× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:৩৮ পিএম

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা না পেলে একসময় বাংলাদেশে পর্বতারোহণ হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে মাউন্ট এলব্রুস অভিযান শেষে বাংলাদেশের জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান। অনুষ্ঠানে অতিথিদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পর অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন শাকিল।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘আমরা যারা পর্বতারোহণ করি, তারা অনেক স্বপ্ন বুনি। কিন্তু সেই স্বপ্নটা তখনই বাস্তবায়ন করতে পারি, যখন কোনো প্রতিষ্ঠান আমাদের পৃষ্ঠপোষকতা করেন। প্রতিটি অভিযানের জন্য একজন স্পন্সর পেতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানেও পর্বতারোহীদের রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। সত্যি বলতে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে একসময় বাংলাদেশে পর্বতারোহণ হারিয়ে যাবে।’

পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান শেষে শাকিলের মাউন্ট এলব্রুস অভিযানে তোলা ৫০টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে।

বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সেক্রেটারি সাদিয়া সুলতানা বলেন, বৃহস্পতিবার থেকে এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আগামী পাঁচ দিন এ প্রদর্শনী চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ডা. নিয়াজ আব্দুর রহমান এবং আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু।

এর আগে পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা এম. জাকির হোসেন খান এবং জ্যাপের এডিটোরিয়াল কনসালট্যান্ট আকিব সাফওয়ান।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণ করেন শাকিল। এর আগে গত ১১ সেপ্টেম্বর ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউসে তাঁর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

রাশিয়ান হাউস ইন ঢাকা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব যৌথভাবে এ অভিযানের আয়োজন করে। অভিযানের পৃষ্ঠপোষকতায় টার্কিশ এয়ারলাইনস, জ্যাপ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আলিয়া শিপিং লিমিটেড, এমকে এন্টারপ্রাইজ লিমিটেড ও নেচার ইনসাইটস। সহযোগিতায় ছিল ইউএন ভলেন্টিয়ার (ইউএনভি) ও কিরণ স্টাডি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা