তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১০:৩৪ এএম
পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সেন্টমার্টিনের জেটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গতকাল রবিবার থেকে পর্যটকদের জন্য খুলেছে সেন্টমার্টিন। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় সেন্টমার্টিনের উদ্দেশে গতকাল পর্যন্ত কোনো জাহাজ ছেড়ে যাওয়ার অনুমতি পায়নি বলে জানা গেছে। এদিকে, দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর দ্বীপে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়ায় আশান্বিত ছিলেন পর্যটন ব্যবসায়ীরা। এজন্য পর্যটন মৌসুমের প্রথম দিনে পর্যটকদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন দেশের একমাত্র প্রবাল দ্বীপের দেড় শতাধিক হোটেল ও রিসোর্ট মালিকরা। কিন্তু কক্সবাজার থেকে জাহাজ চলাচল শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, সেন্টমার্টিনে প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজের প্রতিটিতে গড়ে ৫ থেকে ২০ জন পর্যন্ত কর্মী (ম্যানেজার, রিসেপশনিস্ট, বয়, বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী) কাজ করেন। সেই হিসাবে শুধু হোটেলগুলোতেই ১,৫০০ থেকে ২,৫০০ জন স্থায়ী ও অস্থায়ী কর্মচারী নিয়োজিত থাকেন।
সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা প্রায় ১২ হাজার। স্থানীয় জনসাধারণের একটি বিশাল অংশ এই হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা, ভ্যান চালানো এবং ট্যুরিস্ট বোট বা নৌপরিবহনের সাথে যুক্ত।
দ্বীপের পর্যটন ব্যবসায়ীরা জানান, ১ নভেম্বর পর্যটক নিয়ে জাহাজ আসবে সেই প্রত্যাশায় প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা। কিন্তু পর্যটকবাহী কোনো জাহাজ না আসায় চরমভাবে হতাশ হয়েছেন ব্যবসায়ীরা।
আবদুল হাকিম নামের একটি রিসোর্টের মালিক জানান, সব প্রস্তুতি নিয়েও জাহাজ না আসায় তারা হতাশ।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যাপ্ত কাগজপত্র জমা দিতে না পারায় এখন পর্যন্ত কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ট্যুরিজম বোর্ডের কিছু কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন দ্বীপে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জাহাজ চলাচলের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজ চালাতে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। কিন্তু এসব প্রক্রিয়া এখনও শেষ হয়নি। অন্যদিকে পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যার চালুর কথা, সেটিও প্রস্তুত হয়নি। এ কারণে রবিবার থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে আগামী বৃহস্পতি বা শুক্রবার থেকে চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার নদীবন্দরের উপ-পরিচালক নয়ন শীল বলেন, সেন্টমার্টিনে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিএ থেকে রুট পারমিট নিতে হয়। এখন পর্যন্ত কোনো জাহাজ মালিক চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেননি। আবেদন পাওয়ার পর জাহাজ পরিদর্শন করে অনুমোদন দেওয়া হবে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, রবিবার থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেওয়া হবে না। জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে চলাচল শুরুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হতে পারে।