× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসমান কৃষিতে বিপ্লব

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:২০ পিএম

নাজিরপুরের দেইলবাড়ি ইউনিয়নের ভাসমান সবজি চারার বেড

নাজিরপুরের দেইলবাড়ি ইউনিয়নের ভাসমান সবজি চারার বেড

জলের ওপর কচুরিপানা জমিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা ‘ধাপ’ বা ভাসমান বেডে ফলানো হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের সবজি ও চারা। এতে বদলে যাচ্ছে পিরোজপুরের নাজিরপুরের নারী-পুরুষের এক দল কৃষকের জীবন। নাজিরপুর ও এর পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার শত শত একর জলমহাল জুড়ে এখন শুধু সবুজের সমারোহ। ঐতিহ্যবাহী এই ‘ভাসমান সবজি চারা চাষ’কে কেন্দ্র করে প্রতিবছর লেনদেন হচ্ছে প্রায় ১০ কোটি টাকা, এতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরছে গ্রামীণ নারীদের ভাগ্যের চাকা। এই কৃষি পদ্ধতিকে ইতোমধ্যে জাতিসংঘের একটি সংস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও দিয়েছে। 

যেভাবে চাষ হয় 

দেশের অন্যতম বৃহত্তম ভাসমান কৃষি চাষ ও সবজি চারা উৎপাদন হয় এই এলাকায়। এই কৃষি এলাকাটি পিরোজপুর শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের বৈঠাকাটা বাজার সংলগ্ন মুগারঝোর গ্রামে অবস্থিত। এর পাশাপাশি উপজেলার কলারদোয়ানিয়া, মালীখালী এবং নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের গ্রামগুলো এখন ভাসমান কৃষির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এসব এলাকায় বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস পর্যন্ত পানি জমে থাকে। ফলে প্রচলিত পদ্ধতিতে জমিতে সবজির চারা উৎপাদন ও চাষাবাদ করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পানিকে বাধা নয়, বরং চাষাবাদের সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন স্থানীয় হাজারো কৃষক। 

বর্ষার শুরুতে খাল বা বিলে জমে থাকা কচুরিপানাগুলো একত্র করে পচানো হয়। পরে কয়েক স্তরে জমাট বেঁধে তৈরি করা হয় ২ থেকে ৩ ফুট পুরু এবং ৫০ থেকে ১০০ ফুট লম্বা ভাসমান বেড বা ‘ধাপ’। এসব ধাপে মূলত শসা, লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, করলা, টমেটো, চালকুমড়া ও বেগুনের বীজ রোপণ করে চারা তৈরি করা হয়। এ ছাড়া ধাপে সরাসরি লালশাক, পালংশাক, ডাঁটাশাক ও পুঁইশাকও ফলানো হয়।

ভাসমান সবজি চারার কাজ করছেন একজন নারী চাষি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বছরের প্রতি মৌসুমে ভাসমান বেডে বিভিন্ন প্রজাতির প্রায় এক কোটি সবজির চারা উৎপাদিত হয়। এসব চারা বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা আয় হয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই মৌসুমজুড়ে এখান থেকে কোটি কোটি টাকার সবজি চারা ও তাজা সবজি সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়। দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলা তো বটেই, এমনকি দেশের উত্তরাঞ্চল থেকেও কৃষকরা এখানে আসেন চারা কিনতে। বর্তমানে এই পেশার সঙ্গে প্রায় ছয় হাজার কৃষক সরাসরি জড়িত রয়েছেন। 

এই ভাসমান কৃষি বিপ্লবের নেপথ্যে প্রাথমিক কাজের বড় একটি অংশ সামলান গ্রামের নারীরা। পুরুষ সদস্যরা যখন জলাশয়ে ধাপ তৈরি ও যাতায়াতের কাজে ব্যস্ত থাকেন, নারীরা তখন কেউ লতা সংগ্রহ করেন, কেউ ম্যাদা তৈরি করেন, আবার কেউ তাতে বীজ বপন ও অঙ্কুরিত চারার পরিচর্যা করেন। বাড়ির আশপাশে কিংবা জলাভূমির কাছে বসেই চলে তাদের কাজ। ভাসমান কৃষির এই প্রক্রিয়ায় নারীদের শ্রম গুরুত্বপূর্ণ হলেও তাদের অনেকের আয় সীমিত। 

এ ছাড়া কচুরিপানা, দুলালীলতা, শ্যাওলা, টেপপানা, গুঁড়িপানা ইত্যাদি জলজ উদ্ভিদের সঙ্গে খড়কুটা দিয়ে ছোট ছোট গোলাকার ‘বিড়া’ বা দোলনা তৈরি করেন নারীরা। এর ভেতরে মাটি ও পচাপাতা দিয়ে বীজের অঙ্কুরোদগম ঘটানো হয়।

পরে বীজ ফুটলে তা যত্নে বড় করে তোলা, পোকামাকড় দূর করা এবং ধাপে বসানোর উপযোগী করার মূল দায়িত্ব পালন করেন পরিবারের নারী ও কিশোরীরা।

পিরোজপুরের স্থানীয় কৃষকদের এই ভাসমান চাষাবাদের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। শত বছরের এই মেধা ও উদ্ভাবনীশক্তি আজ আর কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে পানির ওপর ফসল ফলানোর এই ভাসমান কৃষি পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০১৫ সালে ‘গ্লোবাল ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম’ (GIAHS) বা ‘বিশ্ব ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নাজিরপুর ও নেছারাবাদের এই পদ্ধতি আজ বিশ্বের জলবায়ু ঝুঁকিগ্রস্ত দেশগুলোর জন্য এক অনুকরণীয় মডেল। 

ভাসমান কৃষির বাজার 

এদিকে ভাসমান কৃষির প্রয়োজনীয় উপকরণ কেনাবেচা ঘিরেই জমে ওঠে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা হাট। ভোরের আলো ফুটতেই নদীর বুকে সারি সারি নৌকায় শুরু হয় বেচাকেনা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা নৌকায় করে নিয়ে আসেন জলজ উদ্ভিদ। এসব উপকরণ কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ঘুরে বেড়ান কৃষকরা। শনি ও মঙ্গলবার বসা এই হাটে এমন বেচাকেনার মধ্য দিয়েই শুরু হয় ভাসমান বেডে সবজির চারা উৎপাদনের অর্থনৈতিক কার্যক্রম। 

হাটে শ্যাওলা বিক্রি করতে আসা আলী হোসেন বলেন, মোল্লারহাট থেকে শ্যাওলা নিয়ে আসি। কুড়ি হিসেবে ১৬০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি করি। বেচাকেনা মোটামুটি। ভালো দিনে আট-নয় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়, বাজার খারাপ গেলে একটু কম হয়। 

পিরোজপুরের ভাসমান কৃষি বাজার

শ্যাওলা কিনতে আসা ইয়াসিন খান নামে এক ক্রেতা বলেন, ভাসমান বেডে চারা উৎপাদনের জন্য শ্যাওলা কিনতে বাজারে এসেছি। এই শ্যাওলা দিয়ে ভাসমান বেড তৈরি করে বিভিন্ন ধরনের সবজি ও চারা উৎপাদন করব। 

দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মুগারঝোর গ্রামের বাসিন্দা চাষি জাকারিয়া জানান, বিগত ৭-৮ বছর থেকে ভাসমান বেড ও সবজির চারা উৎপাদনের কাজ করছেন। নিজের কাজের পাশাপাশি গ্রামের অসচ্ছল ও কর্মহীন মানুষদের এ কাজে যুক্ত করেছেন। বর্তমানে তার উদ্যোগে অনেকে কাজ করছেন। 

এই চাষি আরও জানান, অনেক পরিবার দুঃখ-কষ্টে আছে। আমি তাদের সামনে এগিয়ে নিতে চাই, কিন্তু পারা যাচ্ছে না। সরকার যদি বিনা সুদে ঋণ দিত, তাহলে সামনে আগানো যেত, আরও মানুষকে কাজে লাগানো যেত। 

পার্শ্ববর্তী বলদিয়া গ্রামের নারী শ্রমিক আছিয়া খাতুন বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি। সারা দিন পরিশ্রম করে মাত্র ২০০ টাকা পাই। এতে চলা খুব কষ্ট হয়। নারীদের আর কোনো কাজ নেই, তাই এগুলোই করি। আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ভালো হতো। এক হাজার ম্যাদা বানিয়ে দেড়শ টাকা পাওয়া যায়, এতে কি আর সংসার চলে! 

বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড 

পিরোজপুরের জিয়ানগর বাজারে সবজির চারা খুচরা বিক্রি করেন আমজেদ হোসেন। তিনি বলেন, নাজিরপুরের ভাসমান বেডের চারা এনে এখানে বিক্রি করি। এসব চারা ভাসমান বেড থেকে পাঁচ থেকে সাত টাকা করে প্রতি পিস কিনে আনি। পরে আমরা বাজারের দিন বিভিন্ন জাতের সবজির চারা ১০ থেকে ১৫ টাকা করে বিক্রি করি। 

জাত, আকার, চাহিদা ও বাজারের ওপর নির্ভর করে চারার দাম কমবেশি হয়। পাইকারি ও খুচরা পর্যায়ে দামের এই পার্থক্য থেকে পরিবহনসহ অন্যান্য খরচ মেটানোর পাশাপাশি ব্যবসায়ীদের আয় হয়। ফলে চারা উৎপাদনকারী কৃষক, পাইকার, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও খুচরা বিক্রেতাÑ সব মিলিয়ে এই কৃষি ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড।

তবে স্থানীয় কৃষকদের দাবি, ভাসমান কৃষিকে আরও লাভজনক করতে কিছু সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া জরুরি। হিমাগার ও পরিবহন সুব্যবস্থা সহজে চারা ও পচনশীল সবজি দূর-দূরান্তে পরিবহনের জন্য দ্রুত যোগাযোগ ও সংরক্ষণ ব্যবস্থা জোরদার করা। সহজ শর্তে ঋণ প্রদান মৌসুমে কৃষকদের মূলধনের সংকট কাটাতে স্বল্প সুদে বা সুদমুক্ত কৃষিঋণের ব্যবস্থা করা। প্রযুক্তিগত প্রশিক্ষণ আধুনিক উপায়ে বীজ সংরক্ষণ ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের ওপর কৃষকদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া। 

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, নাজিরপুর ও নেছারাবাদে ভাসমান বেডে উৎপাদিত সবজির চারা খুলনা, যশোর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। কৃষি অফিস থেকে এই পেশার সঙ্গে জড়িত কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা