এহসানুল হক সুমন, রংপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:১২ এএম
নগরায়ণের কোপে নির্বিচারে ফলের গাছ কেটে ফেলায় হীরামন টিয়ার বিচরণ এখন অনেকটাই কমে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হেমন্তের শিশিরভেজা মিষ্টি সকাল। ঘাসের ডগায় তখনও পুরোপুরি রোদ ছড়ায়নি। এর মধ্যেই শস্যের ক্ষেতে নেমেছে একঝাঁক রঙিন পাখি। হলুদ, সবুজ আর নীলের অদ্ভুত এক মায়াময় মিশ্রণ তাদের শরীরে। এক গাছ থেকে আরেক গাছে ডানা মেলে তাদের এই শৈল্পিক ওড়াউড়ি, কবি দেবব্রত সিংহের ভাষায় ‘একবারি মনভুলানি, একবারি মনকাড়ানি’। রঙের মায়ায় মুগ্ধ করা এই পাখির নাম ‘হীরামন টিয়া’।
একসময় গ্রামগঞ্জ তো বটেই, শহরের বাড়ির কামরাঙা গাছেও হীরামন টিয়ার দেখা মিলত। শরীরের রঙের সঙ্গে অদ্ভুত মিল থাকায় পাতার আড়ালে সহজেই লুকিয়ে থাকতে পারত এরা। পল্লীকবি জসীমউদদীন কিংবা সুনির্মল বসুর কবিতাতেও পরম যত্নে উঠে এসেছে এই পাখির নাম।
সাধারণত এরা ১৮ সেন্টিমিটার লম্বা হয়, তবে লেজসহ দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৩০ সেন্টিমিটারে। গাছের গর্তে বাসা বাঁধা হীরামন টিয়া একবারে চার থেকে পাঁচটি ডিম দেয়। পুরুষ পাখির মাথার পেছনে মুকুটের মতো অংশ থাকে; নাক ও গালের রঙ হয় গোলাপি থেকে ফ্যাকাশে। গলায় সরু কালো কলার ও চিবুকে কালো ডোরা থাকে। অন্যদিকে স্ত্রী পাখির মাথা ফ্যাকাশে ধূসর, তাদের গলায় বা চিবুকে কোনো দাগ থাকে না। অপরিণত পাখির মাথা সবুজ ও চিবুক ধূসর রঙের হয় এবং কাঁধে লাল প্যাঁচ থাকে না। ফুল ও ফলের প্রাচুর্য থাকা এলাকায় এদের দেখা মেলে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও চীনে এরা বসবাস করে।
নগরায়ণের কোপে নির্বিচারে ফলের গাছ কেটে ফেলায় হীরামন টিয়ার বিচরণ এখন অনেকটাই কমে গেছে। সম্প্রতি এই পাখির ছবি তুলতে নওগাঁয় গিয়েছিলেন রংপুরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার প্রকৌশলী ফজলুল হক। তিনি হীরামন টিয়ার নানা কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করে এনেছেন। ফজলুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফলের গাছ কমে যাওয়া ও আবাসস্থল সংকটের কারণে ধীরে ধীরে উত্তরাঞ্চলে এ পাখিটি কমে গেছে। অথচ একসময় এ পাখি বাজারেও বিক্রি করতে দেখা গেছে।’
রংপুর সামাজিক বন বিভাগের সাবেক রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা সবাই যদি পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে পারি, পাখি শিকার না করে তাদের বিস্তারে কাজ করতে পারি, তাহলে নানা আকৃতি ও রঙের পাখি আমরা দেখতে পারব। প্রতিটি প্রাণী বাস্তুসংস্থানে বড় ভূমিকা রাখে। পাখি সংরক্ষণ করতে পারলে তারাও আমাদের নানা উপকারে আসবে। তাই পাখি শিকার কিংবা নিধন নয়; আসুন, সবাই পাখি সংরক্ষণ করি।’