ওবায়দুল ইসলাম, বাবুগঞ্জ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম
পেটের দায়ে প্রতিদিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন ৮০ বছর বয়সী রহিমা খাতুন
বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, চোখেও ঝাপসা দৃষ্টি। যে বয়সে তার বিশ্রামে থাকার কথা, সেই বয়সে পেটের দায়ে প্রতিদিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন ৮০ বছর বয়সী রহিমা খাতুন। কখনও কয়েকটি জাম্বুরা, কখনও কাঁচাকলা কিংবা ধুন্দল বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই অসুস্থ জামাতা, মেয়ে ও নাতি-নাতনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। দিনের আলো ফুরিয়ে রাত নামলেও বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বাজার ছেড়ে বাড়ি ফিরতে পারেন না এই বৃদ্ধা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে গেলেই দেখা মেলে সংগ্রামী এই মায়ের। তার বাড়ি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশির চর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের প্যাদা বাড়িতে। তিনি মৃত আসেদ আলীর মেয়ে। স্বামীর নাম গিয়াস উদ্দিন। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিলেও অভাব-অনটন যেন আজও তার পিছু ছাড়েনি।
রহিমা খাতুনের জীবনের গল্প যেন বঞ্চনা আর সংগ্রামের এক দীর্ঘ অধ্যায়। তার একমাত্র মেয়ে সালমা বেগমের বয়স যখন মাত্র দুই মাস, তখন স্বামী গিয়াস উদ্দিন তাদের ফেলে চলে যান। সেই থেকে শুরু হয় রহিমার একাকী জীবনসংগ্রাম।
কোলের শিশুকে নিয়ে তখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন তিনি। ছিল না পর্যাপ্ত অর্থ, ছিল না নির্ভরতার কোনো অবলম্বন। তবুও হার মানেননি রহিমা। অন্যের কাছে হাত না পেতে কঠোর পরিশ্রম করে মেয়েকে বড় করেছেন। অনেক কষ্টে মেয়ের বিয়েও দিয়েছেন। কিন্তু মেয়ের বিয়ের মধ্য দিয়ে তার জীবনের দুঃখের অবসান ঘটেনি। বরং ভাগ্যের নির্মম পরিহাসে আজও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামে তাকে ছুটতে হচ্ছে।
বর্তমানে মেয়ে সালমা বেগমের সঙ্গে বসবাস করেন রহিমা খাতুন। সালমার স্বামী দীর্ঘদিন ধরে তীব্র শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি কাজকর্ম করতে পারেন না। সংসারে রয়েছে ছোট ছোট দুই ছেলে ও এক মেয়ে।
একদিকে অসুস্থ স্বামীর চিকিৎসা ও ওষুধের খরচ, অন্যদিকে তিন সন্তানের খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানো, সব মিলিয়ে দিশাহারা সালমা বেগম। সংসারের হাল ধরতে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তিনি। কিন্তু বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের মধ্যে সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে না পারার কষ্ট প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতি-নাতনিদের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারেননি বৃদ্ধা রহিমা।
নিজের শরীর আর আগের মতো সায় দেয় না। তারপরও পরিবারের দুঃখ কিছুটা লাঘব করতে প্রতিদিন বেরিয়ে পড়েন রহিমা খাতুন। বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে অল্প কিছু জাম্বুরা, কাঁচাকলা ও ধুন্দল সংগ্রহ করেন। এরপর সেসব নিয়ে বসেন রহমতপুর বাজারে।
বাজারে তার পুঁজি সামান্য, পণ্যও খুব বেশি নয়। তবুও এই সামান্য বিক্রি থেকে যা আয় হয়, তা পরিবারের জন্য অনেক বড় সহায়তা। নাতি-নাতনিদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার আশায় বয়সের বাধা উপেক্ষা করে প্রতিদিন চালিয়ে যাচ্ছেন এই সংগ্রাম।
কখনও বিক্রি হয়, কখনও অবিক্রীত থেকে যায় পণ্য। দিনের পর দিন একইভাবে চলতে থাকে তার জীবন। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরার তাড়া থাকে না। কারণ, পণ্য বিক্রি না হলে সংসারের জন্য কিছুই নিয়ে যাওয়া সম্ভব হবে না। বাজারের মেঝেতে কার্টনের ওপর সাজিয়ে রাখা কয়েকটি জাম্বুরা আর একটি পলিথিনে রাখা সামান্য সবজি, এই তার ক্ষুদ্র ব্যবসার সম্বল। অথচ এর পেছনে লুকিয়ে আছে পরিবারের প্রতি দায়িত্ববোধ, মায়ের মমতা আর বেঁচে থাকার এক কঠিন লড়াই।
রহমতপুর বাজারের মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘বৃদ্ধা মায়ের এই কষ্টের জীবন দেখে আমার নিজের কাছেও খুব খারাপ লাগে। এত বয়সে উনি দিনে-রাতে এভাবে কষ্ট করছেন। তাই আমি আমার দোকানের সামনে মাটিতে একটু জায়গা করে দিয়েছি, যাতে তিনি এখানে বসে অল্পস্বল্প কাঁচামাল বিক্রি করতে পারেন। রাতের বেলায়ও উনি এখানে বসেই বেচাকেনা করেন।’
ব্যবসায়ী আনোয়ার হোসেনের দেওয়া সামান্য জায়গাটুকুই এখন রহিমার ব্যবসার আশ্রয়। সেখানে বসেই প্রতিদিন চেষ্টা করেন কিছু আয় করার। এই ছোট্ট সহায়তা তার জন্য যেমন স্বস্তির, তেমনি মানবিকতারও একটি দৃষ্টান্ত।
রহমতপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মতে, শুধু রহিমার পরিশ্রম দিয়ে এই পরিবারের দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা কঠিন। অসুস্থ জামাতার চিকিৎসা, মেয়ে সালমার সংসারের ব্যয় এবং তিন শিশুর খাবার, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় স্থানীয় বিত্তবান ব্যক্তি, সমাজের সামর্থ্যবান মানুষ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা, পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং শিশুদের খাদ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে তাদের কষ্ট কিছুটা হলেও কমতে পারে।