× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোদে পোড়া ছোপ দূর হোক

আফসানা মিমি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৮ পিএম

রোদে পোড়া ছোপ দূর হোক

রোদে পোড়া ছোপ দূর হোক

সকালে আয়নায় যে ত্বক দেখে বাড়ি থেকে বের হন, দিন শেষে কখনও কখনও সেই ত্বকই যেন অন্য রকম লাগে। মুখ, কপাল, গলা, ঘাড় কিংবা হাতের রঙ গাঢ় হয়ে যায়; ত্বকে দেখা দেয় অসম রঙের ছোপ, হারিয়ে যায় স্বাভাবিক উজ্জ্বলতা। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে কাটানোর পর এমন পরিবর্তন চোখে পড়তে পারে। অনেকেই একে সানট্যান বলে থাকেন। তবে সানট্যান দেখা দিলেই ত্বককে দ্রুত ফর্সা করার চেষ্টা করা ঠিক নয়। বরং কেন এমন হয়, কীভাবে নিরাপদে ত্বকের যত্ন নেওয়া যায় এবং কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা দরকার- তা জানা জরুরি।

সানট্যান কী

সানট্যান হলো সূর্যের অতিবেগুনি বা আলট্রাভায়োলেট (ইউভি) রশ্মির প্রভাবে ত্বকের রঙ গাঢ় হয়ে যাওয়া। সূর্যের আলো ত্বকে পড়লে ত্বক নিজেকে সুরক্ষিত রাখার প্রতিক্রিয়ায় মেলানিন নামের রঞ্জক পদার্থের উৎপাদন বাড়াতে পারে। মেলানিন ত্বকের স্বাভাবিক রঙ নির্ধারণ করে এবং ইউভি রশ্মির ক্ষতি থেকে কিছুটা সুরক্ষা দেয়। এর উৎপাদন বাড়লে ত্বক আগের তুলনায় কালচে দেখাতে পারে। এই পরিবর্তন সাধারণত মুখ, কপাল, নাক, গলা, ঘাড়, হাত ও পায়ের খোলা অংশে বেশি চোখে পড়ে।

কেন হয় সানট্যান

সানট্যানের প্রধান কারণ সূর্যের ইউভি রশ্মির সংস্পর্শে আসা। দীর্ঘ সময় রোদে থাকা, সানস্ক্রিন ব্যবহার না করা বা বাইরে থাকাকালে প্রয়োজনমতো পুনরায় সানস্ক্রিন না লাগালে ঝুঁকি বাড়ে। মেঘলা দিনেও ইউভি রশ্মি ত্বকে পৌঁছাতে পারে, তাই আকাশ মেঘলা থাকলেই ত্বক সম্পূর্ণ সুরক্ষিত, এমন ভাবা ঠিক নয়।

সূর্যের আলো ত্বকের অকাল বার্ধক্য ও অন্যান্য ক্ষতির ঝুঁকিও বাড়াতে পারে। তাই সানট্যানকে শুধু সৌন্দর্যগত সমস্যা হিসেবে না দেখে ত্বকের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

লক্ষণ কী

সানট্যানের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো ত্বকের কোনো অংশের রঙ আগের তুলনায় গাঢ় হয়ে যাওয়া। মুখ, কপাল, নাক, গলা ও হাতের রঙে পার্থক্য দেখা দিতে পারে। ত্বক শুষ্ক, রুক্ষ কিংবা অনুজ্জ্বলও মনে হতে পারে। তবে রোদে থাকার পর ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া বা ব্যথা হলে সেটি শুধু সানট্যান নয়, রোদে পোড়ার লক্ষণও হতে পারে।

দাগ দীর্ঘদিন স্থায়ী হলে, দ্রুত বাড়লে বা চুলকানি, ব্যথা কিংবা অন্য অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ঘরোয়া উপায়ে যত্ন 

সানট্যান কমানোর জন্য ত্বকের প্রতি কোমল আচরণ করা জরুরি। ঘরোয়া পরিচর্যা ত্বকের শুষ্কতা ও অস্বস্তি কমাতে পারে, তবে কোনো উপাদান ব্যবহার করলেই দ্রুত সানট্যান দূর হবেÑ এমন নিশ্চয়তা নেই।

ঠান্ডা পানির সেঁক

রোদে থাকার পর ত্বকে গরম ভাব বা অস্বস্তি হলে পরিষ্কার কাপড়ে ঠান্ডা পানি ভিজিয়ে আলতোভাবে সেঁক দিতে পারেন। সরাসরি বরফ ত্বকে ঘষবেন না। ত্বকে ফোসকা বা তীব্র ব্যথা থাকলে নিজে নিজে নানা উপাদান না লাগিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

অ্যালোভেরা জেল

ত্বকে সহনশীল হলে সুগন্ধিবিহীন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটি ত্বকের অস্বস্তি কমাবে, তবে সানট্যান চলে যাবে এটার নিশ্চয়তা নেই। ব্যবহারের আগে ত্বকে প্যাচ টেস্ট করে নিন। যদি কোনোরকম অস্বস্তি হয়, জ্বালাভাব, লালচে হয়ে যাওয়া বা চুলকানির মতো সমস্যা হয় তাহলে ব্যবহার করা বন্ধ রাখুন।

দই ও মধুর ফেসপ্যাক 

সানট্যান দূর করার আরও একটি কার্যকর উপায় হলো দই ও মধুর ফেসপ্যাক। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে। অন্যদিকে মধু ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা কমায়। এই দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে ত্বক কোমল ও পরিষ্কার দেখায়।

পেঁপে

পেঁপে ট্যান কমানোর আরেকটি ভালো উপাদান। পেঁপেতে থাকা প্যাপাইন নামের এনজাইম ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে এবং ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে। পাকা পেঁপে চটকে মুখে বা ট্যান হওয়া জায়গায় লাগালে ধীরে ধীরে ত্বকের কালচে ভাব কমতে পারে।

বেসন ও হলুদ

ঘরোয়া রূপচর্চায় বহুল ব্যবহৃত উপায় বেসন ও হলুদের প্যাক। বেসন ত্বকের ওপর জমে থাকা ময়লা ও মৃত কোষ পরিষ্কার করে, আর হলুদের কারকিউমিন উপাদান ত্বকের রঙ সমান রাখতে সাহায্য করে। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখায়।

অ্যালোভেরা ও টমেটো

অ্যালোভেরা ও টমেটো ট্যান কমাতে কার্যকর। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখে, প্রদাহ কমায় এবং মেলানিন উৎপাদন কিছুটা কমাতে সাহায্য করে। টমেটোতে থাকা লাইকোপিন ত্বককে উজ্জ্বল করতে এবং সূর্যের রশ্মির ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।

মনে রাখবেন, সব ঘরোয়া উপায় সবার ত্বকে সমানভাবে কাজ নাও করতে পারে। তাই নতুন কিছু ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।

কোন ভুলগুলো এড়িয়ে চলবেন

দ্রুত ত্বক উজ্জ্বল করার আশায় অনেকেই লেবুর রস, বেকিং সোডা, টুথপেস্ট কিংবা শক্ত স্ক্রাব ব্যবহার করেন। এগুলো ত্বকে জ্বালা, প্রদাহ ও শুষ্কতা তৈরি করতে পারে। বিশেষ করে লেবুর রস লাগিয়ে রোদে গেলে ত্বকে ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তাই এসব উপাদান দিয়ে ত্বক ঘষে সানট্যান দূর করার চেষ্টা করা উচিত নয়।

চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েডযুক্ত ক্রিম, শক্তিশালী ব্লিচিং পণ্য বা একসঙ্গে একাধিক অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। এতে ত্বকের সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কালচে দাগ আরও বাড়তে পারে।

সানট্যান প্রতিরোধে করণীয়

বাইরে যাওয়ার আগে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। মুখের পাশাপাশি কান, গলা, ঘাড় ও হাতের খোলা অংশেও লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পরপর এবং ঘামলে, সাঁতার কাটলে বা মুখ ধোয়ার পর পণ্যের নির্দেশনা অনুযায়ী পুনরায় ব্যবহার করুন।

সানস্ক্রিনের পাশাপাশি ছাতা, টুপি, সানগ্লাস ও শরীর ঢাকা পোশাক ব্যবহার করতে পারেন। সম্ভব হলে সূর্যের আলো সবচেয়ে তীব্র থাকার সময়ে দীর্ঘক্ষণ বাইরে থাকা এড়িয়ে চলুন এবং ছায়ায় থাকার চেষ্টা করুন। প্রতিদিনের পরিচর্যায় মৃদু ক্লিনজার ও ময়েশ্চারাইজার রাখুন এবং ত্বককে পর্যাপ্ত সময় দিন।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন

ত্বকে তীব্র লালচে ভাব, ফোসকা, ব্যথা বা ফোলা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একইভাবে কালচে দাগ দীর্ঘদিন না কমলে, বাড়তে থাকলে বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সেটিকে শুধু সানট্যান ভেবে অবহেলা করবেন না। কারণ সঠিক কারণ নির্ধারণ না করে চিকিৎসা শুরু করলে সমস্যা বাড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা