× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুলতে থাকা স্মৃতি

মাহবুবা মিতু

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম

ভুলতে থাকা স্মৃতি

ভুলতে থাকা স্মৃতি

ডিমেনশিয়া এমন একটি স্নায়বিক অবস্থা, যা মানুষের স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, বিচারবুদ্ধি, ভাষা ও দৈনন্দিন কাজ করার সক্ষমতাকে ধীরে ধীরে প্রভাবিত করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই স্মৃতিশক্তি কমে যাওয়াকে স্বাভাবিক ঘটনা মনে করেন। কিন্তু সব ধরনের স্মৃতিভ্রংশ বার্ধক্যের স্বাভাবিক অংশ নয়। কখনও কখনও ভুলে যাওয়ার প্রবণতা ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। যদিও সব ধরনের ডিমেনশিয়া প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কিছু অভ্যাসের মাধ্যমে এর ঝুঁকি কমানো যেতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ।

নিয়মিত শরীরচর্চা

শারীরিক নিষ্ক্রিয়তা ডিমেনশিয়ার অন্যতম ঝুঁকির কারণ। শারীরিক সক্রিয়তা কেবল শরীরের ওজন বা হৃৎপিণ্ডের সুরক্ষাই করে না, বরং মস্তিষ্কের জন্যও এটি সমানভাবে উপকারী। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে এবং নতুন স্নায়ুকোষ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চাকারীদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি ২০-৪০ শতাংশ কম।

স্বাস্থ্যকর খাবার গ্রহণ 

মস্তিষ্কের সঠিক পুষ্টি এবং কর্মক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাবার খাওয়া আবশ্যক। প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, বাদাম, গোটা শস্য এবং সামুদ্রিক মাছ রাখা উচিত। বিশেষ করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখতে সাহায্য করে। অন্যদিকে অতিরিক্ত চিনি, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি করতে পারে, তা এড়িয়ে চলা উচিত।

মস্তিষ্ক সচল রাখা 

পেশির মতো মস্তিষ্ককেও সচল ও কর্মক্ষম রাখতে হয়। মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে নিয়মিত নতুন কিছু শেখা জরুরি। নতুন কোনো ভাষা শেখা, বই পড়া, ক্রসওয়ার্ড বা সুডোকু সমাধান করা, কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজানো মস্তিষ্কের কগনিটিভ রিজার্ভ বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বাড়ায়। আপনি যত বেশি মস্তিষ্ককে চ্যালেঞ্জ জানাবেন, এর কোষগুলো তত বেশি শক্তিশালী ও সংযুক্ত থাকবে। 

পর্যাপ্ত ঘুম 

ঘুমের সরাসরি প্রভাব পড়ে আমাদের স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপর। ঘুমের সময় মস্তিষ্ক তার ভেতরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ পরিষ্কার করে নেয়। প্রতিদিন পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে এটা মস্তিষ্কের কোষ পুনরুজ্জীবিত করতে এবং স্মৃতিশক্তি প্রখর রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানসিক সুস্থতা 

একা থাকা বা দীর্ঘমেয়াদি নিঃসঙ্গতা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটান, ক্লাব বা স্বেচ্ছাসেবায় যোগ দিন, এতে মানসিক চাপ কমবে এবং মস্তিষ্কের উদ্দীপনা বজায় থাকবে।

স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ন্ত্রণ 

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তে অতিরিক্ত কোলেস্টেরল মস্তিষ্কের রক্তনালির ক্ষতি করে, যা ডিমেনশিয়ার পথ সুগম করে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং এসব রোগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি শ্রবণশক্তি কমে গেলে অবহেলা না করে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। মাথায় আঘাত লাগার ঝুঁকি এড়াতেও সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান কঠোরভাবে পরিহার করতে হবে।

ডাক্তারের শরণাপন্ন হবেন যখন

স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার লক্ষণগুলো সাধারণ বয়সের দোষ বলে এড়িয়ে না গিয়ে সাবধান হওয়া জরুরি; যেমনÑ পরিচিত নাম বা সাম্প্রতিক ঘটনা বারবার ভুলে যাওয়া, পরিচিত রাস্তায় পথ হারিয়ে ফেলা, হিসাব-নিকাশ বা গোছগাছ করতে সমস্যা হওয়া এবং মেজাজ বা আচরণে হুট করে তীব্র পরিবর্তন দেখা দিলে দ্রুত একজন নিউরোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ অনেক সময় ভিটামিনের অভাব বা থাইরয়েডের সমস্যার মতো সাধারণ কারণেও এমন হতে পারে যা সময়মতো চিকিৎসা করলে নিরাময় সম্ভব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা