× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসার রূপসী

একেএম ফজলুল হক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১২:৪৮ পিএম

রূপসার রূপসী

শরীরজুড়ে রঙের বাহার। পাখিটি ডানা মেলে উড়লে যেন রংধনুর সাত রঙের ঝলমলে আভা ছড়িয়ে পড়ে চারপাশে। এক অদ্ভুত সুন্দর পাখি ‘খয়রামাথা শুমচা’। আরও বেশ কিছু নামে ডাকা হয় পাখিটিকে, যেমনÑ ছোট হালতি, রুমালমাথা শুমচা, নীলপাখি ও নীলফক্কি। ইংরেজি নাম ওয়েস্টার্ন হুডেড পিট্টা, বৈজ্ঞানিক নাম : পিট্টা সর্দিদা। গ্রীষ্মকালে প্রজননের জন্য আমাদের দেশে আসে বলে এরা ‘সামার অ্যাম্বেসেডর’ বা ‘গ্রীষ্মের দূত’ হিসেবে পরিচিত। দুর্লভ এই বর্ণিল পাখিটি মূলত ঘন চিরসবুজ বন, পত্রঝরা বন এবং বাঁশঝাড়ের ভেজা স্যাঁতসেঁতে মাটিতে বিচরণ করে। বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে আগস্ট মাস এদের প্রজননকাল। এ সময় নির্দিষ্ট কিছু বনাঞ্চলে এদের দেখা যায়।

অনেক দিন ধরেই এই পাখিটিকে দেখার এবং ছবি তোলার ইচ্ছা মনে পুষে রেখেছিলাম। সম্প্রতি কাঙ্ক্ষিত সেই সুযোগটি এলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানালেন, পেশাগত কাজে খুলনা যাবেন। আমিও তার সফরসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিলাম। উদ্দেশ্য খুলনা অঞ্চলের পাখির সন্ধান ও ছবি তোলা।

খুলনায় পৌঁছে যোগাযোগ করি স্থানীয় আলোকচিত্রী প্রদ্যুত কুমার ভট্টের সঙ্গে। তিনি আশার বাণী শোনালেন। জানালেন, রূপসা উপজেলার প্রত্যন্ত কাজদিয়া গ্রামের বনাঞ্চল ও বাঁশঝাড়ে এই সময় খয়রামাথা শুমচার দেখা মেলে। তখন মে মাস। আবহাওয়া বেশ খারাপ ছিল। সকালে ভ্যাপসা গরম আর হালকা বৃষ্টির মধ্যেই আমরা রূপসা ঘাটের উদ্দেশে রওনা হলাম। ঘাটে পৌঁছে আমরা তিনজন একটা নৌকায় রূপসা নদী পার হলাম। তারপর টেম্পো নিয়ে সোজা চলে গেলাম কাজদিয়া গ্রামে।

গ্রামে পা রাখতেই চোখ জুড়িয়ে গেল। গ্রাম তো নয়, যেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি চিরসবুজ বন! নানা প্রজাতির ঘন গাছপালা আর বাঁশঝাড়ের মাঝখানে দুয়েকটা করে বাড়ি। গ্রামে ঢুকতেই শ্যামার ডাক কানে এলো। একটু এগোতেই দেখি, একটা শ্যামা পাখি গাছের ডালে বসে মিষ্টি কণ্ঠে গান গেয়ে যাচ্ছে। কী মধুর সেই কণ্ঠ! রূপসার কাজদিয়া গ্রাম প্রথম দর্শনেই আমাদের বিমোহিত করল। আমরা ক্যামেরা বের করে সেই সুরেলি পাখিটার সুন্দর কিছু ছবি তুললাম।

সময় নষ্ট না করে প্রদ্যুত দাদা আমাদের নিয়ে কাঙ্ক্ষিত ‘খয়রামাথা শুমচা’ পাখির খোঁজে এগিয়ে গেলেন। কিছুদূর যেতেই পাখিটার ‘কুইক-কুইক’ শিস শুনতে পেলাম। আমরা একটা গাছের আড়ালে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই পাখিটা উড়ে এসে একটা বাঁশঝাড়ের নিচে বসল। হয়তো আমাদের উপস্থিতি টের পেয়েছিল, তাই আবার উড়ে চলে গেল। আমি বাস্তবে এই প্রথম ‘খয়রামাথা শুমচা’ দেখলাম।

এরপর আমরা পাখিটির খোঁজে অন্য একটি জায়গায় গেলাম। এভাবে বিকাল পর্যন্ত পুরো গ্রাম ঘুরে আমরা পাখি খুঁজলাম আর ছবি তুললাম। খারাপ আবহাওয়া ও কম আলোর কারণে কাঙ্ক্ষিত মানের ছবি তুলতে না পারলেও সেদিন গ্রামটিতে আমরা শ্যামা, খয়রামাথা শুমচা, মালকোহা, তামাটে কাঠঠোকরা, সিঁদুরে মৌটুসি, চুনিমুখি মৌটুসি, সবুজ ঘুঘু, স্বর্গীয় দুধরাজ, কালাঘাড় রাজন ও রাতচোরাসহ বেশ কিছু দুর্লভ পাখি দেখতে পাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম, পাখিগুলো বহু দিন ধরে এই গ্রামে বসবাস ও আসা-যাওয়া করে।

শালিকের চেয়ে কিছুটা ছোট পাখি খয়রামাথা শুমচা। এদের দেহ সবুজ। মাথার চাঁদি খয়েরি। ঘাড় কালচে খয়েরি। গলা, গাল ও ঠোঁট কালো। পা কালচে, চোখ কালচে বাদামি। এদের ডানা উজ্জ্বল নীল। এরা অন্য পরিযায়ী পাখিদের সঙ্গে মেশে না। নিভৃতে একাকী বা জোড়ায় ঘুরে বেড়ায়। বনের গভীরে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। 

এরা মাটিতে হেঁটে হেঁটে পোকামাকড়, কীটপতঙ্গ, লার্ভা এবং কেঁচো খুঁজে খায়। মাটির কাছাকাছি বা নিচু ঝোপঝাড়ে ছোট ডালপালা ও পাতা দিয়ে এরা বাসা বানায়। সর্বোচ্চ দুই থেকে পাঁচটি ডিম দেয়। বাবা-মা উভয়ই ডিমে তা দেয় এবং ছানাদের যত্ন নেয়। প্রজনন মৌসুমে ভারত ও নেপাল থেকে এরা বাংলাদেশে আসে। বাচ্চারা উড়তে শেখার পর আবার এদেশ ছেড়ে চলে যায়। 

লেখক : প্রকৌশলী ও আলোকচিত্রী, রংপুর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা