জাহিদ সোহাগ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১৪:১৫ পিএম
অলংকরণ: তানভীর মালেক
পুলিশ লাশ দিতে নিমরাজি ছিল।
সে ‘দিয়া দেন, স্যার’ বলে পা জড়িয়ে ধরতে গেল। পুলিশ পা সরিয়ে ভেতরে ঢুকল। যেখানে বড় হুজুর বসা।
তার গা গুলিয়ে বমি আসছে। সকালে মেসে ডালভাত নিয়েছিল, এক গ্রাস মুখে তুললেও গিলতে পারেনি। ওয়াক করে সে বমি চাপা দেয়, তবু ভেতর থেকে টক পানি এসে মুখ ভরে যায়।
পুলিশ ফিরে এসে বলে, ‘নিয়া যান।’
বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গুমোট আবহাওয়া। জামা ও লুঙ্গির নিচে ঘাম থামছে না। পিপাসায় তার জিভ নড়ছিল না।
বড় হুজুর তার কাঁধে হাত রেখে কথা বলছিলেন। সে কিছুই শুনছিল না। তার চোখ বড় হুজুরের সাদা পাজামার নিচে কালো চামড়ায় ঢাকা পায়ের দিকে স্থির।
বৃষ্টি বাড়ছে। বড় হুজুর তার জামার পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে প্রায় দৌড়ে বৃষ্টির মধ্যে নেমে পড়লেন।
তার রিকশাটা সকাল থেকে দেবদারু গাছের নিচে ভিজছে।
হাসপাতাল থেকে চাপ দিচ্ছে লাশ নিয়ে যাওয়ার। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা ঘুরঘুর করছে।
কেউ একজন বলল, ‘লাশ যাইব কই?’
সে উত্তর দিল না। রিকশা ঘিরে ভেজা কাকের জটলার দিকে তাকিয়ে রইল।
সে জরুরি বিভাগের পেছনের করিডোরে যায়। সেখানে মানুষের চলাফেরা, বসে থাকা।
একটা ভাঙা জানালার নিচে বিছানার চাদরের নিচে লাশ। সে দেয়ালে হেলান দিয়ে বসে। মুখের ওপর থেকে চাদর সরাতে গিয়েও হাত ফিরিয়ে আনে।
ছেলেটাকে শহরে এনে মাদ্রাসায় ভর্তি করিয়ে পকেটে কিছু টাকা গুঁজে দিয়েছিল। বলেছিল, ‘খিদার কষ্ট করিস না, বাপ।’
ছেলে টাকা ফিরিয়ে দিয়ে বলেছিল, ‘আপনের কাছে রাখেন, লাগলে নেমানে।’
তার ফোন বাজে, কেটে দেয়। আবার বাজে।
নম্বরটা তার ছেলে সেইভ করে দিয়েছিল, ইংরেজিতে MA লেখা।
সে চারপাশ দেখে নেয়। পকেট থেকে টাকা বের করে চাদরের নিচে গুঁজে দেয়।
লাশের পাশ দিয়ে নানারকম জুতা-স্যান্ডেল চলাচল করে। তার মধ্যে কোনো একটা স্যান্ডেলের ওপর থেকে প্রশ্ন করে, ‘মাইয়া? না, পোলা?’
তাকে নিরুত্তর দেখে আবার বলে, ‘বাড়ি কই?’
স্যান্ডেল চলে গেলে সেও উঠে দাঁড়ায়। একটু দ্রুত হাঁটে।
বাইরে এসে দেখে, রিকশাটা নেই। সেখানে লাইটপোস্টের আলোতে বৃষ্টিগুলো ভিজছে।