× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠ, স্বপ্ন টেকসই আগামীর

মিনহাতুল জান্নাত

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১১:১১ এএম

ব্যাংককে গ্লোবাল ইকোনমিক ফোরাম-২০২৬-এ তারুণ্যের প্রতিনিধিত্ব করেছেন মিনহাতুল জান্নাত

ব্যাংককে গ্লোবাল ইকোনমিক ফোরাম-২০২৬-এ তারুণ্যের প্রতিনিধিত্ব করেছেন মিনহাতুল জান্নাত

ব্যাংককে গ্লোবাল ইকোনমিক ফোরাম-২০২৬-এ বাংলাদেশের হয়ে তারুণ্যের প্রতিনিধিত্ব করেছেন মিনহাতুল জান্নাত। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার অভিজ্ঞতা অর্জনের গল্প তুলে ধরেছেন আজ

আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা- যেকোনো তরুণ পেশাজীবীর জন্য এটি গর্বের, একই সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কারের এক অনন্য সুযোগ। দেশের সীমানা পেরিয়ে বিশ্ব অর্থনীতির পরিবর্তন, উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা সম্পর্কে জানার এই অভিজ্ঞতা ব্যক্তিগত অর্জনের গণ্ডি ছাড়িয়ে ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজাও খুলে দেয়।

গত ১০ থেকে ১৪ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে দ্য বার্কলে হোটেল প্রাতুনামে অনুষ্ঠিত গ্লোবাল ইকোনমিক ফোরামের দ্বিতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। ‘৮ মেগা ট্রেন্ডস রিশেপিং দ্য গ্লোবাল ইকোনমি’ বা বিশ্ব অর্থনীতিকে নতুন রূপ দেওয়া আটটি বৃহৎ প্রবণতাÑ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফোরামে বিভিন্ন দেশের প্রায় ২০ জন প্রতিনিধি ও বক্তা অংশ নেন। বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল বাস্তবতা, নতুন প্রযুক্তির প্রভাব এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা নিয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় ছিল আয়োজনের মূল আকর্ষণ।

বিশ্ব অর্থনীতির পরিবর্তনের পাঠ

পাঁচ দিনের এই আয়োজন কেবল বক্তৃতা শোনা কিংবা আলোচনায় অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্যানেল আলোচনা, আন্তর্জাতিক বক্তাদের উপস্থাপনা এবং নির্বাহী পর্যায়ের মাস্টারক্লাসের মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতির নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন, স্বাস্থ্যসেবায় উদ্ভাবন, টেকসই পর্যটন এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতাÑ বিভিন্ন আলোচনায় উঠে আসে এসব বিষয়। পরিবর্তিত বিশ্বে অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব করা যায়, প্রযুক্তির অগ্রগতিকে কীভাবে দায়িত্বশীলভাবে কাজে লাগানো সম্ভব এবং আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করতে পারে, সেসব বিষয়ে ধারণা লাভ করি।

আলোচনাগুলো উপলব্ধি করতে সাহায্য করেছে, বর্তমান বিশ্ব অর্থনীতিতে কোনো দেশই বিচ্ছিন্নভাবে এগিয়ে যেতে পারে না। প্রযুক্তি, পুঁজি, জ্ঞান ও দক্ষতার পারস্পরিক বিনিময় এখন উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্য দেশের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে হবে।

বাংলাদেশের গল্প বিশ্বমঞ্চে

ফোরামে অংশগ্রহণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার সুযোগ। আন্তর্জাতিক পরিসরে নিজের দেশের অর্থনৈতিক অগ্রগতি, সম্ভাবনা ও উদ্যোগের কথা তুলে ধরার অভিজ্ঞতা ছিল একই সঙ্গে আনন্দের ও দায়িত্ববোধ জাগানিয়া।

বক্তব্যে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের দুটি উল্লেখযোগ্য দিক তুলে ধরি। প্রথমটি হলো পরিবেশবান্ধব পোশাক কারখানার বিকাশ। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতে পরিবেশবান্ধব শিল্প-কারখানার প্রসার উৎপাদনব্যবস্থাকে আরও টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্বিতীয়টি হলো ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, যা আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আসার সুযোগ করে দিচ্ছে।

এই দুটি উদাহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার এমন কিছু দিক তুলে ধরার চেষ্টা করি, যেখানে উন্নয়ন, প্রযুক্তি ও টেকসই চর্চা পরস্পরের সঙ্গে যুক্ত। আমার কাছে মুহূর্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা মানে শুধু নিজের পরিচয় তুলে ধরা নয়; বরং দেশের অর্জন, সম্ভাবনা ও অভিজ্ঞতাকেও বিশ্বের সামনে উপস্থাপন করা।

ভিন্ন দেশের অভিজ্ঞতা, নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ফোরামের অন্যতম বড় প্রাপ্তি হলো বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। ভিন্ন ভিন্ন অর্থনৈতিক বাস্তবতা, ব্যবসায়িক সংস্কৃতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে জানার মধ্য দিয়ে বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়।

ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং থাইল্যান্ড, কম্বোডিয়া ও ফ্রান্সের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী স্টল পরিদর্শন ছিল এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ। এসব স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, ব্যবসায়িক মডেল এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরির কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়।

একেকটি দেশের ব্যবসায়িক উদ্যোগ ও বাজারকেন্দ্রিক চিন্তাভাবনা একেক রকম। কোথাও পণ্যের উদ্ভাবন গুরুত্ব পেয়েছে, কোথাও গ্রাহকের চাহিদা বোঝা কিংবা আন্তর্জাতিক বাজারের উপযোগী ব্যবসায়িক কৌশল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, ব্যবসায়িক সাফল্যের জন্য শুধু ভালো পণ্য বা সেবা যথেষ্ট নয়; প্রয়োজন বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

উদ্ভাবন ও শিল্পোন্নয়নের অন্তরালে

আয়োজনের অংশ হিসেবে ওডি ইনোভা কসমেসিউটিক্যাল ইনোভেশন সেন্টার পরিদর্শনের সুযোগও হয়েছিল। সেখানে উৎপাদন খাতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করি।

বর্তমান বিশ্বে শিল্পোন্নয়নের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। নতুন পণ্য তৈরি, উৎপাদনপ্রক্রিয়ার উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে গবেষণার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পরিদর্শন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমকে কাছ থেকে বোঝার পাশাপাশি উদ্ভাবন কীভাবে ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে পারে, তা উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনেও একটি বিষয় স্পষ্ট হয়েছেÑ অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ আলাদা হলেও অনেক ক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। এক দেশের সফল অভিজ্ঞতা অন্য দেশের জন্য শিক্ষণীয় হতে পারে। প্রয়োজন শুধু সেই অভিজ্ঞতাকে নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজে লাগানোর চেষ্টা।

অভিজ্ঞতা থেকে কর্মজীবনের নতুন দিশা

ফিন্যান্স ও ব্যবসায় শিক্ষার পটভূমি থেকে এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ আমার কাছে নিছক একটি বিদেশ সফর কিংবা পেশাগত অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিজ্ঞতা নয়। এটি ছিল নিজের পরিচিত গণ্ডির বাইরে গিয়ে শেখা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বিশ্ব অর্থনীতিকে আরও বিস্তৃত পরিসরে বোঝার একটি সুযোগ।

বিশেষ করে টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও সমাজের ওপর ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রভাব বিবেচনা করা কেন জরুরি, তা নতুন করে উপলব্ধি করেছি। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ তৈরি এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষের অভিজ্ঞতা থেকে শেখার গুরুত্বও বুঝতে পেরেছি।

এই অভিজ্ঞতার শিক্ষা নিজের পেশাগত জীবনে কাজে লাগানোর পাশাপাশি তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার বিশ্বাস, সুযোগের পরিধি বাড়লে তরুণদের চিন্তা ও কাজের পরিসরও বড় হয়। পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন কিছু শেখার সাহস তাদের আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজেদের সক্ষমতা সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি করে।

প্রথম পদক্ষেপ, আরও বড় স্বপ্ন

জীবনের কিছু অভিজ্ঞতা থাকে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলেও তার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। গ্লোবাল ইকোনমিক ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ আমার জন্য তেমনই একটি অভিজ্ঞতা। এখানে অর্জিত জ্ঞান, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্মৃতি ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

তবে আমার কাছে এই অর্জনের অর্থ শুধু ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়। বরং অর্জিত জ্ঞানকে বাস্তব কাজে রূপান্তর করা, অন্যদের জন্য নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখাই হবে এই অভিজ্ঞতার প্রকৃত সার্থকতা।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রথম সুযোগ আমাকে নতুন একটি উপলব্ধি দিয়েছে- বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য নিজের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে হয়, শেখার আগ্রহ ধরে রাখতে হয় এবং অর্জিত অভিজ্ঞতাকে দায়িত্বের সঙ্গে কাজে লাগাতে হয়।

সামনে আরও শেখার, কাজ করার এবং অবদান রাখার অনেক পথ বাকি। সেই পথচলায় বাংলাদেশের পরিচয় ও সম্ভাবনাকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে চাই। কারণ, তরুণদের যখন শেখার, নেতৃত্ব দেওয়ার এবং বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তারাই পরিবর্তনের শক্তিশালী অংশীদার হয়ে উঠতে পারে।

আমার কাছে ব্যাংককের এই অভিজ্ঞতা তাই কেবল প্রথম আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ নয়; বরং আরও বড় স্বপ্ন দেখার, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করার এবং বাংলাদেশের জন্য অর্থবহ কিছু করার যাত্রার সূচনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা