× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডের ভাসমান বেদেপল্লী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লড়াই

মো. আশরাফ উদ্দীন, সীতাকুণ্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৪:২৪ পিএম

পিছিয়ে পড়া বেদেপল্লী জনগোষ্ঠীর লড়াই

পিছিয়ে পড়া বেদেপল্লী জনগোষ্ঠীর লড়াই

একসময় চট্টগ্রাম জেলার উপকূলীয় শিল্প ও তীর্থনগরী সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, কুমিরা, সলিমপুর ও বাইপাস-সংলগ্ন খালগুলোতে ভেসে উঠত শত শত নৌকার বর্ণিল বহর। জোয়ার-ভাটার প্রাকৃতিক ছন্দে যাদের জীবন ও জীবিকা আবর্তিত হতো, সেই যাযাবর বেদে সম্প্রদায়ের কাছে নৌকার ছোট্ট ছইটুকুই ছিল সংসার। আর সমুদ্রের শাখা-প্রশাখা ও বিস্তীর্ণ নদী-খাল ছিল তাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। শত শত বছর ধরে বঙ্গোপসাগরের নোনা জলকে সঙ্গী করে গড়ে উঠেছিল তাদের নিজস্ব লোকজ সংস্কৃতির এক স্বতন্ত্র ও বৈচিত্র্যময় ধারা।

তবে কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশ, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং সীতাকুণ্ডের প্রাকৃতিক নদী-খালগুলোর নাব্যতা-সংকটের কারণে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই ভাসমান বেদে জীবন। নৌকার নোঙর তুলে একসময়ের স্বাধীন যাযাবর মানুষগুলো এখন জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন ডাঙার ছোট, স্যাঁতসেঁতে ও ঘিঞ্জি অস্থায়ী-স্থায়ী বসতিতে। ফলে সময়ের আবর্তে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সীতাকুণ্ডের শতাব্দীপ্রাচীন ভাসমান বেদেপল্লী।

জলবায়ু পরিবর্তন ও খালের নাব্যতা-সংকট 

সীতাকুণ্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় খাল ও জলাশয়গুলো জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত শিল্পবর্জ্য, পলি জমা এবং দখলের কারণে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় নৌকার বহর নিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের পথ অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। বটতলী, বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়ার পুরনো ঘাটগুলো হারিয়ে যাওয়ায় নৌকায় বসবাসের সেই পরিচিত পরিবেশও আর আগের মতো নেই। খালের নাব্যতা-সংকটের কারণে বেদে সম্প্রদায়ের অনেক পরিবার তাদের ঐতিহ্যবাহী জলপথ ছেড়ে ডাঙায় বসবাস করতে বাধ্য হয়েছে।

প্রজন্ম বদল ও মূলধারায় ফেরার আকুতি 

বর্তমান প্রজন্মের বেদে তরুণ-তরুণীরা আর ‘ভাসমান’ বা ‘যাযাবর’ পরিচয়ে জীবন কাটাতে চায় না। সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং আধুনিক নাগরিক সুবিধা পেতে অনেকেই সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় খাসজমিতে কিংবা স্বল্পমূল্যে জমি কিনে স্থায়ী ঘরবাড়ি তৈরি করছেন। বাঁশবাড়িয়া বেড়িবাঁধে বসবাসরত বেদে নারী রিনা বেগম আক্ষেপ করে বলেন, ‘আমরা চাই, আমাদের বাচ্চারা স্কুলে যাক, আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা হোক।’ জীবিকার তাগিদে তারা এখন বেছে নিচ্ছেন ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা চালানো, ছোটখাটো ব্যবসা কিংবা শিপইয়ার্ডে দিনমজুরির মতো পেশা।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা 

শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেদে সম্প্রদায়ের পরিস্থিতি এখনও বেশ চ্যালেঞ্জপূর্ণ। বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বছর আমরা বেশ কিছু বেদে শিশুকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম। কিন্তু অভিভাবকদের ঘন ঘন স্থান পরিবর্তন ও অনিশ্চিত জীবনযাপনের কারণে অনেক শিশু মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।’

বিয়ে, খাদ্যাভ্যাস, পোশাক ও ভাষা

বেদেরা নিজস্ব সামাজিক রীতিনীতি মেনে দলবদ্ধভাবে বসবাস করে। তাদের মধ্যে গোত্রপ্রীতিও বেশ প্রবল। প্রবীণ বেদে সর্দার মো. মান্নান হোসেন জানান, বেদে সমাজে পুরুষদের তুলনায় নারীরাই সংসারের অধিকাংশ কঠোর পরিশ্রম করে থাকেন। নদী-নালার আশপাশে মাচা তৈরি করে কিংবা নৌকায় বসবাস করায় নৌকা তাদের অন্যতম মূল্যবান সম্পদ।

তাদের বিয়ের ক্ষেত্রে নিজস্ব গোত্রীয় রীতিনীতি অনুসরণ করা হয়। যৌতুক প্রথার প্রচলন নেই বললেই চলে। বিয়ের আয়োজন ও উৎসবকে ঘিরে থাকে সাপের খেলা ও লোকগীতির মতো ঐতিহ্যবাহী অনুষঙ্গ। তাদের খাদ্যাভ্যাসে ভাত, ছোট মাছ ও শুঁটকির প্রাধান্য রয়েছে। পোশাকের ক্ষেত্রে নারীরা আগে বিশেষ ধরনের দুই খণ্ডের কাপড় ও রঙিন কাচের চুড়ি ব্যবহার করলেও বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক পোশাকের প্রতি আগ্রহ বাড়ছে।

ভাষার স্বতন্ত্রতা

বেদে সম্প্রদায়ের নিজস্ব কথ্য ভাষা রয়েছে, যা ‘ঠেট’ বা ‘বেদে ভাষা’ নামে পরিচিত। প্রবীণ সর্দার মো. মান্নান হোসেন জানান, তারা নিজেদের মধ্যে এই মিশ্র ভাষায় কথা বললেও বাইরের মানুষের সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলেন। এই ভাষায় বাংলা, অসমিয়া ও আরবি-ফারসি শব্দের মিশ্রণ রয়েছে। তবে তরুণ প্রজন্মের বিদ্যালয়ে যাতায়াত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে তাদের আদি ভাষার চর্চা ক্রমেই কমে আসছে।

লোকসংস্কৃতির ক্ষয় ও গবেষকদের ভাবনা

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সীতাকুণ্ডের এই স্বতন্ত্র যাযাবর সংস্কৃতির বিলুপ্তি এবং সামাজিক জীবনযাত্রার পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সীতাকুণ্ডের লোকসংস্কৃতি গবেষক ও পরিবেশকর্মী আলহাজ মোস্তফা কামাল। তিনি বলেন, ‘বেদে সম্প্রদায় কেবল একটি পৃথক জনগোষ্ঠী নয়, তারা আমাদের হাজার বছরের প্রাচীন বাঙালি লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রভাব ও পরিবেশগত বিপর্যয়ের কারণে তারা বাধ্য হয়ে নিজেদের ঐতিহ্যবাহী পেশা ত্যাগ করছে। তাদের পরিকল্পিতভাবে পুনর্বাসিত করা না হলে এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে।’

প্রশাসনিক উদ্যোগ  

উপকূলীয় এলাকার এই ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সরকারি প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বেদে সম্প্রদায়কে সমাজের মূলধারায় একীভূত করতে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। যেসব বেদে পরিবার ঘরহীন অবস্থায় রয়েছে, তাদের তালিকা তৈরি করে সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্থায়ী আধাপাকা ঘর বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের বয়স্ক, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুব্যবস্থা করা হচ্ছে।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা