আগুনে পোড়া কড়াইল বস্তির পরিবারের আলোকচিত্র
গোলাম কিবরিয়া
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ১৩:৫০ পিএম
প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পিনু রহমান
বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অর্জন। প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ বা পরিবার থিমে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে তাঁর তোলা ‘আন্ডার দ্য সেম স্কাই’। হিপার গ্র্যান্ড পুরস্কারকে প্রতিযোগিতাটির সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।
মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময় রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কারজয়ী ছবিটিতে ধরা পড়েছে এক অসাধারণ মানবিক দৃশ্য। আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। মাথার ওপর নেই নিরাপদ ছাদ, হারিয়ে গেছে ঘরবাড়ি ও সম্পদ। কিন্তু প্রতিকূলতার মধ্যেও একসঙ্গে থাকার যে শক্তি, পারিবারিক ভালোবাসা ও বন্ধনের যে অটুট রূপ—সেই গল্পই যেন নীরবে বলে যাচ্ছে ছবিটি।

আলোকচিত্রের মাধ্যমে মানুষের জীবনের গল্প তুলে ধরাই পিনু রহমানের বিশেষ আগ্রহ। আন্তর্জাতিক এই স্বীকৃতি তাঁকে আনন্দিত ও গর্বিত করেছে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’
পেশাগত জীবনে পিনু রহমান একজন ব্যাংকার। তিনি রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পিরোজপুরে তাঁর বেড়ে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। পেশাগত ব্যস্ততার পাশাপাশি শখের আলোকচিত্রচর্চাই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনের এই বিরল স্বীকৃতি।
এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’। তবে পরিবারকে কেবল মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখেনি আয়োজক কর্তৃপক্ষ। বরং পরিবার, সংযোগ, নির্ভরতা ও একাত্মতার ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার সুযোগ রাখা হয়েছিল। মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন এবং সময়ের ধারাবাহিকতায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সম্পর্কের গল্প তুলে ধরার আহ্বান জানানো হয়েছিল আলোকচিত্রীদের।

চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে পিনু রহমানের সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে আরও কয়েকটি উল্লেখযোগ্য স্বীকৃতি। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। একই বছর ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসে ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য অর্জন করেছেন প্রথম পুরস্কার। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করতে দেখা যায় এক বৃদ্ধ পাটশ্রমিককে। এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক ছবির জন্য পেয়েছেন ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি।
হিপার ১৫তম আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি প্রতিযোগিতার আরও চারটি বিভাগ ছিল। এগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা এসব বিভাগে অংশ নেন।
এর আগের, অর্থাৎ হিপার ১৪তম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘পাওয়ার’ বা শক্তি। সে আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার অর্জন করেন।
হিপার মঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের সাফল্য অবশ্য নতুন নয়। ২০১৭ সালে প্রতিযোগিতাটির অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন সময়ে প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী।
তবে পিনু রহমানের এবারের অর্জন আলাদা তাৎপর্য বহন করছে। হিপার ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যান্ড পুরস্কার জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, দেশের আলোকচিত্রচর্চার জন্যও এক বড় মাইলফলক। কড়াইল বস্তির একটি আশ্রয়হীন পরিবারের সাধারণ অথচ গভীর মানবিক মুহূর্তের মধ্য দিয়ে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের মানুষের জীবনসংগ্রাম, ভালোবাসা ও একসঙ্গে বেঁচে থাকার গল্প।