খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১০:২৩ এএম
জুড়ীর বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা জাম্বুরা বাছাই করে বস্তাবন্দি করছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় স্থানীয় বাজারে তেমন কদর ছিল না। উৎপাদিত জাম্বুরা বিক্রি নিয়েও দুশ্চিন্তায় থাকতেন কৃষকরা। সময়ের ব্যবধানে সেই জাম্বুরাই এখন হয়ে উঠেছে সম্ভাবনাময় কৃষিপণ্য। স্থানীয়ভাবে ‘মাতু জামির’ নামে পরিচিত এ ফলের স্বাদে রয়েছে টক, মিষ্টি ও হালকা তিতার মিশ্রণ। মূলত স্বাদ, আকার ও গুণগত মানের কারণে মৌলভীবাজারের জুড়ীর জাম্বুরার চাহিদা বাড়ছে দেশজুড়ে।
জুড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন গ্রামের টিলাবাড়ি এবং বসতবাড়ির আশপাশে জাম্বুরার আবাদ হচ্ছে। এসব এলাকায় প্রায় ৬৬ হেক্টর জমিতে ১০ হাজারের মতো জাম্বুরা গাছ রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ২০০ মেট্রিক টন।
সরেজমিন দেখা যায়, উপজেলার লাঠিটিলা সড়কের কালামাটি ত্রিমুখী পয়েন্টে জাম্বুরা সংগ্রহ, বাছাই ও বস্তাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। পরে ট্রাকে করে এসব ফল পাঠানো হচ্ছে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন বাজারে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুযায়ী, প্রতিবছর জুড়ী থেকে উল্লেখযোগ্যসংখ্যক ট্রাকে জাম্বুরা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা অগ্রিম চুক্তিতে জাম্বুরা বাগান কিনে মৌসুমে ফল সংগ্রহ করেন। আকার ও মানভেদে প্রতি বস্তা জাম্বুরা ১ হাজার থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়।
ঢাকার যাত্রাবাড়ীর এক ফল ব্যবসায়ী জানিয়েছেন, জুড়ীর জাম্বুরার চাহিদা তাদের বাজারে অনেক বেশি। স্বাদের কারণে ক্রেতারা এ ফল পছন্দ করেন। এ ছাড়া অনলাইনে ফল বিক্রেতা প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা জানান, তিনি দুই বছর ধরে জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। ভবিষ্যতে বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামে দুটি জাত উদ্ভাবন করা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে আরও ১৬টি সম্ভাবনাময় জাতের সন্ধান পাওয়া গেছে। এসব জাতের চারা উৎপাদন ও বাগান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের উন্নত চাষাবাদ ও রোগবালাই দমনেও পরামর্শ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, উন্নত জাতের সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ, সংরক্ষণ ও মানসম্মত প্যাকেজিং নিশ্চিত করা গেলে জুড়ীর জাম্বুরা আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।