রায়হান রাকিব
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১১ পিএম
ঢাকার মিরপুরে ‘লার্নিং বিজ ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’
সন্তানের জন্য একজন মায়ের নিজের স্বপ্ন থামিয়ে দেওয়ার গল্প আমাদের সমাজে নতুন নয়। কিন্তু সেই থেমে যাওয়া স্বপ্নকে শক্তিতে পরিণত করে অন্য মায়েদের পাশে দাঁড়ানোর গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। ঢাকার মিরপুরে ‘লার্নিং বিজ ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’-এর প্রতিষ্ঠাতা নাদিয়া আহমেদের পথচলাও তেমনই এক সংগ্রাম, উপলব্ধি ও ঘুরে দাঁড়ানোর গল্প।
বিয়ের পর দীর্ঘ আট বছর তার পড়াশোনা থেমে ছিল। সন্তানকে বড় করে তোলা এবং পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিক্ষাজীবন এগিয়ে নেওয়া সহজ ছিল না। একসময় সেই বিরতি পেরিয়ে আবার পড়াশোনায় ফেরেন তিনি। বিবিএ ও এমবিএ সম্পন্ন করে বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হন। শিল্পচর্চা ও শিশুদের নিয়ে কাজ করার প্রতি তার আগ্রহ তাকে নতুন সম্ভাবনার পথ দেখায়।
কিন্তু করোনাকালে তার আর্ট স্কুলের কার্যক্রমও থমকে যায়। প্রতিকূল সময় পেরিয়ে পরে একটি ডে কেয়ারে আর্ট শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পান নাদিয়া। সেখানেই নিজের জীবনের পুরনো অভিজ্ঞতা নতুন করে উপলব্ধি করেন তিনি।
সন্তানকে দেখাশোনা করার নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকায় যে মাকে একসময় নিজের পড়াশোনা পিছিয়ে দিতে হয়েছিল, সেই অভিজ্ঞতাই তাকে ভাবায়Ñ অন্য কোনো মাকে যেন একই পরিস্থিতিতে পড়তে না হয়। কোনো কর্মজীবী মা-বাবাকে যেন সন্তানের পরিচর্যার জন্য নিজের চাকরি, পেশা কিংবা স্বপ্ন ছেড়ে দিতে না হয়। তারা যেন সন্তানের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থেকে স্বাচ্ছন্দ্যে নিজেদের কর্মজীবন এগিয়ে নিতে পারেনÑ এই ভাবনা থেকেই জন্ম নেয় তার উদ্যোগ।

ব্যক্তিগত কষ্ট থেকে সামাজিক দায়বদ্ধতা
নাদিয়া আহমেদের কাছে ডে কেয়ার প্রতিষ্ঠা কেবল একটি ব্যবসা গড়ে তোলা নয়; এটি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া একটি সামাজিক উদ্যোগ। তিনি উপলব্ধি করেছিলেন, সন্তানের নির্ভরযোগ্য পরিচর্যার ব্যবস্থা না থাকলে একজন মায়ের শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত স্বপ্ন কত সহজেই থমকে যেতে পারে।
সেই উপলব্ধিকে বাস্তবে রূপ দিতে শিশু পরিচর্যা ও প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক ও কেয়ারগিভারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেন, যাতে শিশুদের যত্ন, নিরাপত্তা ও শেখার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। গত চার বছর ধরে লার্নিং বিজ ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল শিশুদের পরিচর্যা, খেলাধুলা, নিরাপত্তা ও বয়স উপযোগী শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।
শুধু ডে কেয়ার নয়, শিশুর বেড়ে ওঠার প্রস্তুতি
প্রতিষ্ঠানটিতে ছয় মাস থেকে আট বছর বয়সী শিশুদের জন্য বয়সভিত্তিক পরিচর্যা ও শিক্ষার ব্যবস্থা রয়েছে। ইনফ্যান্ট ডে কেয়ার, ডে কেয়ার, প্রি-স্কুল এবং দেড় থেকে সাড়ে তিন বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টডলার প্রি-প্লে সেশন এর উল্লেখযোগ্য কার্যক্রম।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টার টডলার প্রি-প্লে সেশনে শিশুরা ছবি দেখে বর্ণমালা চেনা, গল্প, ছড়া, খেলাধুলা, বসে করার উপযোগী কার্যক্রম ও গঠনমূলক কাজে অংশ নেয়। পাশাপাশি ভালো আচরণ, অন্যদের সঙ্গে মেলামেশা, নিজের কাজ নিজে করার অভ্যাস এবং সামাজিক দক্ষতা বিকাশে উৎসাহিত করা হয়।
প্রতিষ্ঠানে সিসিটিভি সুবিধা, বয়স অনুযায়ী পরিচর্যা, খাবার, পরিচ্ছন্নতা ও দৈনন্দিন কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এসব সুবিধা অভিভাবকদের আস্থা তৈরিতে সহায়তা করে।
আর কোনো মায়ের জীবনে না ঘটে
নাদিয়া আহমেদের এই উদ্যোগের পেছনে রয়েছে একটি গভীর প্রত্যয়Ñ সন্তানকে বড় করতে গিয়ে যেন কোনো মা তার নিজের স্বপ্ন হারিয়ে না ফেলেন। সন্তানের যত্ন এবং নিজের কর্মজীবনÑ দুটিই যেন একজন অভিভাবক সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে পারেন।
তিনি চান, কর্মজীবী মা-বাবারা তাদের সন্তানকে একটি নিরাপদ, স্নেহপূর্ণ ও শেখার উপযোগী পরিবেশে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে যেতে পারবেন। সন্তানও সেখানে শুধু সময় কাটাবে না; বরং খেলাধুলা, সামাজিক মেলামেশা ও বয়স উপযোগী কার্যক্রমের মধ্য দিয়ে নতুন কিছু শিখবে।
একজন নারী উদ্যোক্তার এই উদ্যোগ তাই শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয়; এটি কর্মজীবী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। নিজের জীবনের সীমাবদ্ধতা ও সংগ্রামকে অন্যের জন্য সম্ভাবনায় রূপ দেওয়ার মধ্যেই নাদিয়া আহমেদের উদ্যোগের বিশেষত্ব।
নাদিয়া আহমেদের স্বপ্ন- কোনো কর্মজীবী অভিভাবককে যেন সন্তানের পরিচর্যার জন্য নিজের চাকরি বা স্বপ্ন বিসর্জন দিতে না হয়। প্রতিটি শিশু পাক নিরাপদে বেড়ে ওঠার সুযোগ, আর প্রতিটি মা-বাবা সন্তানকে নিয়ে নিশ্চিন্ত থেকে নিজের কর্মজীবন ও স্বপ্ন এগিয়ে নেওয়ার স্বাধীনতা।
লার্নিং বিজ ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলের এই পথচলা তাই এক মায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া আরেকটি সম্ভাবনার নামÑ যেখানে শিশুর যত্নের পাশাপাশি গুরুত্ব পায় মা-বাবার স্বপ্নও।