× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাগজে গুলি পুলেরঘাট

হোসেন আবদুল মান্নান

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৫৩ পিএম

লাগজে গুলি পুলেরঘাট

একজন নেংটা পাগলকে ঘিরে বিচিত্র সব গল্প ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে শহর অবধি। শৈশব-কৈশোরকালে এসব অভাবনীয় ঘটনার বর্ণনা শুনতে কার না ভালো লাগে! আমি তখন বই হাতে স্কুল-ফেরা বিস্ময়-বিহ্বল বালক এক। মানিকখালী বাজারের খলিফার দোকানের সামনে জটলা দেখে সকলের মতো নিজেও তাজ্জব বনে গিয়ে নানান বয়েসী বয়ানকারীর মুখের দিকে তাকিয়ে থাকতাম। ষাটের দশকেই পাগল আবদুর রহমানকে রাস্তাঘাটে, বাজারের অলিগলিতে বস্ত্রহীন, উদাম শরীরে ঘুরতে দেখেছি। পেছনে অসংখ্য মানুষ হাঁটলেও এতে রহমান পাগলের কোনো ভ্রূক্ষেপ ছিল না। সে কোথায় বসবে কেউ জানে না। কারও ঘরে বসা মানে সেদিন সে মহাভাগ্যবান, তার অবস্থার পরিবর্তন আসন্ন। দোকানদারেরা চাইত পাগল তার ক্যাশ বাক্সটা ছুঁয়ে দিক, চা খেতে বলুক, তা হলেই সব হয়ে যাবে। কিন্তু তা সব সময় হতো না, কারণ পাগলাকে প্রভাবিত করা বা জোর করা যেত না। সে চলত নির্বিকার, লজ্জাহীন, আপন গতিতে। কাউকে উদ্দেশ করে তার কোনো জিজ্ঞাসা নেই। লোকে বলত, তার চোখে নাকি পথের মানুষকে অন্য কোনো প্রাণী হিসেবে দেখাত। তাই সে গায়ে বস্ত্র রাখত না।

দুই.

রহমান পাগলকে প্রথম যখন দেখি, তখন তার বয়স বড়জোর ৪০ বছর। মাঝারি উচ্চতা, গায়ের রঙ ফর্সা হলুদ বর্ণ, তার কালো শ্মশ্রু বক্ষদেশ পর্যন্ত প্রলম্বিত ছিল। হাজির বাজারের তিনটা গলি বরাবর সে হেঁটে চলত। হঠাৎ মানিকখালী রেলস্টেশনে বা ট্রেনের পাশ ঘেঁষে দ্রুত হাঁটা, সারাক্ষণ বিড়বিড় করে কথা বলা ইত্যাদি ছিল তার কাণ্ড। তবে তার কোনো কথাই স্পষ্ট ছিল না, ছিল না কোনো নির্দেশনা। কোনো চাওয়া-পাওয়ার ঈঙ্গিতও ছিল না। মুখে দেওয়া খাবার প্রায়ই বিন্দুর মতো দাড়িতে ঝুলে থাকত। অদ্ভুত কমনীয় ছিল তার দেহসৌষ্ঠব। চেহারায়, চোখের মণিতে লাবণ্য উপচে পড়ত, সারা শরীরের কোথাও কোনো স্পট বা দাগ ছিল না। মুখের ত্বকের ওপর শিশিরের মতন ঘাম জমে থাকত। হাত দিয়ে ঘাম মুছতে কেউ কখনও দেখেনি। এমনি এক অচিন্তনীয় রহস্যময় জীবনের মানুষ রহমান পাগলাকে কেউ স্নান করতেও দেখেনি, অথচ তার ত্বক ছিল সুষমামণ্ডিত শিশুর মতন। চা-বিস্কুট আর বিড়ি তার সবচেয়ে পছন্দের খাবার ছিল, অন্য কিছু খেতে সচরাচর দেখা যেত না। পাগলা দিবারাত্রি উলঙ্গ থাকত, কেউ তার জন্যে বস্ত্র নিয়ে দেহ আচ্ছাদনে এগিয়ে আসত না। আসলেও ফল হতো না, কারণ সে বস্ত্রহীন থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। এক জায়গায় স্থির হয়ে থাকত না সে, থাকা-খাওয়ার চিন্তা তার নেই। খাবার নিয়ে সারা দিন ভক্তরাই সর্বক্ষণ পিছু ধরে থাকত। হঠাৎ ‘দে, বিড়ি দে, চা দে’ বলে চিৎকার করে উঠত। দু’পায়ের ওপর ভর দিয়ে অন্তহীন চলমান থাকাই ছিল তার কাজ। অস্থির গন্তব্যহীন মানুষের সীমাহীন ব্যস্ততাই যেন ছিল তার আমৃত্যুর ললাট লিখন।

তিন.

পাগলের অলৌকিক গতিবিধির গল্প নিয়ে দিগ্বিদিক উড়ে চলেছে মজার মজার ফানুশ। যাকে হাতে ছুঁয়ে দেখতে সকলেই চায়। তাকে চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে দেখতে পাওয়ার নানা জনশ্রুতি বাতাসের কানে কানে ঘুরে চলেছে। গোটা কিশোরগঞ্জ মহকুমাজুড়ে গল্পগুলো ভেসে বেড়াচ্ছে। একজন মানুষ হতে অপর একজন মানুষের মুখের বিবরণ কী বিস্ময়কর ও দ্রুতগতির বার্তাবাহক হতে পারে তা বোঝা মুশকিল। মানুষ যেন জন্মগতভাবেই নাটকীয়তার আশ্রয়ী। সর্বত্র ঘটনার ঘটমানতার চেয়ে বর্ণনাই যেন মুখ্য বিষয় হয়ে ওঠে। মানুষ কখনও প্রকৃত ঘটনার বেড়াজাল ছিঁড়তে চায় না, চায় শুধু মুখরোচক কাহিনির ডালপালা ধরে ভেসে যেতে। এমনি এক রোমাঞ্চকর কাহিনির জন্ম হলো দিনেদুপুরে। সেদিন কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন সাহেবের হাতে একেবারেই সময় ছিল না। তাকে মিনিট কয়েকের মধ্যে মানিকখালী রেলস্টেশনে পৌঁছে ট্রেন ধরতে হবে। সেখান থেকে তিনি মহকুমা শহরের এসডিপিওর সঙ্গে সাক্ষাৎ করবেন। হঠাৎ দেখলেন থানার প্রধান ফটকে এক উলঙ্গ পাগল দাঁড়িয়ে। তাকে নিয়ে কতিপয় ভাসমান পথচারী রাস্তা বন্ধ করে চেঁচামেচি করছে। ওসি সাহেব দেখলেন, এ-সব কী হচ্ছে? কোথাকার পাগল-ছাগলের এমন উৎপাত শুরু হলো? তিনি তার কর্তব্যরত বাহিনীর মাধ্যমে পাগলকে গলাধাক্কায় তাড়িয়ে দিয়ে মোটরবাইকে চড়ে বসলেন। তাকে ৭ কিমি গিয়ে ট্রেন ধরতে হবে। মাত্র বিশ মিনিট পরে তিনি রেলস্টেশনে পা রেখে দেখেন লোকারণ্য প্ল্যাটফর্ম। এবং সেই একই নেংটা পাগল লোকটা তার মুখোমুখি দাঁড়িয়ে। এখানেও তাকে ঘিরে কিছু উৎসুক মানুষের হৈচৈ, কোলাহল। তিনি যেন আকাশ থেকে পড়লেন; বাকরুদ্ধ অবস্থায় কিছু সময় কাটিয়ে সম্বিৎ ফিরে পেলেন। তিনি উপস্থিত জনতার মাঝে তার এমন আশ্চর্য অভিজ্ঞতার কথা বর্ণনা করে যাচ্ছেন। কিন্তু এমন ভর জনান্তিকে আবার ঘটে গেল দ্বিতীয় ঘটনাটি, পরক্ষণেই রহমান পাগলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখের সামনেই উধাও হলো। সবাই বলাবলি করছিল, এইতো, লীলু মিয়ার চা স্টলের সামনে ছিল। না, তার হদিস পাওয়া যাচ্ছে না। ওসি সাহেব আরও অসহায়, ভীতসন্ত্রস্ত হয়ে ওঠেন। বলছেন, ‘এ কী হলো, আমার যে মারাত্মক বেয়াদবি হয়ে গেছে, এখন উপায় কী হবে? পাগলা বাবা আমার গোস্তাকি মাফ করে দিবেন কি?’

সেদিন ওসি সাহেবের মহকুমায় আর যাওয়া হয়নি। তার আত্মায় পানি পায়নি। তিনি রহমান পাগলের অন্বেষণে তার থানার দিকে প্রত্যাবর্তন করলেন। তখন পড়ন্ত বিকেল। সূর্য হেলে পড়ছে পশ্চিমে। কপালে একটা কালো রোদচশমা লাগিয়ে ওসি সাহেব ফিরছেন তার থানার দিকে। দিনটা সাপ্তাহিক হাটের বার ছিল বলে, দশ গ্রামের মানুষের ভিড় লেগেছে কটিয়াদি বাজারে। ওসি সাহেবের মানসিক অস্থিরতা সকলকে বিচলিত করে তোলে। তিনি কঠোর নির্দেশ জারি করেন তার অধস্তন পুলিশ বাহিনীর ওপর। যে করেই হোক সন্ধ্যার আগে রহমান পাগলাকে তার চাই। কালবিলম্ব না করে একদল খাকি ইউনিফর্ম পরা পুলিশ বের হলো চারদিকে, চৌদিকে বিস্তৃত তাদের পেশাদার চোখ। বহুমুখী রাস্তার মোড়ে গিয়ে একেকটা দল দাঁড়ায়। আসা-যাওয়ার পথে পথে পথিকদের অনেকেই পাগলকে দেখেছে বললেও এখন ঠিক কোথায় তা কেউ জানে না। আবার পুলিশের কাছে সঠিক তথ্য না দিতে পারাও অপরাধ হবে। কটিয়াদি বাসস্ট্যান্ড, কলেজ রোড, গরুর বড় হাট, পুরানবাজার, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরের বড় বড় পাটের গুদামঘরের পেছনের ঢালেÑ সবখানেই খোঁজা হলো পাগলাকে। এভাবে সূর্য অস্তাচলে গেল, শেষ হলো তল্লাশি, তবু কোথাও রহমান পাগলাকে পাওয়া গেল না। শেষে ভগ্নহৃদয়ে পুলিশের দল একে একে ফিরে এলো থানার দরজার কাছে। 

চার.

ষাটের দশকের কথা। সামরিক শাসনের কবলে গোটা দেশ। পূর্ব পাকিস্তানের নানা জেলায় চিনিকলের প্রসার হতে শুরু করেছে। সেকালে কিশোরগঞ্জ মহকুমা শহরের নিকটবর্তী পুলেরঘাট এলাকার কালিয়াচাপড়া গ্রামের চারদিকে আখের চাষ অতি জনপ্রিয়তা পায়। আখচাষে সরকার থেকে প্রণোদনা সহায়তা দেবার ঘোষণা হয়েছে। সরকার অধিকতর আখচাষি এলাকায় সুগারমিল স্থাপনের পরিকল্পনা করছে। তখনকার পূর্ব পাকিস্তানের চুয়াডাঙ্গা মহকুমার দর্শনার কেরু অ্যান্ড কোং-এর খুব নামডাক। সেখানে শুধু চিনি নয়, অন্যান্য দেশীয় মদের উৎপাদনও ভালো হতো। সে এলাকার চিনিকলে আখের লরি চালিয়েও শত শত দরিদ্র মানুষের ঘরে সুদিন ফিরে এসেছিল।

তখন বৈশাখ মাস। রোদ্রতপ্ত সারা দিন। সন্ধ্যার আগে এক আচানক ঘটনা ঘটে যায় পুলেরঘাট বাজারে। চারদিক থেকে কালো মেঘে অন্ধকার হয়ে আসছিল কালবৈশাখীর ঝড়। সূর্য ডোবার বেশ আগেই যেন রাত্রি নেমে এলো। বৃষ্টির পূর্বেই শুকনা শিলাবৃষ্টি শুরু হয়েছে, আকাশের প্রচণ্ড গর্জনে মানুষ দিশাহারা। বজ্রপাতের ভয়ে পথচারীরা যে যার মতো আশ্রয় খুঁজে নিচ্ছে। এমনই বিরূপ আবহাওয়ার মধ্যে এক নেংটা যুবক রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, ‘লাগজে গুলি পুলেরঘাট’। জানা যায়, তার নাম আবদুর রহমান, বাড়ি কটিয়াদি, মহকুমা কিশোরগঞ্জ। তখনই স্থানীয় লোকজন, দোকানদার ও সাধারণ জনতা কৌতূহলী হয়ে জানতে চেয়েছিল, ‘পাগল ছেলেটা এসব কী কইয়া গেল?’ তাদের কেউ এর আগামাথা বুঝতে পারেনি, আবার কর্ণপাতও করেনি সেভাবে। বছরখানেক পরে পুলেরঘাট সংলগ্ন সেই কালিয়াচাপড়া গ্রামে যখন দেশের দ্বিতীয় বৃহত্তম সুগারমিলের কাজ শুরু হলো, দেশি-বিদেশি নাগরিক এবং সরকারের উচ্চপদস্থ অফিসারের আনাগোনা হচ্ছে, তখনই মানুষ আবার বলাবলি করতে থাকে, এক বছর আগে সেই রহমান পাগলা কীভাবে জানল, এখানে এমন বিশাল শিল্প প্রতিষ্ঠান হবে, আর হাজার হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে! কালিয়াচাপড়া গ্রাম একটা গ্রোথ সেন্টার বা ছোট শহরে পরিণত হবে? এটা আজও কিশোরগঞ্জের নানা স্থানে কিংবদন্তি হয়ে আছে। এখানে ‘লাগজে’ শব্দটা আঞ্চলিক ভাষায় উচ্চারিত। যা হবে লাগছে বা লেগেছে। রহমান পাগলা সারা জীবনে যে ক’টা শব্দ স্পষ্ট উচ্চারণে বলছে, তার অন্যতম একটা আলোচিত বাক্য হলো, ‘লাগজে গুলি পুলেরঘাট’। এর অর্থ বোঝায়, পুলেরঘাটে অবিলম্বে আশ্চর্য কিছু ঘটতে যাচ্ছে। 

পাঁচ.

মনে পড়ছে এক বিকাল ও চৈত্র পবনের কথা। তখন রবিশস্যের ভরা মৌসুম চলছে। আমাদের গ্রামের বাড়ির সোজাসুজি সামনের ক্ষেত থেকে আলু, পেঁয়াজ, সরিষা আর মটরশুঁটির গাছ উঠানোর ধুম পড়েছে। শনশন করে দক্ষিণা বাতাস বইছে। কাঁচা ধনিয়া ও রসুনের খোশবু নাকে ভেসে আসছে। বড়দের হাতে থাকা লাঙলের ফলার পেছনে দৌড়িয়ে আমরা শিশুরা মাটির নিচ থেকে জেগে ওঠা লাল, সাদা আলুগুলো বাঁশের তৈরি ওড়ায় জড়ো করছিলাম। আহা কী স্মৃতিময় আমাদের কৈশোরের ফেলে আসা দিনগুলি! সেসময় জমির আঁকাবাঁকা আল ধরে বিভিন্ন গ্রাম থেকে আসা কিছু মানুষ ছুটছে রহমান ফকিরের মেলায়। তখনই প্রথম শুনি,পাগলার স্থলে ‘ফকির’ শব্দটি। তার জন্মভিটা মণ্ডলভোগে মেলা বসছে। আমার বাবা বরাবরই পাগল, ফকির, জটাধারী, সংসারত্যাগী মানুষের ঘোরবিরোধী ছিলেন। মানুষের মাজারে যাওয়ার বিষয়টি তিনি সমর্থন করতেন না। নিজে ছিলেন সাচ্চা মুসলমান, নামাজি, পরহেজগার। সেদিন তিনি এক উদ্ভ্রান্ত ভক্তকে জিজ্ঞেস করলেন, ‘কী রে, রহমান পাগলার নামে দেখছি তোরা মরে যাওয়ার আগেই মাজার আর মেলা জমাইয়া দিলি?’ সে ভক্ত নিরুত্তর থাকে। আসলে সে-ও জানে না কোথায় যাচ্ছে? কেবল পিছু ধরে আছে অন্যসব মেলার যাত্রীদের। 

ছয়.

অনেকদিন আগের কথা, ঢাকা থেকে বাড়ি গিয়ে জানলাম, আজই রহমান পাগলার মেলা। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই মেলায় যাব। হাজার হাজার মানুষ আসছে নানা দিক থেকে। তারা নেংটা ফকিরের মেলায় যাচ্ছে, স্রোতের মতন জনতার মিছিল চলছে রেললাইন বরাবর। আশপাশে তখনও পায়ে চলার পথ সৃষ্টি হয়নি। একমাত্র ভরসা রেললাইনের পাথুরে রাস্তা ধরে হাঁটা। সেদিন কয়েকজন সহগামী নিয়ে আমিও জনস্রোতে মিশে যাই। আধো আলো-আঁধারিতে আনমনা হয়ে কয়েক কিমি হাঁটলাম। প্রবেশপথেই বিস্তৃত এক শামিয়ানার নিচে বিশাল মাজার কমপ্লেক্স, রঙিন আলোয় উদ্ভাসিত হচ্ছে ফকির বাবার কবর মোবারক। একদল ভক্ত উপুড় হয়ে সেজদায় নত। আগর, মোমবাতি আর গোলাপজলে সিক্ত হয়ে আছে ফকিরের বুকের ওপর পাতা মখমলের চাদরখানা। কাতারে কাতারে শত শত দোকানপাট, মুড়ি, জিলাপি, বিন্নির খৈ, শিশুতোষ বাঁশি আর হরেক রকম তেলেভাজার চুলো, জমজমাট এক মেলা দেখলাম। জানা গেল, যত দিন যাচ্ছে, রহমান পাগলার মেলা ততই ক্রমবর্ধিষ্ণু পরিসরে জমে উঠছে। মানুষ আসছে দূরদূরান্ত থেকে। ভাবছিলাম, গত ৭০ বছর যাবৎ রহমান ফকিরের অলৌকিক গল্পগাথার সেই কিংবদন্তিতে সাধারণ মানুষের কৌতূহল আর আগ্রহের যেন শেষ হয় না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা