× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলব্যের কামুর স্মরণে

মারির জন্যে ভালোবাসা

ইকরাম কবীর

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৫:৩৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম

আলব্যের কামু। ছবি: সংগৃহীত

আলব্যের কামু। ছবি: সংগৃহীত

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেইঞ্জার’ উপন্যাসটা যতবার পড়ি, নতুন করে অনেক চিন্তা মনে আসে। একবার পড়তে পড়তে আমার মনে হলো, আমি শুধুই কেন ম্যোরসোর আবেগহীনতা এবং উদাসীনতা নিয়ে এত ভাবছি? তাকে নিয়ে ভাবনা আমার মনে কেন একটা ফিক্সেটেড অবসেশনে রূপ নিচ্ছে? টাইপড হয়ে যাচ্ছে? আলব্যেরের পাঠক হিসেবে ম্যোরসোর প্রেমিকা মারির দিকে আমার বাঙালি পুরুষের মন দিয়ে তাকালে, তাকে আমার কাছে একেবারে পারফেক্ট স্বপ্নময়ী বলে মনে হয়। এমন হাসিখুশি, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর তরুণী মারি কারদোনাকে নিয়ে কেন ভাবছি না?

আলব্যের ম্যোরসোর মাধ্যমে মারিকে এমন এক তরুণীর রূপ দিয়েছেন যার সৌন্দর্য শারীরিক আবেদনের মাঝে ফুটে ওঠে। ভূমধ্যসাগরের রোদ তার গায়ের রঙ তামাটে করেছে, চোখের ওপর হেলে পড়া চুল তাকে আরও প্রাণবন্ত, আরও আকর্ষণীয় করে তুলেছে। ম্যোরসো মারির সুডৌল স্তনের দিকে তাকিয়ে তৃপ্ত হয়, নিঃশ্বাসের তালে তালে মারির নাভিদেশের মৃদু ওঠানামা, শরীরের সুন্দর গড়ন আর ঠোঁটের নিচে সামান্য ফোলা ফোলা ভাবের সাথে তার উজ্জ্বল চাউনি আর প্রাণখোলা হাসি মারির সৌন্দর্যে অসাধারণ এক অ্যাপিল এনে দিয়েছে।

লেখক মারির চেহারার খুঁটিনাটি বর্ণনা না দিয়ে ম্যোরসোর ন্যারেশনের মাধ্যমেই আমাদের সেই সৌন্দর্য অনুভব করিয়েছেন। মারির মধ্যে জীবনের আনন্দ আছে, সে প্রাণচঞ্চল, হাসিখুশি, নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ। তবে তার সৌন্দর্য শুধু শরীরে নয়, তার উপস্থিতিও আমাকে শান্তি দেয়। মনে হয় এই মানুষটার কাছাকাছি থাকলে জীবনটা আনন্দময় হতে পারে। মারির চরিত্রের মধ্যে দিয়ে কামু যেন মানুষের শরীর, সৌন্দর্য, ভালোবাসা আর বেঁচে থাকার সহজ ছোট ছোট আনন্দগুলোকে আমাদের সামনে এনেছেন।

তার সমুদ্রস্নান, সাঁতার, সিনেমা দেখা, প্রেমিকের সাথে খুনসুটি করতে চাওয়া, হাসাহাসিÑ এই স্বাভাবিকতাগুলোকে আমি আসলেই এতদিন এড়িয়ে যাচ্ছিলাম। মারি ভালোবেসে সংসার করতে চায়, জীবনের ছোট ছোট আনন্দের মধ্যেই সে সুখ খুঁজে পায়Ñ এটাই আমার কাছে ভালো লাগে।

ওদিকে ম্যোরসো একেবারেই উলটো। সে মারির সাথে সময় কাটাতে পছন্দ করে, তার সেক্সচুয়াল অ্যাপিল তাকে টানে এবং সে আনন্দ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা বলতে আমি যা বুঝি, তা ম্যোরসো যেন বোঝে না বা বুঝলেও সেটাকে গুরুত্ব দিতে চায় না।

আমার তখন মনে হয়, এই দুজন মানুষের সম্পর্কের মধ্যে দিয়ে আলব্যের একটা প্রশ্ন সবাইকে করছেন। দুজন মানুষ একসাথে থাকলেই কি সুখী হতে পারে? এবং যদি ভালোবাসা নিয়ে তাদের ধারণা দুইরকম হয়? মারি বিশ্বাস করে, ভালোবাসার একটা ভবিষ্যৎ আছে। মানুষ একসাথে থাকবে, বাঁচবে, স্বপ্ন দেখবে, গ্রেইসফুলি বুড়ো হবে এবং কেউ আগে বা কেউ পরে মারা যাবে। কিন্তু ম্যোরসোর কাছে বর্তমান মুহূর্তটাই সবকিছু। এই মুহূর্তেই ভালোবাসা, এই মুহূর্তেই আনন্দ। ভালোবাসার ভবিষ্যতে সে বিশ্বাস করে না; প্রেমের ভবিষ্যৎ তার কাছে কোনো বিষয়ই নয়।

মারির সাথে ম্যোরসোর দেখা হয় তার মায়ের দাফনের ঠিক পরদিন। মাকে কবরে শুইয়ে রেখে এসে, পরদিন ম্যোরসো সমুদ্রসৈকতে গিয়েছিল। সেখানেই দেখা। আগেও দেখা হয়েছিল, দুজনে একই আপিসে কাজ করত; সেদিন নতুন করে আবিষ্কার করেছিল।

ম্যোরসো গতকালই মাকে দাফন করে এসে এক তরুণীর সাথে সাগরে আনন্দ করছে, অন্তরঙ্গ হচ্ছে, সিনেমা দেখছেÑ এগুলো আমাকে কিছুটা অস্বস্তিতে ফেললেও মারিকে আমার ভালো লাগে; সে জানত না যে তার যাকে ভালো লাগছে তার মা দুদিন আগে মারা গেছেন। মারি প্রথমে এটা নিয়ে তেমন ভাবে না এবং ম্যোরসোর সঙ্গ উপভোগ করে।

একপর্যায়ে মারি ম্যোরসোর কাছে জানতে চায় যে সে তাকে ভালোবাসে কি না। এটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়। ভালোবাসার মানুষকে এমন প্রশ্ন আমরা সবাই কখনও না কখনও করি। প্রশ্নটা আসে ভয়, আশা, নিশ্চয়তা পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু ম্যোরসো উত্তর দেয়Ñ ভালোবাসার তেমন কোনো অর্থ নেই এবং সম্ভবত সে মারিকে ভালোবাসে না।

আমি তখন মারির কথা ভাবি। এমন উত্তর শুনে তার কেমন লেগেছিল! তবে ম্যোরসো তাকে মিথ্যে কথা বলেনি, মারিকে খুশি করার জন্য ভালোবাসার অভিনয় করেনি। যেই অনুভূতি নিজের মধ্যে নেই, সেটা আছে বলে কোনো ক্লেইমও করেনি। এই সততার জন্য আমি তাকে শ্রদ্ধা করি। আমাদের চারপাশে কত মানুষ কত ভালোবাসার কথা বলে, অথচ আসলে তারা ভালোবাসে না। কিন্তু সত্য বললেই কি একে-অপরের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়? সত্য বলার সময় আরেকজনের অনুভূতির কথা ভাবার প্রয়োজন থাকে না? ভালোবাসার সম্পর্ক শুধু সত্য আর মিথ্যার হিসেব দিয়ে চলে না। সেখানে মমতা থাকে, মায়া থাকে, কষ্ট বোঝার চেষ্টা থাকে।

এরপরও মারি তাকে ছেড়ে চলে যায় না। সে হয়তো মনে করে ম্যোরসো একদিন বদলাবে, মারি হয়তো মনে করে, তার ভেতরেও ভালোবাসা আছে, সে শুধু প্রকাশ করতে পারে না। আবার এমনও হতে পারে যে মারি এই মানুষটার এইসব অদ্ভুত আচরণগুলোকেই ভালোবেসে ফেলেছে।

আলব্যের এর স্পষ্ট কোনো উত্তর দেননি।

মারি যখন জানতে চায়, ম্যোরসো তাকে বিয়ে করবে কি না, ম্যোরসো রাজি হয়ে যায়। কিন্তু তার অভিব্যক্তিতে কোনো উচ্ছ্বাস নেই, আগ্রহ নেই। বিয়ে করলেও তার কিছু যায় আসে না, না করলেও নয়। অন্য যেকোনো নারী একই প্রস্তাব দিলে তাকেও হয়তো সে বিয়ে করত।

মারির কাছে বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সে একজন নির্দিষ্ট মানুষকে নিজের সঙ্গী হিসেবে চায়। কিন্তু ম্যোরসোর কাছে বিয়ে তার প্রতিদিনের জীবনের আর দশ-বারোটা ঘটনার মতো। মারি চায়, ম্যোরসোর জীবনে সে বিশেষ মানুষ হতে।

মারির জন্যে আমার কষ্ট হয়। তার ওপরে আমি কিছুটা বিরক্তও হই। কেন সে এমন একজনকে ভালোবাসবে যে তাকে ভালোবাসার নিশ্চয়তা দিতে পারে না? তবে আমার বিরক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, মারির বিশ্বস্ততা আমার ভালো লাগে।

একজন মানুষকে খুন করার পর ম্যোরসো গ্রেপ্তার হলে তার বিচার শুরু হয়। জীবনের সবকিছু বদলে যায়। কিন্তু মারি তাকে ছেড়ে চলে যায় না, ভুলে যায় না। জেলখানায় দেখা করতে আসে, হাসিমুখে কথা বলে এবং সেই সময়েও সে ভবিষ্যতের স্বপ্ন দেখার হাল ছাড়ে না। তার বিশ্বাস ম্যোরসো একদিন মুক্তি পাবে এবং তারা একসাথে জীবন যাপন করবে।

এই দৃশ্যটা আমাকে খুব বেদনা দেয়Ñ কারাগারের ভেতরে ম্যোরসো, বাইরে মারি। মাঝখানের সারি সারি লোহার শিক যেই দূরত্বটা তৈরি করেছে তা অনেক বিশাল। 

কিন্তু তাদের মধ্যে মনের দূরত্ব আরও অনেক বড় হতে শুরু করে। মারি ভবিষ্যতের কথা ভাবলেও ম্যোরসো ধীরে ধীরে মারিকে ছাড়া বেঁচে থাকার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে চেষ্টা করে। একজন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, আরেকজন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সত্যটাকে মেনে নিতে শিখছে। বিচার চলাকালীন মারিকে সাক্ষ্য দিতে হয়, সে জানায় যে ম্যোরসোর মায়ের মৃত্যুর পরদিন তারা সাঁতার কাটতে ও সিনেমা দেখতে গিয়েছিল। আদালত এই ঘটনাগুলো ম্যোরসোর বিরুদ্ধে ব্যবহার করে, তাকে একজন হৃদয়হীন মানুষ হিসেবে বিচার করে। মারি বুঝতে পারে, তাদের আনন্দের মুহূর্তগুলোই এখন ম্যোরসোর বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তখন সে ভেঙে পড়ে। আমার কাছে তখন মনে হয় আলব্যের ম্যোরসোর গল্প বলতে গিয়ে মারিকে ভিকটিমাইজ করেছেন। উপন্যাসের একেবারে শেষে, মারির কষ্টের কথা আমরা তেমন কিছু জানতেই পারি না। গল্পটা আসলে ম্যোরসোর, সে যা দেখে, অনুভব করে, আমরা সেটুকুই জানতে পারি।

আমি ভাবি, যেই মারি ভালোবাসার একটা ভবিষ্যৎ চেয়েছিল, সে এখন একা; সে তখন কী বোধ করছে? তার দিন-রাতগুলো কীভাবে কাটে তা জানতে পারি না। কামু গল্পটা সেভাবে আমাদেরকে বলেন না। মারি শেষ পর্যন্ত ম্যোরসোকে ভুলতে পারে কি না, তাও জানতে পারি না।

এই সময় আমার মনে হয় যে ‘দ্য স্ট্রেইঞ্জার’ যদি মারিকে কেন্দ্র করে লেখা হতো তাহলে কেমন হতো। হয়তো দেখতাম ভালোবাসার অসহায়ত্ব, জীবনের অর্থহীনতার চেয়ে বড় হয়ে উঠছে।

উপন্যাসের শেষে মারি আড়ালে চলে গেলেও আমার মনের মধ্যে থেকে যায়। তার কষ্ট আমাকে বুঝতে সাহায্য করে যে ম্যোরসোর জীবনযাপন শুধু তার নিজের জীবন নয়, সে অন্য মানুষের জীবনেও কষ্টের কারণ হতে পারে। একজন মানুষ হয়তো নিজের মতো বাঁচতে চাইতেই পারে, কিন্তু তার জীবনের সঙ্গে যখন অন্য একজনের জীবন জড়িয়ে যায়, তখন সেই চাওয়ার একটি মানবিক মূল্য তৈরি হয়।

মারি আমাকে সেই মূল্যটার কথাই মনে করিয়ে দেয়। এবং আমার মনে তার জন্যে অফুরন্ত ভালোবাসা জন্মায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা