আফসানা মিমি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম
সকালে শর্করা নিয়ন্ত্রণ করবেন যেভাবে
অনেক সময় রাতে খাবার খাওয়ার পর দীর্ঘ সময় না খেয়ে থাকা সত্ত্বেও সকালে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এর পেছনে শরীরের স্বাভাবিক হরমোনের পরিবর্তন, রাতের খাবারের ধরন, ঘুমের অভাব কিংবা দৈনন্দিন জীবনযাপনের অনিয়ম ভূমিকা রাখতে পারে।
কেন সকালে রক্তে শর্করা বেড়ে যায়
সকালে রক্তে শর্করা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ‘ডন ফেনোমেনন’। ভোরের দিকে শরীর থেকে কর্টিসল ও গ্রোথ হরমোনের মতো কিছু হরমোন নিঃসৃত হয়। এগুলো শরীরকে ঘুম থেকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। এ সময় লিভার থেকে গ্লুকোজ নিঃসরণ বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে কিংবা ইনসুলিন কার্যকরভাবে কাজ না করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এ ছাড়া রাতে অতিরিক্ত খাবার খাওয়া, ঘুমানোর আগে মিষ্টি বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম না হওয়াও সকালে রক্তে শর্করা নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে।
সকালের খাবার
দিনের প্রথম খাবার বা নাশতা রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে মিষ্টি চা, বিস্কুট, সাদা পাউরুটি কিংবা অতিরিক্ত চিনি দেওয়া খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে ডিম, শাকসবজি, পরিমিত পরিমাণে আটার রুটি, ওটস কিংবা অন্যান্য আঁশসমৃদ্ধ খাবার রাখা যেতে পারে। খাবারে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বির সমন্বয় থাকলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং রক্তে শর্করার দ্রুত ওঠানামা কমাতে সহায়তা করে।
ঘুম থেকে উঠে হালকা শরীরচর্চা
সকালে হাঁটা বা হালকা ব্যায়াম শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ২০ থেকে ৩০ মিনিট হাঁটার অভ্যাস রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন ও হৃদস্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক। তবে যাদের রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের ব্যায়ামের আগে সতর্ক থাকা প্রয়োজন।
রাতের খাবারেও প্রয়োজন নিয়ন্ত্রণ
সকালের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে চাইলে রাতের খাবারের দিকেও নজর দিতে হবে। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়া, অতিরিক্ত ভাত বা মিষ্টিজাতীয় খাবার গ্রহণের অভ্যাস কমানো উচিত। রাতের খাবারে পরিমিত ভাত বা রুটির সঙ্গে মাছ, ডিম, ডাল ও সবজি রাখা যেতে পারে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ।
শুধু খাবার নয়, নিয়মিত পরীক্ষা জরুরি
সকালে রক্তে শর্করা বেড়ে গেলে নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা পরিবর্তন করা কিংবা খাবার বাদ দেওয়া উচিত নয়। নিয়মিত ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।