বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ফাইল ছবি
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে ৭৫ বছর বয়সে করোনাভাইরাস মহামারির মধ্যে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৫৮ সালে ‘কচি-কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সংবাদমাধ্যমে যাত্রা শুরু করেন ফখরুদ্দীন। বর্তমানে বিলুপ্ত দৈনিক দ্য পাকিস্তান অবজারভার ও দ্য মর্নিং নিউজে তিনি অসংখ্য নিবন্ধ লিখেছেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা হিসেবেও কাজ করেন তিনি।
সাংবাদিকতা জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ছিল ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে কাজ করা। ওই সময় প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজারের সহযোগী প্রতিবেদকদের একজন ছিলেন ফখরুদ্দীন। বাংলাদেশের দুর্ভিক্ষের মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে জন পিলজারের প্রতিবেদনভিত্তিক তথ্যচিত্র ‘অ্যান আনফ্যাশনেবল ট্র্যাজেডি’ ১৯৭৫ সালের ২ জানুয়ারি সম্প্রচারিত হয়। এতে ফখরুদ্দীনের বক্তব্যের দৃশ্যও ধারণ করা হয়েছিল। বাংলাদেশের দুর্ভিক্ষের বাস্তবতা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে তথ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তী সময়ে জন পিলজার তার বিখ্যাত ‘হিরোস’ গ্রন্থে ফখরুদ্দীনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠা লেখেন এবং তার একটি ছবিও যুক্ত করেন। সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতাভিত্তিক বিবরণ নিয়ে লেখা বইটি ১৯৮৬ সালে লন্ডনের জনাথন কেপ এবং ১৯৮৯ সালে প্যান বুকস লিমিটেড থেকে প্রকাশিত হয়।
স্নাতক সম্পন্ন করার আগেই ফখরুদ্দীনের বাংলা অনুবাদে শেক্সপিয়রের ‘সনেট’ প্রকাশিত হয়। তার লেখা দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। গানটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাপ্তাহিক হলিডে-এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।