ভিডিওটি প্রকাশের পরপরই অনলাইনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
নৌকা থেকে এক শ্রীলঙ্কান ট্যুর গাইডকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইসরায়েলি পর্যটকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নৌকায় বসে থাকা একদল পর্যটকের পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই ট্যুর গাইড। তিনি যখন পানি পান করছিলেন, তখনই এক পর্যটক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
ভিডিওতে শোনা যায়, ওই ব্যক্তি সাগরে পড়ার পর নৌকায় থাকা অন্যরা হাসাহাসি করছেন। তিনি যখন পানিতে ভাসছিলেন, তখনো নৌকার অন্যদের এ নিয়ে আমোদ প্রকাশ করতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনলাইনে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই পর্যটকদের এমন আচরণের তীব্র সমালোচনা করে এটিকে নিছক ‘রসিকতা’ বলে চালিয়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন স্থানীয় কর্মীর প্রতি এমন আচরণ স্পষ্ট অসম্মানজনক। কাউকে কোনো পূর্বসতর্কতা ছাড়া সাগরে ফেলে দেওয়া কীভাবে হাসির বিষয় হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন, এতে ওই কর্মী আঘাত পেতে পারতেন, আতঙ্কিত হতে পারতেন অথবা তার জিনিসপত্র হারিয়ে যেতে পারত।
অনেকের মতে, এই ঘটনা পর্যটকদের একটি বৃহত্তর সমস্যার প্রতিফলন—যেখানে স্থানীয় গাইড ও সেবা খাতের কর্মীদের পেশাদার মানুষ হিসেবে না দেখে কেবল বিনোদনের উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই সংশ্লিষ্ট পর্যটকদের শনাক্ত করে ট্যুর অপারেটর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাটি পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশ শ্রীলঙ্কায় পর্যটকদের আচরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ভ্রমণকারীরা বলছেন, অধিকাংশ পর্যটকই মার্জিত আচরণ করেন; তবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং স্থানীয় গাইডদের দায়িত্ব পালন কঠিন করে তোলে।
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না বা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছিল, তাও স্পষ্ট নয়। এ ছাড়া সাগরে পড়ার পর ওই গাইডের শারীরিক অবস্থা কেমন ছিল, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পর্যটকদের তার কাছে ক্ষমা চাওয়া উচিত।