গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
হেমন্ত বাড়ি আছো
রেজা ফারুক
হেমন্ত বাড়ি আছো, হে...ম...ন্ত...
ডেকে ডেকে অবসন্ন ক্লান্ত এক নিরালা নির্জন মাঠ
পাশ ফিরে বসে আরো এক অরবতাজ্বলা
দোচালা মাঠের উসারায়
বসে নিজেরই নিভন্ত আঁজলায়।
আজকাল কেউ আর হেমন্তকে কোথাও দ্যাখে না
আজকাল হেমন্ত সারাদিনভর কোথায় যে
টো-টো করে ঘোরে:
কুয়াশার কারপার্কে একদিন অবেলায় মার্বেলের মতো
ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তাকে
একদিন ঠাঠা রোদ্দুরে
একদিন অঝোর বৃষ্টিতে ডুবে গিয়েছিল ছন্নছাড়া
হেমন্তর হতশ্রী মেঘরঙ ছায়া।
হেমন্ত বাড়ি নেই, নাকি বাড়িটাই নেই আর হেমন্তের
এ রকম রত্নোজ্জ্বল দ্বিধার ভিতর
এ রকম পাতাঝরা বিকেলের লাল কানকোতে
রোঁয়া ঝরা সাদা ভোরের আস্তিনে
তারাজ্বলা সন্ধ্যায় হেমন্ত ফিরবে কি না কেউই জানে না!
হেমন্ত বাড়ি আছো, হে...ম...ন্ত...
ডেকে ডেকে ঘুমিয়ে পড়েছে তারই চন্দ্রাহত
নির্জনতাজাগা গহন ধূসর কলস্বর!
হাওয়া
হাদিউল ইসলাম
সন্দেহজনক সময়ে এসে পড়েছি
ভয়, ঘৃণা এবং অর্থহীনতা
তাড়াতে তাড়াতে
একঘরে করছে সংবৎসর
ব্যক্তিগত নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে
২০৬টি অসংকলিত হাড়
অপ্রকৃতিস্থ আমিÑ কিছুতেই গুছিয়ে
দাঁড় করাতে পারছি না আমার কঙ্কাল
এই যদি মেরুদণ্ড!
কী করে টিকে থাকবো নাগরিক জঙ্গলে
হাওয়া বইছে বীভৎস বর্বর
ভাগাড়ের প্রতিটি পৃষ্ঠায় নড়ছে অহংকার
দিন অথবা রাতের শূন্যতা সংগীত
রুদ্র আরিফ
গলিতে রাত পেরোলো বারোটা, বহুক্ষণ হলো, সড়কবাতিগুলো ঘর পালানো যুবকের মতো তাগড়া কেশর উড়িয়ে ছুঁইছে পৃথিবী : হেমন্তের ঘ্রাণে বুঁদ রাগি অটোরিকশা আর লাজুক বাইকারের চাহনি বিনিময়ে ঝরে পড়ে যুদ্ধবন্দি সৈনিকের প্রেম
যে শহরে বিজয় আহমেদ, হয়তো সেখানে মধ্যদুপুর এখন, সূর্য জ্বলছে নাকি নিয়েছে আড়াল, জানা নেই; যদিও চাইলে মুহূর্তেই সার্চ ইঞ্জিন দেবে খোঁজ খুঁটিনাটি; শুধু জানি, এক অদ্ভুত খাঁ খাঁ বোধ দেখাচ্ছে ভেলকিÑ ব্যালেরিনার ঢঙে
বন্ধুরা ত্বকের মতো, কোনো ভার্চুয়াল রিয়েলিটিই পারে না এনে দিতে স্পর্শের উষ্ণতা; তাই শারীরিক দূরত্ব ভয়াবহ শূন্যতায় ঢেকে দেয় চরাচর
ডেরা
শতাব্দী জাহিদ
সত্তাশূন্য পুঞ্জিকায়—
মাসরস্বতীর যাওয়া ছাড়া আর কোনো পথচিহ্ন নাই
মালক্ষ্মী সুখের পথে, দুঃখও নিয়ে যায়
ত্রিভুবনের সমস্ত আলো পৌঁছালে জলেশ্বরীর
গভীর-গাঢ় ঘন পাতার রেখার বাঁকে বাঁকে
উজ্জ্বল ঢেউ— গুহার অসুর গিলে খায় তামাম আলো।
এইসব আলোহীনতা ভালোবেসে—
না বেসে। কবি জীবন, ফিরে—
দক্ষিণ বেগুনবাড়ীর নীলকণ্ঠের চিলেকোঠায়।