প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক নগরজীবন, ঐতিহ্যবাহী সংস্কৃতি আর প্রযুক্তির অনন্য সমন্বয়ের দেশ জাপান। দেশটি ভ্রমণের পরিকল্পনা করছেন অনেক বাংলাদেশি। তবে ভ্রমণের প্রস্তুতি শুরুর আগেই জেনে নিতে হবে ভিসা আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপ্রক্রিয়া ও সম্ভাব্য খরচ সম্পর্কে। কারণ, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের পর্যটক হিসেবে জাপানে যেতে আগাম ভিসা নিতে হয়।
জাপানের ঢাকাস্থ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশে জাপানের ভিসা আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে VFS Global। ফলে সাধারণ আবেদনকারীদের সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন জমা দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত আবেদনকেন্দ্রের মাধ্যমেই সম্পন্ন করতে হবে পুরো প্রক্রিয়া।
আবেদন করবেন কোথায়?
জাপানের ভিসা পেতে প্রথমেই যেতে হবে VFS Global-এর বাংলাদেশভিত্তিক জাপান ভিসা আবেদনকেন্দ্রের ওয়েবসাইটে। সেখানে ভিসার ধরন নির্বাচন করে পর্যটন বা ‘Sight-seeing’ ক্যাটাগরির নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনকারীরা এই ওয়েবসাইট থেকেই প্রয়োজনীয় নথির তালিকা, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আবেদন জমা, পাসপোর্ট সংগ্রহ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য জানতে পারবেন।
যেসব নথি প্রস্তুত রাখতে হবে
ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখা গুরুত্বপূর্ণ। জাপানের দূতাবাসের পর্যটন ভিসার নির্দেশনা অনুযায়ী সাধারণত যেসব নথি প্রয়োজন হয়—
তবে আবেদনকারীর পেশা, আর্থিক অবস্থা এবং ভ্রমণের ব্যয় বহনের ধরন অনুযায়ী নথির চাহিদা ভিন্ন হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে VFS Global-এর সর্বশেষ ‘Sight-seeing’ চেকলিস্ট দেখে নেওয়া উচিত।
ধাপে ধাপে যেভাবে করবেন আবেদন
জাপানের পর্যটন ভিসার আবেদন করতে প্রথমে প্রয়োজনীয় সব নথি সংগ্রহ ও প্রস্তুত করতে হবে। এরপর VFS Global-এর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত দিনে আবেদনকেন্দ্রে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের সময় বায়োমেট্রিক বা অন্য কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন হলে সংশ্লিষ্ট কেন্দ্রের নির্দেশনা মেনে তা সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর পাওয়া রসিদ ও ট্র্যাকিং তথ্য সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে পরবর্তী সময়ে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
ভিসার খরচ ও প্রসেসিং সময়
বাংলাদেশি নাগরিকদের জন্য জাপানের ভিসা ইস্যুতে দূতাবাসের নির্ধারিত ভিসা ফি নেই। তবে আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্বে থাকা VFS Global-এর সার্ভিস চার্জ দিতে হয়। এই চার্জের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তাই আবেদনের আগে ওয়েবসাইট থেকে হালনাগাদ ফি জেনে নেওয়া ভালো।
আবেদন জমা দেওয়ার পর ভিসা ইস্যু হতে সাধারণত ন্যূনতম সাত কর্মদিবস লাগতে পারে। তবে কাগজপত্রে ঘাটতি, অতিরিক্ত তথ্য যাচাই কিংবা বিশেষ পর্যালোচনার প্রয়োজন হলে অপেক্ষার সময় কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে। এ কারণে ভ্রমণের তারিখ নির্ধারণ করে শেষ মুহূর্তে আবেদন না করে পর্যাপ্ত সময় হাতে রেখে প্রক্রিয়া শুরু করাই বুদ্ধিমানের কাজ।
বাংলাদেশ থেকে ই-ভিসার সুযোগ আছে কি?
জাপানের ই-ভিসা ব্যবস্থার আওতাভুক্ত দেশের তালিকায় বাংলাদেশে বসবাসকারী আবেদনকারীরা বর্তমানে অন্তর্ভুক্ত নন। ফলে বাংলাদেশ থেকে পর্যটন ভিসার জন্য আবেদন করতে হলে প্রচলিত VFS Global প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তবে অন্য দেশে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে আবেদনপদ্ধতি ভিন্ন হতে পারে।
ভ্রমণের আগে কয়েকটি বিষয় মনে রাখুন
ভিসার আবেদন জমা দিলেই যে অনুমোদন পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। আবেদনকারীর দেওয়া তথ্য ও জমা দেওয়া নথি পর্যালোচনা করে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাই সব তথ্য সঠিকভাবে উপস্থাপন, প্রয়োজনীয় নথি প্রস্তুত এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করা জরুরি।
জাপান ভ্রমণের স্বপ্ন পূরণে শুধু টিকিট ও হোটেল বুকিং করলেই হবে না; ভিসার প্রস্তুতিও নিতে হবে পরিকল্পিতভাবে। সর্বশেষ নিয়ম ও ফি জানতে জাপান দূতাবাস এবং VFS Global-এর সরকারি ওয়েবসাইট অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।