শিবলী মোকতাদির
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:২৪ পিএম
মানবজীবন পরিমাপ করার সূচক মনুষ্যত্ব। মনুষ্যত্ব বিকাশের পথগুলো যখন বন্ধ হয়ে আসে, তখনই মানুষের বড় দুর্দিন। পরিমার্জিত হওয়ার গরজ যে মানুষ অনুভব করে না, জ্যেষ্ঠ মতবাদ তাকে অন্ধ করে তোলে। সেই হতভাগ্য বিকারগ্রস্ত মানুষটি মানুষের বিপরীত হয়ে যায়। মানুষ অমিত আগুনে অনন্ত বীর্যে পুড়ে চলেছে তার ক্রম আবিষ্কৃত গুপ্ত পশুত্বকে। জয়ের অন্বেষণে যে যুদ্ধের ইতি নেই। মনুষ্যত্ব বিকশিত করার নিয়তসংগ্রামই প্রকৃত অর্থে মানুষের সংস্কৃতি।
শরৎকে বিদায় জানিয়ে হেমন্ত এসে গেছে। মাঠভরা সোনালি ধান। চারদিকে সমৃদ্ধির হাতছানি। মাঠে কাটা ধান চিত হয়ে শুয়ে আছে। যদিও এমন ছবি অনেকটা ফিকে হয়ে এসেছে। মাঠের সেই উপচে পড়া আনন্দ খুব একটা চোখে পড়ে না আর। ধান পাকলে এখন মানুষ সারিবদ্ধ হয়ে নয়, যন্ত্রদানবের দ্বারস্থ হয়। এর কারণ, মানুষের হাতে সময় নেই! সকাল থেকে রাত অবধি সে ছুটছে। এ কারণেই মাঠে কাজের লোকের বড় অভাব। বাড়তি আয়ের লক্ষ্যে সবাই উড়াল দিচ্ছে নগরের দিকে।
পৃথিবীর এই গ্রীষ্মপ্রধান গোলার্ধে হেমন্ত এমন কোনো মহার্ঘ ঋতু নয়। যেমন স্বল্পমেয়াদি তার অবস্থান, তেমনি অরাজসিক আমেজ। তবু এ কথা সত্যি, হেমন্ত মানেই তুহিন হাওয়ার শিরশিরানি। ইংরেজিতে এই ঋতুটির অস্তিত্ব নেই, কিন্তু বাংলায় হেমন্ত বিশেষভাবে উপস্থিত। শরতের ঔজ্জ্বল্য আর শীতকালের ফুলের বাহারের মাঝখানে হেমন্ত যেন অনেকটাই নিস্তেজ। হেমন্তের আলাদা আকর্ষণ নেই, শুধুই প্রতীক্ষা। সে প্রতীক্ষা দীর্ঘায়িত হলে মানুষের মন অস্থির হয়।
আমাদের শৈশব সমৃদ্ধ হয়েছিল যে গ্রামে, এখন সেই গ্রাম আর নেই। রাজনীতি প্রতিটি বাড়িকে আলাদা করে ফেলেছে। গ্রামেও ঢুকে গেছে ভিডিও পার্লার, বিদ্যুতের ঝলক এসে ঝা-চকচকে রাস্তার পাশে জীর্ণ মণ্ডল, জ্যাঠা বা জহির চাচারা অদৃশ্য হয়ে গেছে গ্রাম থেকে। হেমন্তের মাঠে রসিক বর্মণের দোতারায় নেই ভাটিয়ালি গানের সুর। সময় এখন অন্য ভাষায় কথা বলে।
কাজকর্মের যন্ত্রণায় মানুষ কত কী ভুলে যায়, যারা গ্রামে জন্মেছেন, গ্রামের ধুলোবালির রাস্তায় যাদের শৈশব কেটেছে, তাদের বাল্যকালের ছবি তো এক অর্থে সেই গ্রামেরই ছবি। অনেক উৎসব-পার্বণ, অনেক অভাব-অনটন। অনেক আছে ও নেই নিয়েই তো জেগে থাকে এক একটা গ্রামের সীমানা। কোনোভাবেই কি ভোলা যায় হেমন্তের নবান্ন উৎসবের কথা? চোখ বন্ধ করলেই দেখতে পাই নতুন চালের ভাত, সঙ্গে নতুন সবজির তরকারি।
বাংলার মাসগুলোও খেয়াল করলে দেখা যায়, পতিটি মাসের নাম এসেছে একেকটা নক্ষত্রের নাম থেকে, যেখানে একমাত্র ব্যতিক্রম অগ্রহায়ণ। আমরা কথাটা অঘ্রান বলি ঠিকই, কিন্তু আসল কথাটা অগ্রহায়ণ। অগ্র মানে আগে আর হায়ণ মানে বছর। অর্থাৎ বছরের প্রথমে যে মাসটা থাকত, সেটা অগ্রহায়ণ। আমাদের যে সভ্যতা বা অর্থনীতি সেটা মূলত কৃষিভিত্তিক। আর কৃষিভিত্তিক সভ্যতা বা অর্থনীতির সবকিছুই আবর্তিত হতো কৃষির যে সাইকেল, সেটাকে কেন্দ্র করে এবং এ সময় গ্রামবাংলায় শুরু হয় মেলা বা উৎসব। এর কারণ হলো প্রায় পাঁচ-ছয় মাস অপেক্ষা করার পর কৃষকরা প্রথম ধান ঘরে তুলত। নতুন ধান ঘরে তোলার অর্থ নতুন টাকা আসবে। আবার অর্থনৈতিক যে উজ্জীবন, সেটা শুরু হবে এবং এ সময় কুমোরদের বাড়িতেও ব্যস্ততা উঠে যায় তুঙ্গে। তার কারণ খেজুরের গুড়। খেজুরের গুড়ের জন্য হাঁড়ি চাই, পিঠা বানানোর জন্য সরা চাই এবং কৃষকদের হাতে টাকা এলেই তারা হাঁড়িকুড়ি কিছু কিনবে। কৃষকের হাতে টাকা এলেই তারা নতুন কাপড় কিনবে, ফলে তাঁতিদের বাড়িতেও ব্যস্ততা তৈরি হতো। এ রকম করে অর্থনীতির পুরো ইকোসিস্টেমটা চাঙ্গা হয়ে উঠত এবং এর প্রভাবে হাট সরগরম হতো। মেলা, উৎসব ইত্যাদি বিভিন্ন জিনিস চালু হয়ে যেত। চলত নবান্ন এবং এই নবান্নকে কেন্দ্র করে পৌষের মেলা বসত। নবান্ন উৎসবে নতুন ধানের চাল থেকে প্রস্তুতকৃত গুঁড়ো, নারকেল, নতুন খেজুরের গুড় ইত্যাদি দিয়ে নবান্নের গুলুনি বানানো হয় এবং পিঠা যে বানানো হয়, সেখানেও একমাত্র ও গুরুত্বপূর্ণ উপাদান হলো চালের গুঁড়ো এবং গুড়, যা এ সময় বাজারে ওঠে। এভাবেই হেমন্তে চলে নবান্নের উৎসব সারা গ্রামবাংলার উৎসব, আমাদের বাঙালির উৎসব।
হেমন্তের প্রাণ হলো নবান্ন। নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠে, পায়েস, ক্ষীরসহ হরেক রকম খাবারের আয়োজন চলে। বাড়ির আঙিনা নতুন ধানের গন্ধে ম-ম করতে থাকে। সোনালি ধানের প্রাচুর্য আর বাঙালি সংস্কৃতির বিশেষ অংশ নবান্নকে আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তার কবিতায় দারুণভাবে তুলে ধরেছেন। আবার ফিরে আসার আকুতি ধ্বনিত হয়েছে তার কবিতায়। ‘হয়তো ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে।’ কুয়াশায় আচ্ছন্ন চারদিক। আর কৃষকের গোলায় উঠছে সোনারঙা পাকা ধান। চিরায়ত বাংলার চিরচেনা একটি রূপের ছবি। সারা দেশেই আমন ধান কাটার উৎসব শুরু হয়ে যায়। ধানভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে। ঢেঁকির তালে মুখরিত হয় বাঙালির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকির তালে অতটা মুখরিত হয় না বাঙালির আঙিনা। তারপরও নতুন চালের ভাত নানা ব্যঞ্জনে মুখে দেওয়া হয় আনন্দঘন পরিবেশে এই নবান্নের দিনে। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস।
অনেকের মধ্যেই এ রকম একটা ধারণা লুকিয়ে আছে, শুধু লুকিয়েই-বা থাকে কেন, অনেকে বলেই ফেলেন আমাদের গ্রামে এই ছিল, সেই ছিল। গোলাভর্তি ধান, পুকুরে অঢেল মাছ। আসলে ছিল দিয়ে যে রচনা তৈরি হয়, তা প্রাচুর্যের রঙিন ছবি। ভালো হোক, মন্দ হোকÑ এই ছবিটাই অনেকের কাছে স্মৃতিতে থেকে যায় দীর্ঘদিন। সত্যি কি এমন ছিল, থাকে কখনও? আমার ছোটকালেও সে রকম দেখিনি। বরং অভাব-অনটনে পাতলা হয়ে যাওয়া ছিপছিপে রোগা-পাতলা মানুষের ছায়া দেখতাম আমি। এর কারণ ছিল কার্তিক-অগ্রহায়ণের কষ্ট। বন্যায় ভেসে যাওয়া ফসলের হাহাকার নিয়ে তারা বুকে-মুখে কুলুপ এঁটে হেমন্তে যে ধান লাগাত, শীতে এসে তা ঘরে উঠলে কিছুটা প্রাণ ফিরে পেত। এই নতুন ধান নতুন রবিশস্যের অপূর্ব এক গন্ধে ম-ম করত সারা পাড়া।
এই যে গন্ধের কথা বললাম, এটা একান্তই হেমন্তের গন্ধ। এর সঙ্গে অন্য গন্ধের তুলনা হয় না। সত্যিকারের সেই গন্ধগুলো এখন আর সেভাবে আমলে আসে না। হতে পারে হয়তো আমাদের সেই ঘ্রাণশক্তিটাই চলে গেছে, নব্যকালের হরেক কিসিমের গন্ধের কেলেঙ্কারিতে তার স্থান এখন লাস্ট বেঞ্চের বোকাসোকা ছাত্রটির মতো। তবু মনজুড়ে জেগে থাকে অনিশ্চিত এক সংশয়Ñ বিশেষ করে গ্রামের আলপথে দূর্বাঘাস বা বনতুলসী-জাতীয় গাছের ডগার ওপরে ভোরের শিশির পড়ার যে সোঁদা গন্ধটি পাওয়া যেত, এখন আর তা পাওয়া যায় কি? বাস্তব তর্কে গেলে এ কথাও ঠিক যে আমাদের ছোটবেলায় বড় বড় অনন্ত ফাঁকা মাঠ থাকত বলে তার ওপরে সকাল-সন্ধ্যায় সাদা তুলোর চাদরের মতো বিছিয়ে থাকত কুয়াশার আস্তরণ। খুব ভোরে মাঠের দক্ষিণ দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা তালগাছের সারির নিচ দিয়ে আমাকে পড়াতে আসতেন প্রিয় মাস্টারমশায়। জবুথবু পোশাকে নাক টানতে টানতে বলতেনÑ আজ কী নিওর পড়েছে রে! ভাবতে কষ্ট হয়, সেই মাস্টারমশায়ের সঙ্গে আমার আঞ্চলিক ‘নিওর’ শব্দটাও হারিয়ে গেছে। কমবেশি সবাই এখন শিক্ষিত। ভাষায়, আদব-কায়দায় তাদের রুচি এসে বাসা বেঁধেছে। কেউ আর নিওর বলে না। ওই শিশির বা কুয়াশা।
একুশ শতকের গোড়ায় এসে এ কথা সত্যি যে গ্রামবাংলার রূপকথার গল্প কেউ আর শোনাবে না, সেই গান আর গাওয়া হবে না, বাংলার প্রকৃতি সেই দৃষ্টিকোণ থেকে কেউ আর দেখবে না। যে গ্রামবাংলার মানুষ ছবিতে এত দিন নিশ্চল হয়ে ছিল, এবার তারা সচল হতে শুরু করেছে। বিজ্ঞানভিত্তিক শস্য উৎপাদনে, বাণিজ্যিক লেনদেনে গ্রাম হাত ধরেছে শহরের, শহরও তার সীমা বাড়িয়ে যাবে, বিশ্বায়নের পথে ভোগবাদী জীবনের হাতছানিতে আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হবে। গ্রামবাংলা-শহরবাংলা মিলে তৈরি হবে আগামী দিনের বাংলার মুখ।
হেমন্ত এলেই গাছেরা ন্যাড়া হয়ে যায়। চারদিকে কেমন রুক্ষ, লাবণ্যহীন প্রকৃতি। কার্তিক পেরিয়ে অগ্রহায়ণ। সোনালি ধানের প্রাচুর্যে কৃষাণ-কৃষাণীর মুখে আসে মধুর হাসি, সেই হাসিতে আগামী দিনের সোনালি স্বপ্ন। কুয়াশায় ভেজা হেমন্তে নদী, নারী, মানুষ, পাখি, প্রাণী, গাছ, গুল্মলতা, ঘাসÑ সব নিয়ে তার বিশাল সাম্রাজ্যে হেমন্ত ঠিক তার জায়গায় রয়ে যাবে সুখে-দুঃখে, হাসি-আনন্দে, বিরহ-মিলনের মগডালে।