× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেই সড়ক ও বিদ্যুৎ

সুপেয় পানির অপেক্ষা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৫ পিএম

মাটিরাঙ্গার চকপাড়া গ্রামের দুই শতাধিক মানুষ আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত

মাটিরাঙ্গার চকপাড়া গ্রামের দুই শতাধিক মানুষ আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা গঠনের দীর্ঘ দুই যুগ পেরিয়ে গেলেও এখনও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকপাড়া গ্রামের ৪১টি ত্রিপুরা পরিবারের দুই শতাধিক মানুষ। পৌর সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দারা আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

কাগজ-কলমে তারা পৌরসভার নাগরিক হলেও বাস্তবে জীবন কাটাচ্ছে চরম অবহেলায়। স্বাধীনতার সুদীর্ঘ সময় ও পৌরসভা প্রতিষ্ঠার দুই দশক অতিক্রম হলেও চকপাড়ার মানুষ সড়ক যোগাযোগ, সুপেয় পানি এবং বিদ্যুৎ- এই তিন মৌলিক চাহিদার কোনোটিরই সুফল পাননি। উন্নয়নের আলো আজও পৌঁছয়নি এই দুর্গম জনপদে।

ওই এলাকার শিশুরা পড়াশোনার জন্য পার্শ্ববর্তী ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ওপর নির্ভরশীল। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ চকপাড়া থেকে অনেক দূরে। যাতায়াতের জন্য উপযোগী রাস্তা না থাকার দরুন শিক্ষার্থীরা হেঁটে স্কুলে যাতায়াত করে। বর্ষা মৌসুমে স্কুলে যাওয়া তাদের পক্ষে কষ্টসাধ্য হয়। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তর পেরোলেও কলেজে পৌঁছার আগেই অধিকাংশের শিক্ষাজীবন থেমে যায়। চরম দারিদ্র্যের কারণে অল্প বয়সেই অনেককে পড়াশোনা ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়তে হচ্ছে।

সরেজমিন চকপাড়া গিয়ে দেখা যায়, দুর্গম পাহাড়ি এলাকার নারীদের দৈনন্দিন কাজের বড় একটি অংশজুড়ে রয়েছে পানি সংগ্রহ। পাহাড়ের পাদদেশে ছড়ার পাশে গর্ত খুঁড়ে সেখানে জমা পানি কলস, হাঁড়ি ও পাতিলে ভরে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন তারা। বর্ষাকালে বৃষ্টির পানিই একমাত্র ভরসা। এলাকায় একমাত্র টিউবওয়েল থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কৃষিনির্ভর এই গ্রামে কোনো পাকা সড়ক নেই। ফলে মাটিরাঙ্গার হাটের দিনে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। যথাসময়ে পণ্য বাজারে পৌঁছাতে না পারায় কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েন।

বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন কাজ চলে কেরোসিনের কুপি বা সোলার লাইটের আলোয়, যা অনেকের নাগালের বাইরে। প্রধান পেশা কৃষি হলেও বিদ্যুতের অভাবে সেচকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মানুষের জীবিকা ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

চকপাড়ার কার্বারি বিজয় মোহন ত্রিপুরা বলেন, ‘সড়ক, পানি ও বিদ্যুতের দাবিতে আমরা বহুবার স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পথ অত্যন্ত দুর্গম হওয়ায় বর্ষায় আমাদের সন্তানরা প্রায়শই স্কুলে যেতে পারে না।’

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে প্রকল্প হাতে নিয়েছেন। আগামী মাস থেকে সোলারনির্ভর সাবমারসিবল পানির কল বসানো হবে, এর মাধ্যমে সুপেয় পানির দীর্ঘদিনের সংকটের সমাধান হবে। এ ছাড়া এলাকার এক কিলোমিটার সংযোগ সড়কটি এইচবিবি করার কাজও শিগগির শুরু হবে। টিআর-কাবিটা প্রকল্পের আওতায় ওয়াদুদ ভূঁইয়া এমপির বিশেষ বরাদ্দ থেকে কাঁচা রাস্তাটির যথাযথ উন্নয়ন করা হবে।’

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উম্মে তাহমিনা মিতু বলেন, ‘বর্তমানে পৌরসভার কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে ওই এলাকার উন্নয়নে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা