অনেকেই একে চেনেন কঙ্কাল জাদুঘর হিসেবে। ২০১৭ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা জাদুঘরটির অবস্থান চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে।
জাদুঘরে প্রবেশ করলেই চোখে পড়ে বিভিন্ন প্রাণীর হাড় ও কঙ্কালের আকর্ষণীয় সংগ্রহ। সাপ, কুমির, জিরাফ, উট ও হাতিসহ নানা প্রাণীর কঙ্কাল এখানে সংরক্ষিত রয়েছে, যা দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী ও শিক্ষামূলক অভিজ্ঞতার সৃষ্টি করেছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা ও মানোন্নয়ন প্রকল্পের আওতায় জাদুঘরটি স্থাপন করা হয়েছে। সিভাসুর অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের শিক্ষক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জাদুঘরটির তত্ত্বাবধান করছেন।
অ্যানাটমি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জাদুঘরে বিভিন্ন প্রাণীর প্রায় ৬০টি কঙ্কাল দক্ষতার সঙ্গে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে রয়েছে প্রায় ৩০টি স্ট্যাফ (প্রাণির অস্থি থেকে চামড়া আলাদা করে নতুন অবয়ব সৃষ্টির পর পুনরায় চামড়া দিয়ে মোড়ানো), রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষিত বিভিন্ন প্রাণীর প্রায় ৫০০টি অঙ্গ-প্রত্যঙ্গ, প্রায় ২ হাজার অস্থি, বিভিন্ন প্রাণীর ৭৫টি মডেল এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রায় ৩ হাজার স্লাইড রয়েছে।
জাদুঘরে সংরক্ষিত স্ট্যাফ প্রাণীর মধ্যে রয়েছে মোরগ, মুরগি, রাজহাঁস, কবুতর, কাঠঠোকরা, প্যাঁচা, তিতির, কোয়েল, খরগোশ, গিনিপিগ, কচ্ছপ, অজগর, গোখরা, বাদুড় ও হাঁসসহ বিভিন্ন প্রাণী ও পাখি।

এছাড়াও জাদুঘরে মানুষসহ কুকুর, বিড়াল, শূকর, গরু ও মুরগির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নমুনা, যেমন : চোখ, হৃৎপিণ্ড, জরায়ু, ফুসফুস, কিডনি, স্তন, ডিএনএ ও ক্রোমোজোম সংরক্ষণ করা হয়েছে। ছাগল, শূকর ও খরগোশের ভ্রূণও ফরমালিনে সংরক্ষণ করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানায় থাকা জিরাফটির মৃত্যু হয় ২০১৯ সালে। মৃত্যুর প্রায় ছয় মাস পর মাটিতে পুঁতে রাখা প্রাণীটির দেহাবশেষ থেকে হাড় সংগ্রহ করা হয়। পরে সেগুলো চট্টগ্রামে এনে সিভাসুর অ্যানাটমি বিভাগে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। এরপর প্রতিটি হাড় সতর্কতার সঙ্গে জোড়া দিয়ে তৈরি করা হয় জিরাফটির পূর্ণাঙ্গ কঙ্কাল। এই দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় দেড় বছর। কঙ্কালটি সংরক্ষণ ও পুনর্গঠনে ব্যয় হয় প্রায় আড়াই লাখ টাকা। জিরাফের কঙ্কাল যুক্ত হওয়ায় জাদুঘরের সংগ্রহে যোগ হয়েছে নতুন মাত্রা।
শুধু জিরাফ নয়, জাদুঘরে রয়েছে নানা প্রজাতির প্রাণীর কঙ্কাল। হাতির কঙ্কালটি সংগ্রহ করা হয়েছে কক্সবাজারের চকরিয়া সাফারি পার্ক থেকে। ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে আনা হয়েছে দীর্ঘদেহী উটের কঙ্কাল। সীতাকুণ্ড ইকোপার্কে মৃত অবস্থায় পাওয়া বড় আকৃতির একটি অজগরের কঙ্কালও রয়েছে এখানে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকার একটি কুমির প্রজনন কেন্দ্র থেকে সংগ্রহ করা হয়েছে বিশাল আকৃতির কুমিরের কঙ্কাল।

মৃতদেহ থেকে জীবন্ত শিক্ষার উপকরণ
জাদুঘরের অন্যতম আকর্ষণ প্রাণীর দেহ সংরক্ষণের স্ট্যাফিং পদ্ধতি। এ পদ্ধতিতে প্রাণীর চামড়া ও দেহাবশেষ ব্যবহার করে তার স্বাভাবিক অবয়ব পুনর্গঠন করা হয়। ধারণাগতভাবে প্রাচীন মিসরের মমি সংরক্ষণ প্রক্রিয়ার সঙ্গে এর কিছুটা সাদৃশ্য থাকলেও মমি তৈরি ও স্ট্যাফিং সম্পূর্ণ আলাদা পদ্ধতি।
মধ্যযুগে জ্যোতিষী, ওষুধ প্রস্তুতকারী ও চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রয়োজনে স্ট্যাফড প্রাণী ব্যবহার করতেন। ১৭৪৮ সালে রোম ও ফ্রান্সে প্রকাশিত প্রাকৃতিক ইতিহাসবিষয়ক একটি বিশ্বকোষে স্ট্যাফিং পদ্ধতিতে পাখি সংরক্ষণের বিবরণ পাওয়া যায়। পরবর্তী সময়ে ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক ও ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রাণী, পাখি, জলজ প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে এ পদ্ধতির ব্যবহার ছড়িয়ে পড়ে।
১৮৩৭ সালে শুরু হওয়া ভিক্টোরিয়ান যুগে স্ট্যাফিং কেবল সংরক্ষণপ্রক্রিয়া নয়, শিল্পের মর্যাদাও লাভ করে। সে সময় অভিজাত পরিবারগুলোর বাড়িতে সাজসজ্জার উপকরণ হিসেবে স্ট্যাফড প্রাণী রাখার প্রচলন ছিল। ১৮৫১ সালে লন্ডনের হাইড পার্কে আয়োজিত এক প্রদর্শনীতেও বিভিন্ন প্রজাতির স্ট্যাফড পাখি প্রদর্শন করা হয়।
সিভাসুতেও বিশেষ প্রক্রিয়ায় প্রাণীর দেহ সংরক্ষণ করা হয়। প্রথমে চামড়া ও দেহাবশেষ আলাদা করে ট্যানারিতে ব্যবহৃত রাসায়নিকের অনুরূপ উপকরণ দিয়ে পরিষ্কার করা হয়। পরে তুলা, রড ও জিআই তারের সাহায্যে প্রাণীটির স্বাভাবিক আকৃতি ফিরিয়ে আনা হয়। এর মাধ্যমে প্রাণীর বাহ্যিক অবয়ব সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় বাস্তবভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়।
দেয়ালে বিজ্ঞানের ইতিহাস
কঙ্কাল ও সংরক্ষিত প্রাণীর পাশাপাশি জাদুঘরের দেয়ালেও রয়েছে শিক্ষণীয় নানা উপকরণ। সেখানে বিভিন্ন প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ ও দেহতন্ত্রের চিত্রের পাশাপাশি জীববিজ্ঞান ও প্রাণিবিদ্যায় অবদান রাখা খ্যাতিমান বিজ্ঞানীদের প্রতিকৃতি স্থান পেয়েছে।
অ্যানাটমি বিভাগ জাদুঘরের সংগ্রহ আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত রেখেছে। ফলে এটি কেবল প্রাণীর কঙ্কাল কিংবা দেহাবশেষ দেখার স্থান নয়; বরং প্রাণীর গঠন, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও জীববিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবেও ভূমিকা রাখছে। এখানে মৃত প্রাণীর দেহাবশেষই শিক্ষার্থীদের জন্য হয়ে উঠছে জীবন্ত পাঠের উপকরণ।
সব বয়সী দর্শনার্থীর জন্যই উন্মুক্ত। তবে এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণীদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান, গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করা। তাই পর্যটক হিসেবে মিউজিয়াম ঘুরে দেখার সময় শিক্ষার্থীদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়াই শ্রেয়।
প্রাণীবিদ্যার এই বিস্ময়কর জগৎ আপনার ক্ষুদ্র ভ্রমণভান্ডারে যোগ করবে এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা।