× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেমন্তের কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:১৪ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:০৪ পিএম

হেমন্তের কবিতা

শহরে হেমন্ত

ফার‍ুক মাহমুদ 


অঘ্রান-কার্তিক নেই। মহাশহরের পথে-পথে

হেমন্তের মরা রোদ প্রত্যহ ঝরে, শুকিয়ে থাকে 

ফুটপাতে প্রতারণা প্রেতের মতো বিকট হাসে

বস্তিÑ পলিথিনঘরে ঘড়-নাড়াÑ হাড্ডিসার শিশু


ফসলের মাঠ নেই, চাষি যাবে আল বেয়ে হেঁটে

ইঁদুর পালাবে রাতে, কচি শ্যামাপোকাদের গান

রুপালি কুয়াশা নেই, যন্ত্রণার বর্জ্যপোড়া ধোঁয়া 


সারি সারি গাড়িচোখ, জোনাকির কুহকের আলো

পেঁচার ডানার শব্দ, বাদুড়ের ওড়াউড়িগুলো

বিদ্যুৎ-বিকল রাতে পথবাতিÑ ঝোলে মরা চাঁদ


এখানে সবাই বোঝা, ভোঁতা বোধÑ মগজের কোষে

কার্যত ধানের ঘ্রাণÑ পেয়ে যায় টাকা-আহরণে



হেমন্ত

জাহাঙ্গীর ফিরোজ


চারিদিকে কুয়াশার মতো আলো হেমন্ত এসেছে

ভোরে যখন দু’চোখে এসে লাগে সূর্যালোক

দেখলাম চতুর্দিকে কেমন যেন কুয়াশাভেজা আলো 

বুঝলাম হেমন্ত এসেছে 

আলোছায়া আর অন্ধকারের শরীরে;


এই শহরে কি হেমন্ত আসে

কুয়াশার হালকা চাদর জড়িয়ে? 


জানালার কাচে ভেজা ভেজা, চৌকাঠে কার্নিশে ধূসর মাকড় জালে বিন্দু বিন্দু

শিশিরের কণাগুলো আন্দোলিত হতে থাকে শূন্যতায়।


হঠাৎ নজরে এলো গলিটার বিষণ্ন শরীরে

কার সাজি থেকে যেন ঝরে পড়েছে

অসংখ্য ফুল আর পাতার সংলাপ;

চেয়ে দেখি দেয়ালের পাশে নীরবে দাঁড়িয়ে একা শেফালিকা।


শরৎ তো চলে গেছে, ভাবলাম আশ্বিনেরা কেন চলে যায়

কেন আলোঝলোমল দিনগুলো নিয়ে আসে গহন গভীর

কার্তিকের সন্ধ্যা

আনে ক্রমাগত হেমন্তের ছায়া;


কেন হেমন্ত বিছিয়ে দেয় পথে পথে ঝরাফুলদল? 

হেমন্ত চলে যাবে ফিরি তাই গ্রামের বাতাসে 

ধানকাটা শেষ হয়ে গেছে

নাড়ার আগুন, ধোঁয়ার কুণ্ডলী মন্থর বাতাসে 

দিগন্তের দিকে উড়ে যায়

শীতের পাখিরা পাতাঝরার শব্দ নিয়ে আসে।



হেমন্ত সন্ধ‍্যায়

মুজিব ইরম


সন্ধ‍্যামালতী কেন যে হায় ফুটে থাকে

হেমন্ত সন্ধ‍্যায়...

গোলাপি গোলাপি আভা

হলুদ হলুদ

লালশুভ্র

সবুজ বসন...

তুমি তারে চুলে গোঁজো

তুমি তারে নাকে গোঁজো

তুমি তারে তুলে রাখো বুকের ভেতর...

ডাকো তারে সন্ধ‍্যামণি

কৃষ্ণকলি

কেষ্ট ফুল

মনের আদর...

ডাক শুনে রঙ বাড়ে

গন্ধ বাড়ে

রজনী বেহাল হয়

বদলায় দেহরূপ রূপের ঝলক...

বলি তারে চোখে বিঁধে থাকো

বলি তারে

মালতী কুসুম তুমি বুকে তুলে রাখো...



হৈমন্তিক

শম্ভুনাথ হালদার


পাকা ধানে ভরে যায় মাঠ, উঠোনে আসে ধান মাড়াইযন্ত্র আসে, খড়কুটো বাদ দিয়ে

কাঁড়ি কাঁড়ি পুষ্ট ধানে ভরে দেয় কৃষকের গোলা সমৃদ্ধ হয় ঘর, সুখের স্বপনে বিভোর হয় চোখ। 


নতুন চালের ধোঁয়াওঠা ভাত, বিল থেকে ধরে আনা রয়না মাছের স্বাদু তরকারি পুলক জাগায় মনে

চকচক করে ওঠে চোখ, তৃপ্তির হাসি হাসে কৃষক;

বণিতারা ব্যস্ত হয়ে পড়ে নবান্নের আয়োজনে।


কত যে পিঠে তৈরি হয়ে যায়, শেষ হয়ে যায় 

রাতের দ্বিতীয় প্রহর গল্প-গীত আর কৌতুকের রসে,

সকালের খাবারে সে পিঠে খুশির জোগান দেয়

স্বজনের মনে, পৃথিবীতে নামে স্বর্গীয় সুখ।


পিঠে যায় প্রতিবেশীর ঘরে, আদান-প্রদান হয়

সম্প্রীতির বার্তা, ঘরে ঘরে নবান্নের উৎসব 

প্রাণে মেশায় প্রাণÑ সৌহার্দ্য বাড়ায় জনমনে 

মুখরিত জনপদে নেমে আসে আনন্দ-জোয়ার।



মাসুদার রহমান

খোঁপা না খুলেই

 

একজন নারী রোদে বসে আছে, তাড়া নেই

ধানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে হাওয়া, চিঠি ছাড়াই

 

তোমার উঠোনে কাপড় শুকোচ্ছে, নিচু আলো

ছুঁয়ে যাচ্ছেÑ

আমাকে ছোঁয়ার ভঙ্গিতেই

 

এই হেমন্তে সব কিছু ভরা, অথচ শান্ত

যেমন ভাতের থালা সাজিয়ে বসে থাকা তুমি,

খোঁপা না খুলেই

এত চুল কী করে বাঁধো!

 

আমি দেখি, আর মনে হয়Ñ

থেকে গেলে এখানেই থাকা যায়



কুয়াশার দিনলিপি

ইসমত শিল্পী


রাতেরও ঘরবাড়ি আছে

খানিক বিশ্রাম করে 


ধুয়ে মুছে নেয়ে নেয় কুয়াশায় কিছুটা সময়

শীতের আদরে কতিপয় স্বপ্ন বিষণ্ন

স্বপ্নেরা শীতের আদরে গুটিশুটি পড়ে থাকে—

অবহেলা ভরে

জরুরি কথার সাতসতের, একা হতে হতে

আরও একা হতে হতে

অচেনা শীতের জন্য অপেক্ষা করে


শুধু দুঃখ দেখতে চেয়েছো বলেই হেমন্ত হতে পারিনি

বছর বছর গ্রীষ্ম হয়ে জেগে থাকি।



অদ্বৈত মারুত

আশ্বিনের আশ্রম


আশ্বিনের অনাথ আশ্রম শুকনো নদীর চর

হাড়ের মজ্জায় লেখা হয় পৃথিবীর মন্বন্তর


ক্রুদ্ধ রাÑ অভিশপ্ত নগরে-বন্দরে রক্ত ঝরে

কুয়াশার বিস্তর জাল ছড়ানো আছে বালুচরে

নৈঃশব্দ্যÑ রোদ্দুর পায়ে নিয়ে অন্ধকার মাটি

ডানাহীন বৈতরণী— রুক্ষ যেন বিশুদ্ধ তারাটি

ছায়ায় বুক চাপড়ায়— কাঁদে, পত্রপল্লবহীনে

নুন-বাতাস ঘুমিয়ে থাকে কার্তিকের আস্তিনে


তার চিকন অসুখ— ঘুমে ঢলে পড়া অন্ধ নগর



বিষণ্ন নবান্ন

আসিফ নূর


বড়খেতের আলের মাথায় কপালে হাত দিয়ে

বসে এক বিমর্ষ কৃষকÑ এখনও পাকেনি ধান,

সোনালি খুশির গন্ধে মাতেনি এ-গাঁয়ের বাতাস;

এমন অঘ্রান দেখেনি কোনোদিন কেউ।

এ বছর বাউরি বর্ষায় হিংস্র নেকড়ের মতো

প্রমত্ত পাহাড়ি ঢলে বীজধান ভেসেছে-ডুবেছে

বারবার, দিন গড়িয়ে হেমন্ত যায়Ñ যায় তবু

ধানগাছের শরীরে কিঞ্চিৎ লাগেনি সোনারঙ।


সকলেই বুঝে গেছেÑ এবার নবান্নের উৎসব

আসবে না এই গ্রামে, বারোয়ারি রান্নার ধোঁয়ায়;

নাচগান-পুঁথিপাঠে হাসবে না পুরাতন মাঠ।

কিষানের কাছে কিষানির, আদুরে পুত্রকন্যার 

বায়নারা চাপা পড়ে যাবে; মেঘলা আকাশ হয়ে

সবার চোখেমুখেই সেঁটে আছে বিষণ্ন নবান্ন।



হেমন্তের দিনলিপি

সেলিম আতাউর 


শরৎ রেখে গেছে কাশফুলের সাদা দীর্ঘশ্বাস, নীল আকাশের ভাঁজে ভাঁজে সাদা মেঘ, কিছু হারানোর আভাস।

হেমন্ত এলো নিঃশব্দ পায়ে, ধানের শিষে সোনালি হাসি, কৃষকের চোখে প্রত্যয় ঘরে ফেরার।

হেমন্ত কি শুধুই মাঠজুড়ে পাকা ধানের গন্ধ? 

নবান্নের স্বপ্ন ভরা গ্রাম, নতুন চালের পিঠা?

নাকি হাঁড়িতে না জোটা একমুঠো ভাতের‌ও নাম?

একই ঋতু, একই রোদ, একই আকাশের নিচে কত ব্যবধান! কারো গোলায় উঠে পাকা ধান কারো ঘরে শূন্যতার অবিরাম গান।

হেমন্ত, তোমার সোনালি ধানের পাশে এইসব ছবিও রেখো এঁকে।

এখন বাতাসে ধুলোর দাপট, গাছের পাতায় মলিনতার আস্তরণ, শহরের পথে ধোঁয়া আর ধুলো, নেই কোনো নির্মলতার ঘ্রাণ।

হেমন্ত যেন হাঁপিয়ে হাঁপিয়ে বলে, আমারও তো খানিক শ্বাস নেওয়া চাই! বেঁচে থাকার বিশুদ্ধ বাতাস কোথা পাই?

তবু এই ধুলোমাখা বিকালেও কোনো জানালায় নড়ে ওঠে পর্দা, কেউ একজন আজও অপেক্ষায় থাকে, ভালোবাসা কি কখনো হয় জীর্ণ, বর্গা?

যে চিঠিগুলো হলুদ হয়ে গেছে, যে কথাগুলো বলা হয়নি আজও, হেমন্তের নরম রোদে বসে তাদেরই আবার পড়তে ইচ্ছে করে মাঝে মাঝে।

যৌবন কি কেবল শরীরের ঋতু? নাকি বুকের ভেতর জেগে থাকা গান? চুলে রুপালি শীত নেমে এলেও কেন হৃদয় খোঁজে প্রথম বসন্তের ঘ্রাণ?

বয়স বাড়ে, সময় ফুরোয়, আয়নায় জমে জীবনের ধূসর রেখা, তবু কোনো পুরনো গানের সুরে যৌবন এসে দেয় দুয়ারে দেখা।

হেমন্ত, তুমি পাওয়া-না-পাওয়ার খতিয়ান, তুমি পুরনো প্রেমের নীরব দহন, তুমি নতুন দিনের স্বপ্ন বোনাও।

তোমার ধানের মাঠে কৃষকের ঘাম, তোমার কুয়াশায় বৃদ্ধের দীর্ঘশ্বাস, তোমার বিকেলে প্রেমিকের অপেক্ষা, তোমার সন্ধ্যায় ঘরে ফেরার আশ্বাস।

শীত আসুক, কুয়াশা নামুক, ঝরে পড়ুক পাতার শেষ আয়োজন, যত দিন কারো চোখে অন্যের ব্যথা জাগিয়ে রাখবে মানুষের স্পন্দন,

তত দিন হেমন্ত ফুরোবে না, ফুরোবে না প্রেম, স্মৃতি কিংবা গান, প্রকৃতির ঋতু বদলে যাবে, মানুষের হৃদয়েই রয়ে যাবে জীবনের সবচেয়ে উষ্ণ ঋতুর নাম।



উইন্টার শক 

তাসনুভা অরিন 


আবহাওয়া নিয়ন্ত্রিত পৃথিবীতে

আবহাওয়া বিভ্রাট হলে

কেঁপে ওঠে দেহ— নভেম্বর রেইনের আগে।


এশিয়া প্যাসিফিক চাঁদ বুঝে গেছে,

ছায়াবিপ্লব শেষে বাড়ি ফিরতে হয়।


হেমন্তের আগে কখনও শীত আসে না,

আর শীতের আগে বসন্ত—

তথাপি ঋতুচক্রে ট্রাফিক জ্যাম।


কে কার পেটের ভেতর ঢুকে যাচ্ছে

পৃথিবী গোলাকার বলে!


নিষ্কাম রোদের আঁচড় জানালার কাচে,

আমি শুনি— হেমন্তের গুনগুন,

উইন্টার শক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা