সাকিরা পারভীন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:৩৪ পিএম
আজি হেমন্তের ব্যাপিত চরাচরে
জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে
শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার
রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্তপ্রসার
স্বর্ণশ্যাম ডানা মেলি...
[কাব্যগ্রন্থ : নৈবেদ্য, রবীন্দ্রনাথ ঠাকুর]
পুবে আর পশ্চিমে হেমন্তের গান দুই ধরনের। পশ্চিমে চার ঋতু আর পুবে ছয়। ইংরেজ কবি জন কীটস হেমন্তকে বলছেন প্রাচুর্য আর পরিপক্বতার ঋতু। রবীন্দ্রনাথ হেমন্তকে বলছেন শব্দহীন, গতিহীন স্তব্ধতার বিকশিত প্রান্তর; জীবনানন্দ বলেছেন হেমন্তের শান্ত আর গভীরতার কথা। আমি পুবের লোক হলেও দুই প্রান্তকেই সমর্থন জানাচ্ছি, কেননা ধরিত্রী তো আমার মা। তবে হেমন্তকে নিয়ে ভাবতে ভাবতে এইবার বেশি করে মনে পড়ল হেমন্ত মুখোপাধ্যায়ের নাম। কেন মনে পড়ল সেকথায় যাবার আগে একটু ভূমিকা টেনে নেই। বৃহত্তর বাংলায় গ্রীষ্ম মানে খরতাপ দাহ-উত্তাপে তৃষ্ণার্ত পাখির কাঙ্ক্ষিত জলাশয়, ঋতুমতী বর্ষার তুলনা সে নিজেইÑ যেন শব্দ-সুর-সুধা-সিঞ্জনে অপরিহার্য সে, শরৎ বললেই কু-ঝিক-ঝিক ট্রেনের অভিযাত্রায় দোদুল্যমান ঘন কাশবন চিরে অপু-দুর্গার অনিমেষ দৌড়, কুয়াশামগ্ন শীতের চাদরে অবিরাম সুন্দরের মতন পুরনো স্বামীর সন্তরণ আর ঋতুরাজ বসন্তের কথা বলাই বাহুল্য; অথচ দেখ তেমন করে যেন গাওয়া হয়নি হেমন্তের গান। প্রাণের ওপর দিয়ে কখন সে আসে যায় অরুণেশ্বর বিমুখ মানুষ তার রূপ যেন বুঝে উঠতে পারে না ঠিকঠাক। এইসব ভাবতে ভাবতে জেনে নেই হেমন্ত মুখোপাধ্যায়ের জনক কালীদাস মুখার্জী আর জননী কিরণ বালা দেবীর নাম। তাদেরই সন্তান গীতিকার, সুরকার, গায়ক, এক কথায় সংগীতকার হেমন্ত মুখোপাধ্যায়। এই ভদ্রলোক তার সত্তর বছরের জীবনে বাংলা ভাষায় উপহার দিয়েছেন দুই হাজারের বেশি গান। অনেকেই গেয়েছেন, গাইছেন এবং গাইবেন রবীন্দ্রনাথের গান তবে হেমন্ত বাবুর কণ্ঠে যেন গভীর নিস্তব্ধতায় বসে থাকেন স্বয়ং রবীন্দ্রনাথ, আমার সেরকমই মনে হয়। সমালোচকের ভাষায় হেমন্তের কণ্ঠের স্বাভাবিক গভীরতা ও মাধুর্য রবীন্দ্রনাথের গানের ভাব ও দর্শনকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিল। হেমন্ত মুখোপাধ্যায় নিজে বলেছিলেন, ‘...কেউ যদি উপলব্ধি করে তবে গান শুনেই বুঝতে পারবে। আলাদা করে শেখানোর কিছু নেই। এই উপলব্ধির পথ হচ্ছে সাহিত্যচর্চা করা, পড়াশোনা করা আর রবীন্দ্রনাথের গান গাইবার সময় মনটাকে সেইভাবে ব্যবহার করা। তার আগে মনটাকে সেইভাবে তৈরি করাও উচিত। অর্থাৎ শুধু গান গাইলেই হবে না, জগতে যা কিছু ভালো ঘটছে সেগুলোর সঙ্গেও পরিচিত হওয়া দরকার। তবেই না মনটা গড়ে উঠতে পারবে। আমি এঁকেই তালিম বলতে চাইছি।’ [আমার গানের স্বরলিপি, হেমন্ত মুখোপাধ্যায়] কথাপ্রসঙ্গে তিনি জর্জদা মানে দেবব্রত বিশ্বাসের উদাহরণ টেনেছেন। সমকালীন শান্তিনিকেতনীয় নিখুঁত স্বরলিপি-নির্ভরতা থেকে বের হয়ে স্রোতের বিপরীতে গাইতে তিনি তাকে অনুসরণ করে আপন শৈলীতে গেয়েছেন রবীন্দ্রনাথের গান; আর সেই গায়কীকেই সবচাইতে বেশি করে প্রাণে গেঁথে নিয়েছে বাঙালির মন। ত্রিশ থেকে আশির দশক অব্দি ষাটের বেশি বাংলা ও পঞ্চাশের অধিক হিন্দি চলচ্চিত্রের গানে সুরারোপ করেছেন তিনি। রবীন্দ্রসংগীত, বাংলা আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকগান, ভক্তিগীতি, দেশাত্মবোধক, গণসংগীত; সব ধরনের বাংলা গানে হেমন্ত বাবু আছেন। শান্ত, গভীর, গতিহীন, উদার, স্তব্ধ চরাচরের মতন তিনি আছেন। মনে হয় হেমন্ত ঋতুর মতন ঐশ্বর্যবান তিনি ও তার গান। খুব সন্তর্পণে কত যে নিবিড় প্রাণের গহনে গাঁথা হয়ে থাকে তার গান। আয় খুকু আয়..., আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা..., অলির কথা শুনে বকুল হাসে, আমার গানের স্বরলিপি লেখা হবে..., ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন..., এই রাত তোমার আমার..., রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে...; না জানার না বোঝার না অনুধাবনের বিরাট শূন্যতা নিয়ে কেমন করে বোঝাই সুর, ছন্দ, তাল, লয়, উচ্চারণ, স্বরপ্রক্ষেপণ, আধুনিকতায় কতখানি অপার অসীম তার সৃষ্টিভান্ডার। কোন গান রেখে কোন গানের কথা বলব। একটির কথা বলি? আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে..., এই গান শুনতে শুনতে টেবিলের ওপর কাটাকুটি খেলতে খেলতে প্রথম প্রেমের আন্দেলনে হৃদয়ের চরম অধঃপতন থামাতে পারিনি। প্রথম প্রেমের সে কী আস্ফালন ততোধিক হেমন্তের গান। চিরন্তর ব্যথায়, প্রেমে, জাগরণে, উজ্জীবনে সুরের মোহমায়ায় বাঙালিকে খুব চুপ করে নিবেদন করেছে স্নিগ্ধ আবেশ।
হেমন্ত একটি শব্দ, হেমন্ত একটি নাম, হেমন্ত অথবা হেমন্তের গান একটি আস্ত ঋতুর মধুরতা ছড়ায়। অন্য পাঁচ ঋতু অপেক্ষা হেমন্তের আগমন যেন বিনম্র চুপচাপ অতিথির মতন; কখনও ঝুপ করে একপশলা বৃষ্টি মাখতে পারো গায়ে, কখনও রোদের মায়াবী আশ্বাস, কখনও সুশীতল আরামপার্বণ এঁকে দিচ্ছে প্রকৃতরি দেয়ালে দেয়ালেÑহেমন্ত বাবুও তেমন; যেন কোনো বাহুল্য নেই তার। একটা সরল সাদা পাঞ্জাবি নিরাসক্ত অবয়ব আর খুব সরলজলের গড়িয়ে পড়ার মতন গাইলেন সমস্ত কঠিন সুন্দরতম গানগুলো। ঋতুর সঙ্গে মানুষের এমন মিল এক অপূর্ব বিস্ময়। নরম বলে তার গানের প্রখরতা কম নয়। হেমন্ত ঋতুর যেমন রয়েছে নীরব বিপুল প্রাচুর্য, হেমন্তের গানও ততোধিক বিপুল আর হৃদয়সঞ্চারী। হেমন্ত মুখোপাধ্যায়ের গান রবীন্দ্র-নজরুলের পর বাংলা গানের খাতায় সর্বাধিক উজ্জ্বলতম পাতা। তাকে বাদ দেওয়া অসম্ভব, তাকে বাদ দিলে বাংলা গানের বিবিধ রত্নভান্ডার কিঞ্চিৎ ফিকে হয়ে যায়। বিখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ ফৈয়াজ খানের ছাত্র ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিকট ধ্রুপদী সংগীতের তালিম নিয়েছিলেন তিনি। সমকালীন জীবিত কিংবদন্তি সংগীতজ্ঞ কবীর সুমনের বিভিন্ন আলোচনায় হেমন্তের গান নিয়ে যেমন করে জানতে পেরেছি, ততটুকু পাইনি আর তেমন কোথাও নিজ অক্ষমতা দোষে। সে যাক, ফিরে আসি হেমন্তের কথায়। হেমন্ত বিষয়ে কিছু বলবার ভাবনায় আবিষ্ট হয়ে এমন অদ্ভুত করে কেন মনে হলো কেন জানি না। মনে হলো ছ’টি ঋতুর ভেতরে হেমন্তকে নিয়ে অপেক্ষাকৃত কম মাতামাতি হয়েছে। তেমন হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েও যথেষ্ট কম মনে হলো। অবশ্য সেকথা খাটে গানের অন্যান্য ডিসেকশনের বেলাতেও। যে অর্থে সাহিত্য বা চলচ্চিত্র পাঠের, নির্মাণের, সমালোচনা বা তাত্ত্বিক আলোচনার বিষয়বস্তু রূপে পরিচিতি লাভ করেছে, সে অর্থে বাংলা গান বিষয়ে লেখালেখির পরিমাণ খুব বেশি নয়। উল্লেখ না করলেই নয় যে, প্রায় একশ চল্লিশ বছর আগে অর্থাৎ ১৮৮৫-৮৬ সালে ভারতীয় সংগীতের তত্ত্ব, স্বর, রাগ-রাগিণী, তাল, ছন্দ ও সংগীতের নন্দনতত্ত্ব নিয়ে একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন স্বর্গীয় কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়, বইটির নাম ছিল ‘গীতসূত্রসার’। পুনরায় পুরনো কথায় ফিরিÑ অতএব হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে যে মাতামাতি হয়নি তা নিয়ে আক্ষেপ করে লাভ হবে না। কিন্তু পাশাপাশি সেসময়কার অন্য শিল্পীদের নাম নিলেই যেন একটা জলোচ্ছ্বাস বয়ে যায় মগজে-হৃদয়ে। শচীন দেববর্মণ, সলিল চৌধুরী, মান্না দে, লতা মঙ্গেশকার, সতীনাথ মুখোপাধ্যায়Ñ এরা যেন সকলেই সারি সারি সুরনক্ষত্রের কিংবদন্তি। সেই সারিতে হেমন্ত বাবুও রয়েছেন সমান্তরাল উচ্চতায় তথাপি কিছুটা যেন শান্ত মেজাজে। গবেষণা নয় বলে হাইপোথিসিস করা যাবে না এমন তো নয়। অন্য সকল ফুল ও ফসলের মাঝে যেমন পাকা ধানের ঘ্রাণ তেমন অন্যসকল ঋতুর ভেতর হেমন্ত ঋতুর আবহ ঠিক তেমন বা তার চেয়ে হেমন্ত বাবুর গান ছাড়া বাঙালির মন ভরে না; আমার প্রাণ ভরে না। ঘুরেফিরে এই আমার নিবেদন। আমি মূর্খ মানুষ, আপনারা আমার নিবেদন গ্রহণ করলে সই না যদি করেন তাও মাথা পেতে নেই।
বিনীত
সাকিরা পারভীন