× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওর থেকে বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে যুধিষ্ঠির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস

বাংলাদেশের হাওরাঞ্চল থেকে বৈশ্বিক জলবায়ু ও পানি নীতিনির্ধারণের আন্তর্জাতিক মঞ্চে যাত্রা করছেন তরুণ জলবায়ুকর্মী ও গবেষক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ সিলেট বিভাগ থেকে প্রথম তরুণ প্রতিনিধি হিসেবে তিনি এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, পানি নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার এবং তরুণদের নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরার লক্ষ্য রয়েছে তাঁর।

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস তরুণদের নেতৃত্বে পরিচালিত পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক-ইউক্যান এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং হেল্প দ্যা নেশন এর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। কপ৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক সম্পৃক্ততা রয়েছে এবং সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তা হিসেবেও অংশ নেওয়ার কথা রয়েছে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর কপ৩১-ই বাংলাদেশের প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। ফলে এবারের সম্মেলন দেশের জলবায়ু কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন World Leaders’ Summit অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ১৮ অক্টোবর তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জানিয়েছেন। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনাও রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় সম্পৃক্ততা এবারের কপ-কে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই প্রেক্ষাপটে যুধিষ্ঠিরের অংশগ্রহণ বাংলাদেশের জাতীয় জলবায়ু অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

COP31: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের সম্মেলন

এবারের কপ৩১-কে তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ প্রেসিডেন্সি ‘Implementation COP’ এবং ‘COP of the Future’ হিসেবে অভিহিত করেছে। এর মূল লক্ষ্য হলো পূর্ববর্তী জলবায়ু সম্মেলনগুলোতে গৃহীত প্রতিশ্রুতি ও সিদ্ধান্তকে বাস্তব, পরিমাপযোগ্য এবং কার্যকর পদক্ষেপে রূপান্তর করা।

বিশেষ করে প্যারিস চুক্তির বাস্তবায়ন, জাতীয় জলবায়ু অঙ্গীকার (NDCs), জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAPs), জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, টেকসই কৃষি, সহনশীল অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

এই বাস্তবায়নকেন্দ্রিক প্রেক্ষাপট বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের প্রয়োজন শুধু আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি নয়, বরং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ।

যুধিষ্ঠিরের অংশগ্রহণের অন্যতম লক্ষ্যও হলো জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও সহনশীলতা, Loss and Damage, জ্বালানি রূপান্তর, পানি নিরাপত্তা এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। যুধিষ্ঠিরের কাজের অন্যতম প্রধান ক্ষেত্র হলো পানি ও জলবায়ুর আন্তঃসম্পর্ক। বাংলাদেশের হাওর, নদী, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট, আগাম বন্যা, আকস্মিক বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা, পানি নিরাপত্তা এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবিকার ঝুঁকি তাঁর নীতি-অ্যাডভোকেসির গুরুত্বপূর্ণ বিষয়।

তাঁর প্রতিষ্ঠিত ইউক্যান (YOUCAN) জলবায়ু শিক্ষা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব, পানি ও জলবায়ু অ্যাডভোকেসি, গবেষণা, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সংলাপে কাজ করছে। সংগঠনটি জলবায়ু ঝুঁকিপূর্ণ হাওর ও উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় যুক্ত করার ওপর গুরুত্ব দেয়।

জাতিসংঘের বিশ্ব পানি সম্মেলনে YOUCAN-এর আন্তর্জাতিক দায়িত্ব

COP31-এর পর যুধিষ্ঠিরের আন্তর্জাতিক সম্পৃক্ততার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ২০২৬ সালের জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন (UN Water Conference)। তাঁর নেতৃত্বাধীন ইউক্যান (YOUCAN) আন্তর্জাতিক এই সম্মেলনটির যুব আয়োজক কমিটিতে যুক্ত আছে বলে জানা যায়। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই সম্মেলন বৈশ্বিক পানি নিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন।

যুব আয়োজক কমিটি-এর অংশ হিসেবে ইউক্যান (YOUCAN)-এর দায়িত্বের মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্ত করা, যুব নেতৃত্বাধীন উদ্যোগ সমন্বয়, আন্তর্জাতিক যুব নেটওয়ার্কের সঙ্গে কাজ এবং পানি-সম্পর্কিত নীতিগত আলোচনায় তরুণদের কণ্ঠস্বর তুলে ধরা।

সম্মেলনটির অন্যতম লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের ষষ্ঠ লক্ষ্য (SDG 6)-সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের বাস্তবায়ন ত্বরান্বিত করা। বিশেষ করে পানি সংকট, নিরাপদ পানির প্রাপ্যতা, আন্তসীমান্ত পানি সহযোগিতা, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানি-সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

কপ৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় সাপেক্ষে যুধিষ্ঠিরের আবুধাদিতে এই সম্মেলনেও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে জলবায়ু ও পানি-দুটি পরস্পর সম্পর্কিত আন্তর্জাতিক নীতিগত প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণ নেতৃত্বের ধারাবাহিক সম্পৃক্ততা তৈরি হতে পারে।

যুব গবেষণা ও জাতিসংঘের নীতিগত উদ্যোগে সম্পৃক্ততা

জলবায়ু আন্দোলনের পাশাপাশি যুধিষ্ঠির একজন যুব গবেষক হিসেবেও কাজ করছেন। জাতিসংঘের Sustainable Development Cooperation Framework-এর অধীনে Youth as Researchers উদ্যোগে তিনি গবেষক হিসেবে কাজ করছেন। 

তিনি জাতিসংঘের Youth Advisory Group (UNYAG) Bangladesh-এর সদস্য হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক যুব জলবায়ু নেটওয়ার্কে তাঁর সম্পৃক্ততা রয়েছে। 

জাতীয় জলবায়ু অগ্রাধিকার ও তরুণদের প্রতিনিধিত্ব

যুধিষ্ঠিরের জলবায়ু আন্দোলনের যাত্রা শুরু হয় ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগের অভিজ্ঞতা থেকে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি স্থানীয় পর্যায়ের মানুষের সংকট, পরিবেশগত ন্যায়বিচার এবং তরুণদের নেতৃত্ব নিয়ে কাজ শুরু করেন।

তাঁর মতে, বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে জাতীয় স্বার্থ ও স্থানীয় বাস্তবতাকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, অভিযোজনের জন্য পর্যাপ্ত সহায়তা, Loss and Damage মোকাবিলা, পানি ও নদী ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং তরুণদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা দেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত।

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব বহনকারী একটি দেশ নয়; বৈশ্বিক জলবায়ু সমাধান ও নীতিনির্ধারণেও আমাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। হাওর, নদী, উপকূল ও জলাভূমির মানুষের বাস্তবতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ, জলবায়ু অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করাই আমার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

তিনি আরও মনে করেন, তরুণদের কেবল জলবায়ু আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিলেই যথেষ্ট নয়; নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায়ও তাঁদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের বর্তমান সরকারের প্রথম COP-এ প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব এবং তরুণদের সম্পৃক্ততা সব মিলিয়ে এবারের সম্মেলন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নীতিগত সুযোগ তৈরি করছে।

হাওরাঞ্চল থেকে তুরস্কের COP31 এবং পরবর্তী সময়ে আবুধাবির জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন পর্যন্ত যুধিষ্ঠিরের এই যাত্রা বাংলাদেশের তরুণ নেতৃত্ব, জলবায়ু ন্যায়বিচার এবং পানি নিরাপত্তার বিষয়গুলোকে আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় যুক্ত করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা