× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণিল চুল

লাবিবা ইরম

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৬:২৪ পিএম

চুল রঙ করার যতকিছু                                                    ছবিতে তানাজ আহমেদ স্মিতা

চুল রঙ করার যতকিছু ছবিতে তানাজ আহমেদ স্মিতা

একঘেয়ে কালো চুলের রূপ থেকে বেরিয়ে নানা রঙের চুলের একটা ট্রেন্ড চলছে বর্তমানে। ছেলে হোক বা মেয়ে, অনেকেই চুল কালার করছেন। কারও কাছে হেয়ার কালার ফ্যাশন বা ট্রেন্ড, কারও কাছে নিজেকে প্রকাশের একটা উপায়। কিন্তু চুলে রঙ করা মানে শুধু পছন্দের একটি শেড বেছে নিয়ে চুলে লাগিয়ে ফেলা নয়। এর আগে চুলের প্রস্তুতি, রঙ করার সময় কিছু নিয়ম মেনে চলা এবং পরে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। একটু অসতর্কতায় শখের রঙ পরিণত হতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর চুলের কারণ। তাই চুলে রঙ করার আগে, করার সময় এবং পরে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, তা জেনে নেওয়া ভালো।

চুল রঙ করার আগে 

হেয়ার কালার করার আগে চুলের অবস্থা বুঝে নেওয়া জরুরি। চুল অতিরিক্ত শুষ্ক, দুর্বল, আগা ফাটা বা সহজে ছিঁড়ে গেলে আগে চুলের যত্ন নিন। আগে ব্লিচ, রিবন্ডিং, পার্ম বা অন্য রাসায়নিক ট্রিটমেন্ট করা থাকলে সেটিও বিবেচনায় রাখুন। কাছাকাছি সময়ে একাধিক রাসায়নিক প্রক্রিয়া চুলের ক্ষতি বাড়াতে পারে।

রঙ করার আগে কন্ডিশনার ও হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল সাময়িকভাবে নরম ও সিল্কি হতে পারে। তবে এগুলো ক্ষতিগ্রস্ত চুল পুরোপুরি সারায় না। চুলের অবস্থা বেশি খারাপ হলে আগে ড্যামেজ কন্ট্রোল করা ভালো। নতুন হেয়ার কালার ব্যবহারের অন্তত ৪৮ ঘণ্টা আগে কোম্পানির নির্দেশনা মেনে প্যাচ টেস্ট করুন। সাধারণত কানের পেছনে বা কনুইয়ের ভাঁজে অল্প রঙ লাগিয়ে পরীক্ষা করা হয়। আগে সমস্যা না হলেও পরে অ্যালার্জি হতে পারে, তাই প্রতিবার রঙ করার আগে এই পরীক্ষা জরুরি। স্ক্যাল্পে ঘা, র‍্যাশ, জ্বালাপোড়া বা সংক্রমণ থাকলে কালার করবেন না।

বীনায়রা বীনা 

পাশাপাশি চুলের ছোট অংশে স্ট্র্যান্ড টেস্ট করে শেডটি কেমন আসবে এবং চুলে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে কি না দেখুন। কালো চুলে নীল, গোলাপি বা বেগুনির মতো উজ্জ্বল রঙ করার আগে এটি বিশেষভাবে কাজে আসে।

যেসব জিনিস খেয়াল রাখতে হবে

হেয়ার কালার কেনার সময় প্রথমেই দেখে নিন পণ্যটি অরিজিনাল ও মেয়াদ আছে কি না। ব্যবহারের সময়ও প্যাকেটের নির্দেশনা মেনে চলা জরুরি। বাজারে সাধারণত পার্মানেন্ট, সেমি-পার্মানেন্ট ও টেম্পোরারি হেয়ার কালার পাওয়া যায়। পার্মানেন্ট কালার তুলনামূলকভাবে বেশিদিন থাকে, সেমি-পার্মানেন্ট কয়েকবার শ্যাম্পু করার পর ধীরে ধীরে হালকা হয়। টেম্পোরারি কালার সাধারণত এক-দুবার চুল ধুলেই উঠে যায়। কত দিন রঙ রাখতে চান, সেটি বিবেচনা করে কালার বেছে নিন।

রঙ করার আগে চুল কয়েক ভাগে ভাগ করলে প্রতিটি অংশে সমানভাবে রঙ লাগানো সহজ হয়। কালার করার সময় গ্লাভস পরুন এবং নির্ধারিত সময়ের বেশি রঙ চুলে রাখবেন না। বেশি সময় রাখলে রঙ ভালো হবে, এমন নয়; বরং এতে মাথার ত্বক ও চুলের ক্ষতি হতে পারে।

রঙ করার সময় সাবধানতা

  •  হাতে গ্লাভস পরুন এবং হেয়ারলাইনের বাইরের ত্বকে ভ্যাসলিন লাগিয়ে নিন, যাতে রঙ লেগে দাগ না পড়ে।
  •  প্যাকেটের নির্দেশনা অনুযায়ী রঙ তৈরি ও ব্যবহার করুন। ভিন্ন ব্র্যান্ড বা ধরনের কালার নিজের ইচ্ছামতো মেশাবেন না।
  •  অতিরিক্ত জ্বালা, চুলকানি বা অস্বাভাবিক অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে কালার ধুয়ে ফেলুন।
  •  চোখে রঙ লাগতে দেবেন না। লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কালার করতে ব্লিচ কি লাগবেই

কালো বা গাঢ় চুলে নীল, গোলাপি বা উজ্জ্বল রঙ ফুটিয়ে তুলতে অনেক সময় আগে ব্লিচ করতে হয়। ব্লিচ চুলের মেলানিন ভেঙে রঙ হালকা করে, এরপর তার ওপর পছন্দের কালার করা হয়। এতে ব্লিচ পাউডারের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডযুক্ত ডেভেলপার মেশানো হয়। ডেভেলপারের ভলিউম যত বেশি, সাধারণত চুল হালকা করার ক্ষমতাও তত বেশি, তবে ক্ষতির ঝুঁকিও বাড়ে। তাই পণ্যের নির্দেশনা অনুযায়ী মেশানোর অনুপাত মানতে হবে। ৪০ ভলিউম বা তার বেশি ডেভেলপার নিজে ব্যবহার না করাই ভালো।

হেয়ার কালারের সঙ্গে ডেভেলপার দেওয়া থাকলে অনেক সময় আলাদা করে ব্লিচ করার প্রয়োজন পড়ে না। আর আগে ব্লিচ করা চুলে একই অংশে বারবার করলে চুল ভেঙে যেতে পারে। প্রথমবার ব্লিচ করতে চাইলে অভিজ্ঞ কালারিস্টের সাহায্য নেওয়া নিরাপদ।

চুল রিবন্ডিং বা পার্ম করা থাকলে কী করবেন

রিবন্ডিং, কেমিক্যাল স্ট্রেইটেনিং বা পার্ম করা চুলে নতুন করে কালার বা ব্লিচ করলে চুল আরও ড্রাই ও ভঙ্গুর হতে পারে। তাই অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করুন, প্রয়োজন হলে আরও সময় নিন। চুল দুর্বল হলে রাসায়নিক ট্রিটমেন্ট এড়িয়ে চলুন। কালারের আগে স্ট্র্যান্ড টেস্ট করুন এবং ব্লিচের ক্ষেত্রে অভিজ্ঞ কালারিস্টের পরামর্শ নিন।

রঙ করার পর

চুলে রঙ করার পর একটু বাড়তি যত্ন দরকার। রঙ যেন দ্রুত হালকা না হয়ে যায়, পাশাপাশি চুলের স্বাভাবিক নরমভাবও যেন বজায় থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। রঙ করার পর কবে শ্যাম্পু করবেন, তা ব্যবহৃত পণ্যের নির্দেশনা অনুযায়ী ঠিক করুন। এরপর কালার-সেফ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুল বেশি শুষ্ক লাগলে সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

করণীয়

  •  অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোবেন না। হেয়ার কালারের জন্য কালার প্রোটেক্ট শ্যাম্পু ব্যবহার করা ভালো।
  •  স্ট্রেইটনার, কার্লার বা ব্লো ড্রায়ার খুব বেশি ব্যবহার করবেন না। ব্যবহার করলে হিট প্রোটেকট্যান্ট লাগান।
  •  ভেজা চুলে জোরে চিরুনি চালাবেন না। চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন।
  •  নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন এবং প্রয়োজন বুঝে হেয়ার মাস্ক দিন।
  •  বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করে চুলকে অতিরিক্ত রোদ থেকে বাঁচান।

কত দিন পর পর হেয়ার কালার করবেন

চুলে কত দিন পর পর রঙ করা যাবে, তার নির্দিষ্ট নিয়ম নেই। কালারের ধরন, চুলের অবস্থা ও আগের ট্রিটমেন্টের ওপর এটি নির্ভর করে। পার্মানেন্ট কালারে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পর গোড়ায় টাচআপ প্রয়োজন হতে পারে। তবে দুর্বল চুলে ঘন ঘন রঙ বা ব্লিচ না করাই ভালো।

বাসায় নাকি পার্লারে করা ভালো

সাধারণ রঙ বাসায় করা যায়। তবে ব্লিচ, কালার কারেকশন, একাধিক শেড বা বড় পরিবর্তনের ক্ষেত্রে অভিজ্ঞ কালারিস্টের সাহায্য নেওয়াই নিরাপদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা