লাবিবা ইরম
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:২৪ পিএম
নখ ভালো রাখবেন যেভাবে
অনেকেই শখ করে নখ বড় রাখতে চান। কিন্তু দেখা যায় নখ একটু বড় হতেই হুট করে ভেঙে যায়। মনটা তো খারাপ হয়ই, অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে, নখের আশেপাশে কেটে যায়। অথচ একটু যত্ন আর খেয়াল করলেই ভঙ্গুর নখ থেকে সহজেই রেহাই পাওয়া যায়।
পানি যথাসম্ভব এড়িয়ে চলুন
বারবার পানি লাগা নখকে দুর্বল করে দিতে পারে। এর ফলে নখ ফেটে যাওয়া, স্তর উঠে যাওয়া বা ভেঙে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে বাসন ধোয়া কিংবা পরিষ্কার করার সময় ডিটারজেন্ট ও অন্যান্য রাসায়নিকের সংস্পর্শে এ সমস্যা আরও বাড়তে পারে। তাই এ ধরনের কাজের সময় গ্লাভস ব্যবহার করা ভালো। কাজ শেষে হাত ভালোভাবে শুকিয়ে ময়েশ্চারাইজার লাগানোও জরুরি।
নখ ছোট ও পরিপাটি রাখুন
লম্বা নখ সহজেই কোথাও আটকে গিয়ে ভেঙে যেতে পারে। তাই নিয়মিত নখ ছেঁটে রাখা ভালো। নখ কাটার সময় একেবারে গোল না করে প্রায় সোজা করে কাটুন, আর কোণাগুলো ফাইল দিয়ে মসৃণ করুন। ফাইল করার সময় সামনে-পেছনে ঘষার বদলে একই দিকে ফাইল করুন। এতে নখের ওপর অতিরিক্ত চাপ পড়ে দুর্বল হওয়ার ঝুঁকি কমে।
ময়েশ্চারাইজার শুধু হাতের জন্য নয়
হাত ধোয়ার পর শুধু হাত নয়, নখ ও কিউটিকলেও ময়েশ্চারাইজার লাগান। অতিরিক্ত শুষ্ক নখ সহজেই ফেটে যেতে পারে বা স্তর উঠে যেতে পারে। তাই নিয়মিত ময়েশ্চারাইজিং নখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে নখ ও কিউটিকেলে ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি লাগালে দীর্ঘ সময় নখের আর্দ্রতা ধরে রাখা সম্ভব।
নখকে যন্ত্র হিসেবে ব্যবহার করবেন না
নখ দিয়ে ক্যানের ঢাকনা খোলা, স্টিকার বা কোনো কিছু খুঁটে তোলা কিংবা শক্ত কোনো জিনিস আঁচড়ানোর অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে। নখকে এ ধরনের কাজে ব্যবহার করলে নখের ডগা ভেঙে যাওয়া, ফেটে যাওয়া কিংবা নখের বেড থেকে আলগা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। নখ দেখতে শক্ত মনে হলেও এগুলো আসলে এমন কাজের জন্য তৈরি নয়।
নেইলপলিশ ও জেল মেনিকিওরে বিরতি দিন
বারবার জেল মেনিকিওর বা অ্যাক্রিলিক নখ ব্যবহার করলে নখ দুর্বল হতে পারে। অ্যাক্রিলিক নখ বসানোর আগে প্রাকৃতিক নখ ফাইল করে পাতলা করা হয়, ফলে নখ ভঙ্গুর হয়ে ফেটে যেতে পারে। জেল পলিশ খুঁটে তুললেও নখের ওপরের স্তর উঠে যেতে পারে। তাই মেনিকিওরের মাঝে বিরতি দিন এবং নখে নিয়মিত ময়েশ্চারাইজার লাগান। বিশেষ প্রয়োজন ছাড়া নিয়মিত কৃত্রিম নখ ব্যবহার না করাই ভালো।
খাবারের দিকেও নজর দিন
নখ ভালো রাখতে শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, খাবারের দিকেও নজর দিতে হবে। প্রতিদিনের খাবারে মাছ, ডিম, মাংস, বাদাম, বীজ ও শাকসবজি রাখুন। বায়োটিনের ঘাটতিতে নখ ভঙ্গুর হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া বায়োটিন সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো।