টি এইচ মাহির
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম
ইমেইল ব্যবহার করে আমরা ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য ও গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করি। অফিসের কাজে কিংবা ভার্সিটির গুরুত্বপূর্ণ কোনো মেইল পাঠাতে আমরা বিভিন্ন অফিসিয়াল ডোমেইনের মেইলে পাঠাই। আবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যও এসব মেইল ঠিকানা থেকে আসে। কিন্তু কী হবে যদি এই অফিসিয়াল ডোমেইনের মেইল অ্যাড্রেস ব্যবহার করে হ্যাকাররা মেইল পাঠায় আর আমরা সেই মেইলের রিপ্লাইয়ে সংবেদনশীল কোনো তথ্য পাঠাই।
ইমেইল এক সার্ভার থেকে অন্য সার্ভারে পৌঁছায়, সেই SMTP-এর কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে সম্প্রতি সাইবার অপরাধীরা প্রতারণামূলক বার্তা পাঠাতে কিংবা মেইল সার্ভারে প্রবেশের চেষ্টা করছে। সাম্প্রতিক গবেষণা ও নিরাপত্তা প্রতিবেদনে এ ধরনের ঝুঁকি আবারও সামনে এসেছে।
SMTP-এর পূর্ণরূপ Simple Mail Transfer Protocol। এটি ইমেইল পাঠানো ও সার্ভারগুলোর মধ্যে বার্তা আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল। ধরা যাক, একটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেইল [email protected]। হ্যাকার এমন ইমেইল পাঠাতে পারে, যার প্রেরকের ঠিকানায় এই ঠিকানাটিই দেখা যায়। অথচ মনে হবে বার্তাটি প্রতিষ্ঠানের অনুমোদিত মেইল সার্ভার থেকে পাঠানো হয়েছে। ২০২৫ সালের প্রকাশিত গবেষণায় দেখা যায়, SMTP এর কিছু দুর্বলতা ব্যবহার করে আক্রমণকারীরা বিশ্বস্ত ডোমেইনের পরিচয় নকল করতে পারে। গবেষকরা বিভিন্ন ইমেইল সেবায় এ ধরনের দুর্বলতা শনাক্ত করেছিলেন। তাদের গবেষণায় ১৯টি পাবলিক ইমেইল সেবা, ১ হাজার ৫৭৭টি বেসরকারি ইমেইল সেবা, পাঁচটি ওপেন-সোর্স মেইল সফটওয়্যার এবং একটি ইমেইল সিকিউরিটি গেটওয়্যারে এ ধরনের দুর্বলতা পাওয়া যায়। তবে সব ডোমেইন বা মেইল সেবা ঝুঁকিতে রয়েছে এমন নয়।
এই কৌশলে আক্রমণকারীরা নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেরকের পরিচয় নকল করে এমন ইমেইল পাঠাতে পারে, যা দেখে মনে হয় বার্তাটি কোনো পরিচিত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে এসেছে। এতে ভুয়া পেমেন্ট নির্দেশনা, পাসওয়ার্ড চুরি কিংবা ফিশিং হামলা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। সম্প্রতি বাংলাদেশেও এমন নজির দেখা গেছে।
২০২৬ সালের অ্যাপলের আইক্লাউড ইমেইল ব্যবস্থায় দুটি দুর্বলতা শনাক্ত করা হয়। গবেষকরা দেখিয়েছেন বার্তার ফ্রম হেডার বিভিন্নভাবে ব্যাখ্যা হওয়ার কারণে হুবহু নকল প্রেরক-পরিচয় তৈরি করা সম্ভব হয়েছিল। আরও গুরুতর হলো যখন হ্যাকার বা আক্রমণকারী যদি কোনো প্রতিষ্ঠানের মেইল সার্ভারের দুর্বলতা কাজে লাগিয়ে সেটির নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে সে সার্ভার থেকেই ক্ষতিকর ইমেইল পাঠানো বা সংরক্ষিত তথ্য চুরির চেষ্টা করতে পারে। সম্প্রতি মাইক্রোসফটের একটি প্রতিবেদনে মেইল সার্ভারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে অননুমোদিত কমান্ড চালানো, সার্ভারে প্রবেশাধিকার বজায় রাখা এবং ইমেইল ও অথেন্টিকেশন সংক্রান্ত তথ্য সংগ্রহের ঘটনা তুলে ধরা হয়েছে।
এসব আক্রমণ থেকে নিরাপদ থাকতে সার্ভার পরিচালকদের সংশ্লিষ্ট সফটওয়্যার দ্রুত হালনাগাদ করতে হবে। সাধারণ ব্যবহারকারীদেরও মনে রাখতে হবে ইমেইলে পরিচিত নাম বা ঠিকানা দেখা গেলেই সেটিকে বিশ্বাস করা নিরাপদ নয়। অর্থাৎ পাসওয়ার্ড বা গোপন তথ্য চাওয়া হলে অন্য কোনো নির্ভরযোগ্য মাধ্যমে প্রেরকের পরিচয় যাচাই করা উচিত। শুধু প্রেরকের নাম বা ঠিকানা দেখে বিশ্বাস করা যাবে না। ইমেইলের পূর্ণ হেডারে অথেন্টিকেশন অংশটি যাচাই করতে হবে।
পেমেন্ট, পাসওয়ার্ড পরিবর্তন বা জরুরি তথ্য চাওয়া হলে প্রতিষ্ঠানের পরিচিত ওয়েবসাইট বা অন্য কোনো নির্ভরযোগ্য মাধ্যমে যাচাই করতে হবে।৯