× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনস্ততত্ত্বের আলোছায়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:০৪ পিএম

কোলাজ: এআই

কোলাজ: এআই

অনুবাদ: পারভেজ আহসান

রাশিয়ায় বেশ আয়োজন করেই উদযাপিত হয় দাদা-দাদি দিবস। ঐতিহ্য অনুযায়ী এই দিনে চা-চক্রসহ বয়োজ্যেষ্ঠদের নিয়ে পারিবারিক পুরনো অ্যালবাম দেখার এক সুন্দর রীতি গড়ে উঠেছে। ২০০৯ সালে এই বিশেষ দিনের ধারণাটি প্রথম শুরু হয় নেদারল্যান্ডসে। সেদিন আত্মীয়-স্বজনরা একে অপরকে টবে লাগানো ইনডোর প্ল্যান্ট বা গৃহগাছ উপহার দিত। মনে করা হতো, গাছের এই শিকড় হলো পূর্বপুরুষ আর পাতাগুলো নাতি-নাতনিদের প্রতীক। রাশিয়ার এই দিনটির সঙ্গে প্রাচীন স্লাভিক সংস্কৃতির ‘হলিডে অব অটাম গ্রান্ডফাদারস’-এর একটি চমৎকার মিল রয়েছে। যারা এখনও দাদা-দাদি বা নানা-নানি হওয়ার স্বাদ পাননি, কিন্তু খুব দ্রুত সেই বয়সে পৌঁছতে যাচ্ছেনÑ তাদের জন্যই ‘রিয়েল টাইম’-এর সাহিত্য সমালোচক ইয়েকাতেরিনা নির্বাচন করেছেন প্রবীণ মানুষের জীবন নিয়ে লেখা চমৎকার পাঁচটি কথাসাহিত্যের বই।

এ ম্যান কলড ওভে

সুইডিশ লেখক ফ্রেদরিক বাকম্যানের ‘এ ম্যান কলড ওভে’ উপন্যাসটি ২০১২ সালে প্রকাশিত হয়ে খুব দ্রুত বেস্টসেলার গ্রন্থ হিসেবে পরিচিতি লাভ করে বিশ্বজুড়ে পাঠকহৃদয়ে জায়গা করে নেয়। কখনও কখনও এটিকে অবসাদনাশক বই বলা হয়। কাহিনীর নায়ক ওভে খিটখিটে, নিয়মনিষ্ঠ এক বিপত্নীক। তিনি চাকরিচ্যুত হয়েছেন। তিনি ছকবাঁধা নিয়ম বেছে নিয়েছেন। কিন্তু তারপরও বিষাদ ও হতাশা তাকে জড়িয়ে ধরে। জীবনের সঙ্গে হিসাব চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। তার পরিকল্পিত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়। ঠিক সে সময়ে পাশের বাড়িতে আসে দুই ছোট সন্তানসহ এক হইহুল্লোড়প্রিয় তরুণ পরিবার। পাশের জায়গায় গাড়ি রাখতে গিয়ে তারা ঘটনাক্রমে ওভের চিঠির বাক্স ভেঙে ফেলে। এই হাস্যকর ঘটনা থেকে শুরু হয় হারানো ভালোবাসা, অপ্রত্যাশিত বন্ধুত্ব, একটি আশ্রয়হীন বিড়াল এবং ট্রেলারসহ গাড়ি পেছনে চালানোর প্রাচীন শিল্পের মতো এক হৃদয়স্পর্শী কাহিনী।

দ্য ডে বিটুইন ফ্রাইডে অ্যান্ড সানডে এবং দম ইস্তোরি

সমসাময়িক সাহিত্য ও ভাবনায় বার্ধক্য নিছক জৈবিক পরিণতি নয়, বরং এক নতুন আত্ম-আবিষ্কারের ক্ষেত্র। রুশ লেখক ইরিনা লেইক তার সাহিত্যকর্মে এই উপলব্ধিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। তার উল্লেখযোগ্য বই ‘দ্য ডে বিটুইন ফ্রাইডে অ্যান্ড সানডে’ এবং ‘দম ইস্তোরি’তে জীবনের পর্যায়ে মানুষের মনস্তত্ত্ব, স্মৃতিকাতরতা, একাকিত্ব এবং নতুন সম্পর্ক গড়ে তোলার আকুলতা গভীরভাবে ফুটে উঠেছে। বৃদ্ধ বয়সের আবেগ, অভিজ্ঞতা এবং জীবনের জটিল বাঁকগুলোকে তিনি এমন এক শিল্পিত রূপ দিয়েছেন, যেখানে বয়স কোনো বাধা নয়, বরং জীবনকে নতুনভাবে দেখার এক জানালার উন্মোচন হয়েছে উপন্যাস দুটোতে।

দ্য বুক হাউজ অন দি আমুর

সাহিত্যে প্রবীণদের চিত্রায়ণ দীর্ঘ বিবর্তনের পথ পেরিয়ে আধুনিক উপন্যাসে এসে পূর্ণতা লাভ করেছে। মারিয়া আকসেনোভার উপন্যাসের লিওনিদ মারকোভিচের গল্পটি অনেক ক্ষেত্রে ফ্রেডরিক বাকম্যানের ‘এ ম্যান কলড ওভে’ উপন্যাসের সাথে মিল রয়েছে। ৬৮ বছর বয়সী লিওনিদ মারকোভিচ সম্প্রতি তার স্ত্রী জোয়াকে হারিয়েছেন। তিনি জানেন না তাকে ছাড়া কীভাবে বাঁচবেন। তার অ্যাপার্টমেন্টটি ফাঁকা হয়ে পড়েছে। ঘরের ভেতরের এই শূন্যতা ধীরে ধীরে লিওনিদ মারকোভিচের অন্তর্জগৎকেও গ্রাস করেছে। অ্যাপার্টমেন্টের সকলকিছুই জোয়ার স্মৃতি মনে করিয়ে দেয় এবং তাকে আরও বিষণ্ন করে তোলে। তাই লিওনিদ তার বড় অ্যাপার্টমেন্টটি মফস্বলের একটি বাড়ির সঙ্গে বদল করার সিদ্ধান্ত নেন। তার নতুন বাড়ির সংলগ্ন এলাকায় এসেই হাজির হয় আগের মালিকের একগুঁয়ে বিড়াল ফ্রান্সেসকো এবং স্থানীয় কিছু বসিন্দা তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে। সেখানে দোকান নেই, আছে লাইব্রেরি ও বুক ক্লাব, আর সবাই পড়তে ভালোবাসে। লেওনিদ বাড়িতে বিপুল বই পেয়ে সেগুলো ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু কঠিন সময়ে সেই বইগুলোই তার অবলম্বন হয়ে ওঠে এবং জীবনের প্রতি আগ্রহ ফিরিয়ে দেয়।

দ্য লেট লাইফ

সাড়াজাগানিয়া উপন্যাস ‘দ্য রিডার’-এর লেখক বার্নহার্ড শ্লিঙ্কের একটি উপন্যাসের নাম ‘দ্য লেট লাইফ’। ৭৬ বছর বয়সী মার্টিন ব্রেমেকে কেন্দ্র করে লেখা এই ‍উপন্যাস। তিনি আইন ইতিহাসের অধ্যাপক এবং একটি জনপ্রিয় পাঠ্যপুস্তকের রচিয়তা। ৪৩ বছর বয়সী তরুণী স্ত্রী উলার সঙ্গে তার দ্বিতীয় সংসার বেশ সুখের। সুখের ছন্দপতন ঘটে, যখন মার্টিন জানতে পারেন যে তিনি অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার আয়ু মাত্র কয়েক মাস। বাকি সময়টুকু তিনি কীভাবে কাটাবেনÑ এই ভাবনা মাথায় ঘুরতে থাকে। মার্টিন শুরু করেন এক উল্টো গণনা। তিনি তার স্ত্রী ও সন্তানকে এই দুঃখজনক ঘটনার জন্য প্রস্তুত করতে চান এবং একই সঙ্গে তাদের জন্য কী ধরনের স্মৃতি রেখে যাওয়া যায়, সে বিষয়েও ভাবতে শুরু করেন। এই কাহিনীর ট্র্যাজিক বিষয়টি নিহিত মার্টিনের ব্যক্তিত্ব ও পারিপার্শ্বিক অবস্থায়। তার জীবনে পিতৃত্ব আসে বেশ বিলম্বে। আর যখন তিনি ভালোবাসার প্রকৃত আনন্দ উপভোগ করতে যাবেন ঠিক তখনই তাকে হতে হচ্ছে মৃত্যুর সম্মুখীন। এ উপন্যাসে শ্লিঙ্ক অতিরিক্ত ভাবালুতা এড়িয়ে গেছেন। তিনি মৃত্যুকে দৈনন্দিন কাজকর্ম ও গৃহস্থালি সমস্যার মধ্য দিয়ে বয়ে চলা একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরেছেন।

দ্য ফাইভ উইশেস অব মিস্টার ম্যাকব্রাইড

জে সিপলের প্রথম এই উপন্যাস ‘দ্য ফাইভ উইশেস অব মিস্টার ম্যাকব্রাইড’ ২০১৮ সালে প্রকাশিত হয়। এক শতবর্ষী বৃদ্ধ এবং অন্তিম রোগশয্যায় থাকা এক বালকের বন্ধুত্বের আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে উপন্যাসের বুনন। মারে ম্যাকব্রাইড দীর্ঘ জীবন পার করেছেন। তিনি তার ভালোবাসার প্রায় সবাইকে হারিয়েছেন। একাকিত্বের ক্লান্তি ঘোচাতে তিনি সিদ্ধান্ত নেন, এবার তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। তার শততম জন্মদিনে হাসপাতালে দশ বছর বয়সী জেসন ক্যাশম্যান নামে এক ছেলের সাথে পারিচয় হয়। সে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ। ছেলেটি তার নতুন বন্ধুকে পাঁচটি ইচ্ছার একটি তালিকা দেখায়। সে তার হৃৎপিণ্ড বন্ধ হওয়ার আগেই ইচ্ছেগুলো পূরণ করতে চায়। ইচ্ছেগুলো হলোÑ একটি মেয়েকে চুম্বন করা, কোনো মেজর লিগ স্টেডিয়ামে একটি হোম রান করা, সুপারহিরো হওয়া, তার মায়ের জন্য একজন ভালো বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া এবং সত্যিকারের জাদু দেখানো।

এই পাঁচটি ইচ্ছা নিয়ে তারা একটি যৌথ যাত্রার শুরু করে। মারে ছেলেটির স্বপ্নগুলো পূরণে সাহায্য করে নিজের মধ্যেও জীবনের স্বাদ ফিরে পান। মৃত্যুর সঙ্গে লড়াই করা জেসন মারেকেই মনে করিয়ে দেয় যে তরুণ থাকা এবং স্বপ্ন দেখার অনুভূতি কেমন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা