মহসিনুল হক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৫:৪৫ পিএম
গ্রাফিক্স: সংগৃহীত
‘লালবাতি নীলমানুষ’ উপন্যাসটি সমকালীন বাংলা সাহিত্যের অস্বস্তিকর এক সংযোজন। বইটি অবশ্য সুখপাঠ্য নয়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র জোবায়দা মেহেরজান, ফুলজান, পাপড়ি, শেফালী, রুপা, জরিনা, মালেকা, নার্গিস, শ্যামলী, মৌসুমীসহ আরও অনেক যৌনকর্মীর জীবনের নিদারুণ ঘটনা তুলে ধরা হয়েছে। যাদের জীবনেও স্বপ্ন আছে, আশা আছে, প্রত্যাশা আছে। কিন্তু তারা প্রতিনিয়ত দলিল হয়ে আসছে সুবিধাভোগী ভণ্ড প্রতারকদের কাছে। সে সবরই বাতাবরণের এই উপন্যাস। বিশাল এই বইয়ের নানান চরিত্র আর ঘটনার পরম্পরায় এদেরই কণ্ঠে যখন ধ্বনিত হয়Ñ ‘শরীর বেচে খাই, কিন্তু শরীরটাতো বস্তা ভরা বালিও না, জাগা পড়া মাটিও না; তারও কষ্ট হয়, কান্না আসে। আর তখন আমরা হাসি, গান গাই, নাচি।’ এ বাক্যটিতে ফুটে উঠেছে ব্যথা আর শ্রমের করুণ স্বর। সেই শ্রমেরই স্বীকৃতির ইঙ্গিত দিয়েছেন ঔপন্যাসিক সাদ কামালী এই উপন্যাসে।
উপন্যাসের নামসংক্রান্ত পরিভাষা ‘লালবাতি’, যা মূলত নিষিদ্ধ পল্লীর চিহ্ন। ‘নীলমানুষ’ শব্দটি লেখকের নিজস্ব নির্মাণ। উপন্যাসটিতে লেখক সমাজের বৈষম্য তুলে ধরেছেন দারুণভাবে। এখানে নারী দৃশ্যমান, অপরদিকে ক্রেতা পুরুষ চিরকাল অদৃশ্য থেকে গেছে। আমাদের এই সমাজ কেবল বিক্রেতার হিসাব রাখে, ক্রেতার কোনো হিসাব থাকে না। প্রকৃত অর্থে পুরুষ এই সমাজের নিয়ন্ত্রক। উপন্যাসটি সাতটি অধ্যায়ে বিন্যস্ত। এখানে চারটি কালপ্রবাহ পাশাপাশি চলতে থাকে। এই উপন্যাসের বড় অর্জন তার ভাষা।
উপন্যাসে দুটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হয়েছেÑ ১৯৯৭ সালে ঢাকার কান্দুপট্টি উচ্ছেদ এবং ১৯৯৯ সালে নারায়ণগঞ্জের টানবাজার ও নিমতলী উচ্ছেদ। কান্দুপট্টির দৃশ্যটি উপন্যাসের সবচেয়ে ভয়াবহ অ্যাকশন দৃশ্য। এটি চলচ্চিত্রের একটি নিখুঁত চিত্রায়ণ বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটি বাস্তব।
উপন্যাসে টানবাজার-নিমতলী যৌনপল্লীর দেড়শ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। ১৯৪৭-এর দেশভাগ এবং হাইকোর্টের রায়ের বিবরণ রয়েছে। এটি একটি বিস্তৃত প্রতিবেদন বলে মনে হয়েছে।
উপন্যাসে হেমা আর রোজিনার চরিত্র লেখক যেভাবে অঙ্কন করেছেন, তা খুবই অর্থবহ। উপন্যাসের পুরুষ চরিত্র অনেক হলেও কাউকে ঠিক পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করানো হয়নি। নাসিম ওসমান এখানে দালাল হিসেবে কার্যকর, তবে তার নিষ্ঠুরতার কোনো উৎস দেখানো হয় না।
বাংলা ভাষায় লেখা সাদ কামালীর এই উপন্যাসে একটি আলোচনাহীন জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। এ কারণেও এই উপন্যাসকে একটি আলাদা চরিত্রের উপন্যাস হিসেবে বিবেচনা করা যেতে পারে। ২০০১-পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশে গার্মেন্টস অর্ডার বাতিল হওয়া এবং কারখানা বন্ধ হওয়ার ধাক্কায় এদেশের হাজার হাজার নারীর যৌন পেশায় আসার বিষয়টিকেই সাদ কামালী অত্যন্ত হৃদয়বিদারকভাবে তুলে ধরেছেন একটি বাক্যেÑ ‘আমেরিকায় বোমা পড়লো, আর আমাদের দেশের মেহেরজান, ফুলজান বেশ্যা হয়ে গেল।’ এই একটি সংক্ষিপ্ত বাক্যের কারণ অনুসন্ধান করতে গিয়েই সাদ কামালী উপন্যাসটিকে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। উপন্যাসে এমন কিছু বাক্য আছে, যার ভার বহন করার ক্ষমতা আমাদের কমই আছে; এমন কিছু প্রশ্ন রয়েছে যার কোনো উত্তর নেই।
লালবাতি নীলমানুষ
সাদ কামালী
প্রচ্ছদ : উত্তম সেন
প্রকাশনা : শৈলী, ঢাকা
দাম : ১৫০ টাকা