সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসলামুল হক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫৩ পিএম
প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’-এর ২০২৬-২৭ মেয়াদের ২৬ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে
‘বুক তার বাংলাদেশের হৃদয়’ স্লোগানকে ধারণ করে প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’-এর ২০২৬-২৭ মেয়াদের ২৬ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল ব্যুরোপ্রধান সাইফুল হক মোল্লা দুলু। সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কাসেম, নাট্যকার দেবাশীষ ভৌমিক, তানিয়া আক্তার, শিক্ষক মোমিন ভূঁইয়া, সংস্কৃতিকর্মী জহিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফৌজিয়া জলিল নেন্সি, নৃত্যশিল্পী টুনটুন এবং সাংস্কৃতিক সংগঠক আসলামুল হক আসলামসহ বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে প্রত্যাশিত পরিসরে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয়নি। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও সংগঠনের পক্ষ থেকে হকার, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত ছিল। এর অংশ হিসেবে তাঁদের মধ্যে চাল, ডাল, আটা, মসলা, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তাঁরা আরও বলেন, বর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে একধরনের অস্থিরতা ও সৃজনশীল স্থবিরতা বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুস্থ সাংস্কৃতিক চর্চা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ জরুরি। সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর কাজকে অগ্রাধিকার দেবে ‘অদম্য বাংলাদেশ’।
সভায় উপস্থিত সবার মতামত ও সর্বসম্মতিক্রমে সিনিয়র আইনজীবী মো. আবুল কাসেমকে সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠক আসলামুল হক আসলামকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য পদধারীরা হলেন—সহসভাপতি দেবাশীষ ভৌমিক ও ফৌজিয়া জলিল নেন্সি, যুগ্ম সম্পাদক আলিমুর রাজীব ও তাসনুমা এনাম বর্ষা, সাংগঠনিক সম্পাদক নেন্সি জাহান, পাঠাগার সম্পাদক তাসনিয়া আক্তার, নারী বিষয়ক সম্পাদক শারমীন সুলতানা, প্রচার সম্পাদক শ্যামল বাবু, ক্রীড়া সম্পাদক অমি, সাংস্কৃতিক সম্পাদক টুনটুন, অর্থ সম্পাদক মোমিন ভূঁইয়া এবং সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক কবি সফিকুল ইসলাম উচ্ছ্বাস। এ ছাড়া আরও ১০ জনকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্য, প্রত্যয় ও আগামীর স্বপ্নকে ধারণ করে সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়, একদিন’ গানটি পরিবেশন করেন। আশাবাদী সুরে গানের মধ্য দিয়ে শেষ হয় সভার আনুষ্ঠানিকতা। নতুন কমিটির সদস্যরা মানবিকতা, সংস্কৃতি ও সমাজকল্যাণের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।