× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

হাসান হাফিজ, জাকির জাফরান ও শাহনাজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম

ধানসিড়ি কবিতা

কুহকে যে মতিভ্রম

হাসান হাফিজ


দুঃখের মালিন্য নেই, শতমুখী কারুকাজ আছে

আমাকে সে নিয়ে যায় বঞ্চনা ও লাঞ্ছনার কাছে

বলি, আর কতোটুকু দুঃখ দিবি

অস্তিত্ব উপড়ে নিবি

আঁচড়ে কামড়ে দগ্ধ করবি কতো আর

সামনে অগ্নি বাধা ও পাহাড়

আয় দুঃখ গলাগলি করি

দু’জনে কলসি বেন্ধে

মেঘনায় যৌথ ডুবে মরি

আয় সখা চলে আয়,

বেলা বয়ে যায় 

সন্ধ্যা তার সংসার গুটায়

নেমে আসছে অতল আন্ধার

আমাকেই ‘গুম’ করো এতো অনাচার

বাল্যবিয়ে যৌতুকের হিংস্র নিপীড়ন

সহ্য আর কতো করবে মন

দুঃখ এসো, চলে এসো প্রিয়তমে

সময় যে দ্রুত বয়ে যায়

পারঘাটায় একাকী রয়েছে বসে

জীবনের কুহকে মায়ায়...



মধ্যরাতের কুকুর

জাকির জাফরান


যখন কোথাও কেউ নেই

তখন কুকুর কেন শেষবার

আমাকেই ডাকছে!


কাছে এসে

কোনো প্রশ্ন না করেই

চলে যাচ্ছে কুকুর;

শূন্যে প্রকাশিত লেজ দিয়ে

আমার বেদনাগুলো নাড়িয়ে নাড়িয়ে

এই ঘোর জ্যোৎস্নারাতে, প্রভু!


যেই পথে বাড়ি ফিরি রোজ 

সেই পথও আজ ঘুমিয়ে পড়েছে

কুকুরের পায়ের নিচে।


কোন বৃথা অতীতের দিকে

এতদিন মুখ করে ছিলাম,

হে মহাজগৎ! 



খুঁজবে আমায়

শাহনাজ


অজানা পথে যদি হারাই, ফিরে আসার ইচ্ছে

থাকলেও— ঐ আকাশের তারার মতো যদি

আঁধারেই হারিয়ে যাই, তখন কি 

আমাকে ডাকবে?


চিঠি দেবে মনের গহীন ঠিকানায়?

অবুঝ আচরণ তো কম করিনি,

মন খারাপের রোগটা তো আমারই দান—

বলেছিলে নিজের মুখে! তবে কি

ধরে নেব— আমার নিরুদ্দেশ হওয়াটাই চাও?


সব যান্ত্রিকতার আড়ালে ডুব দিতে চাই,

যুগ যুগ আগে যেমন ছিলাম—

অপরিচিত মুখ, আর অদেখা কেউ একজন,

এমনটাই হতে চাই। পাখির পালকে চিঠি দেব

বাতাসের সুরে কথা পাঠাব, বৃষ্টির সঙ্গে

মিশিয়ে দেব চোখের জল, তবুও

টুংটাং শব্দ পাঠাব না— কারণ যথেষ্ট বুঝে গেছি।

অপেক্ষার প্রহর ঠিকই কেটে যাবে তোমার—

অপেক্ষা করা তো ভুলেই গেছো

চিনচিন ব্যথাটাও আর করবে না

অস্থিরতার কথাও ভুলে যাবে।

তুমি মন খারাপের রোগেও ভুগবে না।


অনুভবে আমাকেও রাখবে না।

সপ্তাহ কিংবা মাস, অথবা বছরÑ

একটু মনে পড়লেও এড়িয়ে যাবে 

এভাবেই আমাকে ভুলে ভালো থাকবেÑ

হারাতে চাই, কারণ তুমি খুঁজবে না, তাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা