সাক্ষাৎকার: অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন
গোলাম কিবরিয়া
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১১:৪৪ এএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হয়েছে। তার দায়িত্বকালে অ্যাকাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশ এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া
দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন?
দায়িত্ব গ্রহণের পর আমি প্রথমেই অগ্রাধিকার দিয়েছি যেন শিক্ষার্থীরা চার বছরের মধ্যেই তাদের স্নাতক সম্পন্ন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সেই লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বার্ষিক দুটি সেমিস্টারের ক্লাস এবং পরীক্ষা যথাসময়ে নেওয়ার ব্যবস্থা করেছি। ফলে শিক্ষার্থীরা সেশনজট ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নাতক সম্পন্ন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। সে বিবেচনায় আমরা অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৪ তলাবিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ চলমান। আমাদের পরিকল্পনা হলো, আগামী দুই বছরের মধ্যে ভবনটির কাজ সম্পন্ন করা। এ ছাড়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১২টি কলেজের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্স সম্পন্ন করে। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পরিধি শুধু নিজস্ব ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিস্তৃত কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। ভবিষ্যতে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। পর্যায়ক্রমে নতুন ভবন নির্মাণ, শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করতে চাই।
বুটেক্সের শিক্ষার মান এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের চিত্র সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান ও কারিকুলাম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে। টেক্সটাইল খাতের চাহিদা, প্রযুক্তিগত নতুন উদ্ভাবনের জ্ঞান কারিকুলামে অধিভুক্ত এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় দক্ষতার বিষয়গুলো আমাদের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত আশাব্যঞ্জক। আমার বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের কর্মসংস্থানের হার শতভাগের কাছাকাছি বা শতভাগ। অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পরপরই চাকরির সুযোগ পেয়ে থাকে। টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হওয়ায় দক্ষ ও প্রশিক্ষিত গ্র্যাজুয়েটদের চাহিদা রয়েছে। তবে শিল্পের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং ব্যবহারিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করাও আমাদের ধারাবাহিক কাজের অংশ।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ক্লাব, বুটেক্স ডিবেট ক্লাব, ওয়েট প্রসেস ক্লাব, স্বেচ্ছায় রক্তদান সংগঠণ, ফটোগ্রাফি ক্লাব, সায়েন্স ক্লাব, বুটেক্স রেডিও, সাহিত্য সংসদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ২৫টি ক্লাব ও সংগঠন রয়েছে। এসব সংগঠন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীলতা চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় এসব ক্লাবের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বুটেক্সকে এগিয়ে নিতে গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কী পরিকল্পনা রয়েছে?
একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হলে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পসমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার সক্ষমতাও একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা গবেষণার পরিবেশ উন্নয়ন এবং গবেষণামুখী একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছি। একই সঙ্গে আরও বেশি শিক্ষক ও গবেষককে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামকে শক্তিশালী করার বিষয়টিও আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
বিশেষ করে টেক্সটাইল প্রযুক্তি, নতুন উপকরণ, উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং শিল্পের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন। আমাদের প্রত্যাশা, গবেষণা ও উচ্চশিক্ষার পরিধি সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হবে।
দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন?
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি সরকারি বিধি-বিধান ও প্রচলিত নিয়মকানুন অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছি। আমার কাছে স্বচ্ছতা, সুশাসন এবং যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে প্রত্যেকে তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মূল্যায়িত হবেন এবং কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে আমরা ২৫ জনের অধিক নবীন ও মেধাবী শিক্ষক নিয়োগ দিতে পেরেছি। একই সঙ্গে যোগ্যতা ও প্রযোজ্য বিধি-বিধানের ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার বিষয়ে কাজ করছি। আমার লক্ষ্য হলো, একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আগামী দিনের বুটেক্সকে আপনি কীভাবে দেখতে চান? বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা কী?
আমি এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়ন সমান গুরুত্ব পাবে। আমাদের ক্যাম্পাসে আরও পাঁচটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে। পর্যায়ক্রমে এসব ভবন নির্মাণ করা সম্ভব হলে শিক্ষা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
আবাসন সমস্যার সমাধানও আমাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন এবং শিক্ষার্থীদের জন্য একটি হল নির্মাণের উদ্যোগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসন সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
আমরা চাই, শিক্ষার্থীরা যেন আবাসন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে পড়াশোনা ও গবেষণায় মনোযোগ দিতে পারে। একইভাবে শিক্ষক ও কর্মচারীদের জন্যও একটি সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
বুটেক্সে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে আপনার পরিকল্পনা কী?
আমাদের লক্ষ্য হলো, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি করে আরও বেশি শিক্ষার্থীর জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। সে বিবেচনায় ভবিষ্যতে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান, শিক্ষকসংখ্যা, গবেষণার সুযোগ, ল্যাবরেটরি সুবিধা এবং আবাসন ব্যবস্থার উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা চাই, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মানও বজায় থাকুক।
বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দক্ষ জনশক্তি তৈরিতে বুটেক্স আরও বড় ভূমিকা রাখতে পারে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে যেতে চাই।
আপনার বর্তমান মেয়াদের বাকি সময়ে কোন অর্জনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান?
আমি আশা করি, আগামী দুই বছরে আমার মেয়াদকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দৃশ্যমান হবে। প্রশাসনিক স্বচ্ছতা, যোগ্যতাভিত্তিক পদায়ন, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আবাসন সমস্যার সমাধানÑ এসব ক্ষেত্রে আমরা বাস্তব অগ্রগতি অর্জন করতে চাই।
আমার কাছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মানে শুধু নতুন ভবন নির্মাণ নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পাবেন, শিক্ষকরা গবেষণায় উৎসাহিত হবেন এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন।
আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বুটেক্সকে আরও আধুনিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। আগামী দিনগুলোতে সেই লক্ষ্যেই কাজ করে যেতে চাই।