মনজুর শামস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:০১ পিএম
নচ্ছার-বেয়াড়া আপদ নিয়ে ভীষণ হিমশিম খাচ্ছিল দুজনেই। আলাপও করছিল তা নিয়েই। দুজনের আপদের ধরন ভিন্ন হলেও নিজের নিজের সমস্যা বলে একে-অন্যের পরামর্শ চাইছিল কামাল ও নীলু। একই করপোরেট হাউসের একই ফ্লোরের কলিগ তারা। চাকরিসূত্রে পরিচয়, তা থেকে আন্তরিকতা বাড়তে বাড়তে সম্পর্কটা পরম ঘনিষ্ঠতার দিকেই এগোচ্ছে। কিন্তু নিজেদের আপদ দূর না করে জোড় বাঁধতে পারছে না। অফিসের কাজেই ফিল্ড ভিজিটে এসে একটি জরিপের কাজ শেষ করে অন্য কলিগদের সঙ্গে যোগ দিতে এখানকার ব্রাঞ্চ অফিসে যাচ্ছিল তারা। হাঁটতে হাঁটতে কথা বলে মনের হাহাকার মাখানো বাষ্প নিশ্বাসের সঙ্গে বের করে বাতাস ভারী করতে করতে এগোচ্ছিল। মনের রোমান্টিক ইচ্ছেগুলো ছটফটিয়ে মরছিল মনের ভেতরেই। নিজেদের আপদ নিয়ে হাপিত্যেশ করার সেই সময়টাতেই চরম বিপদ চাউর হয়ে গেল। হঠাৎ করেই লোকজন ছুটে পালাতে শুরু করল। ভূমিকম্প বা পাহাড়ি ঢালে ভূমিধসে যেভাবে পালায়। এমন হুলস্থুলে সাংঘাতিক কাণ্ডের কথা এর আগে কেউ কোনোদিন শোনেনি। ভাবেওনি। ধেয়ে আসছে নাকি নিথর পাথর রোগ। ভীষণ ছোঁয়াচে আর ঝোড়োগতির এ রোগ নাকি কাউকেই ছাড়ছে না। বিজলি-ঝলকের মতোই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই চরম অলক্ষুণে কাণ্ড। হুজুগে ছুটছে সবাই। কেউ এমনকি নিজেদের মোবাইল টিপে যাচাই করার সময়টুকুও খরচা করছে না। মব করে নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে উচ্ছেদ করা, নারী ও শিশু ধর্ষণ, বলাৎকার, বৈষম্য চাপিয়ে অসহায় সংখ্যাধিক্য মানুষকে পিষে মারা, জাত-পাত-ধর্মের অনুশাসনের অপপ্রয়োগে সবকিছু ছারখার করা এই মগের মুলুকে বই পড়ার চল উঠে গেছে বহু আগেই। কোনো কাজে আসে না বলে নিজেদের জ্ঞান বাড়ানোর তাগিদটা এখন কারোই নেই। শোনা কথাই এখন মেষপালকের মতো তাড়িয়ে নিয়ে চলে ভেড়ার পাল বনে যাওয়া মানুষকে।
নীলু ও কামাল ভিড় এড়িয়ে নদীর তীর ধরে দক্ষিণে হাঁটতে থাকল। নদীর নৌকাগুলোতে ভিড় করে উঠে পড়ছিল সবাই। ওরা যে নৌকার কাছেই যাচ্ছিল সেখান থেকেই ধাওয়া খেয়ে ফিরতে হচ্ছিল। অনেকক্ষণ হাঁপিয়ে হাঁপিয়ে ছোটার পর শেষমেশ তারা একটি নৌকায় উঠতে পারল। নৌকাটা ছেড়ে দিতেই লগি-বৈঠা নিয়ে নৌকার দুপাশে কয়েকজন দাঁড়িয়ে গেল, যাতে আর কেউ উঠতে না পারে। প্রায় ডুবু ডুবু অবস্থায় ইঞ্জিন ভটভটিয়ে নৌকাটা চলছিল।
বেশ কিছুক্ষণ চলার পর সমুদ্রের গর্জন শোনা গেল। নীলু নৌকার মাঝির দিকে তাকিয়ে ছিল। এটি তার অভ্যেস। সমুদ্রে পড়ার ঠিক আগমুহূর্তে নীলু কী যেন চোখ-ইশারা করতে দেখল মাঝিকে। ভালো কিছু যে নয় বুঝে গেল। ভয়ে কামালকে শক্ত করে চেপে জড়িয়ে ধরে থাকল সে। নিমেষেই ষণ্ডামতো লোকেরা বেশ কয়েকজনকে আচমকা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে লগি বা বৈঠা বাগিয়ে ধরে থাকল, যাতে তারা আবার নৌকায় উঠতে না পারে।
দশ-বারো জনকে ফেলে দেওয়ায় নৌকাটা বেশ হালকা হয়ে গিয়েছিল। কিন্তু সমুদ্রে গিয়ে ঢেউয়ের মুখে পড়তেই মাঝির মনে হলো নৌকাটা আরও হালকা করতে হবে। সে আবার চোখ-ইশারা করতেই পাটাতনে বসার জায়গা পেয়ে যাওয়া নীলু জাপটে ধরে থাকল কামালকে। এবার আরও সাত-আট জনকে সাগরে ফেলে দেওয়া হলো। কতক্ষণ কামালকে জাপটে ধরে ছিল নীলু তা বলতে পারবে না। ঢেউয়ের দুলুনির মাঝেই বমি করতে করতে নিস্তেজ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ হইচই শুরু হলে তাদের ঘুম ভেঙে গেল। দেখতে পেল ষণ্ডামতো লোকেরা অসহায় যাত্রীদের পোঁটলা-পুঁটলি ঘেঁটে খাবারগুলো কেড়ে নিচ্ছে। নীলুর কাছ থেকে একঝটকায় তার ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেল। দুর্বল হয়ে পড়া নীলু কামালের বুকের ভেতর মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল। ষণ্ডাদের একজন ধেয়ে এসে ভীষণ জোরে একটি চড় কষিয়ে দিল কামালের গালে। দিন চারেক এভাবে চলার পর তাদের নৌকাটা একটি ঢেউহীন নিটোল সবুজ পানির সাগরে এসে পড়ল। ইঞ্জিনের তেল শেষ হয়ে গিয়েছিল। এ কয়েক দিনে সাতজন দুর্বল হয়ে পড়া যাত্রী মারা গিয়েছিল। আরও পাঁচ দিন সাগরে ভেসে থাকার পর খাবার নিয়ে মাঝি আর ষণ্ডাদের ভেতর তুমুল লড়াই বেঁধে গেল। দুজন বাদে তাদের সবাই এক জন আরেক জনের হাতে খুন হয়ে গেল। নীলু ও কামালসহ জনা পাঁচেক যাত্রী তখনও বেঁচে ছিল।
প্রচণ্ড ক্ষুধা আর ভীষণ তৃষ্ণায় নীলু একসময় জ্ঞান হারিয়ে ফেলেছিল। কদিন অজ্ঞান হয়ে ছিল বলতে পারবে না। জ্ঞান ফেরার পর দেখল কামাল তার পাশে পড়ে আছে নিথর হয়ে। নৌকায় আর কেউ নেই। নৌকাটা একটা বালুচরে উঠে আছে। সমুদ্র থেকে আঁজল ভরে পানি এনে ছিটিয়ে কামালের জ্ঞান ফেরাল। বুকফাটা তৃষ্ণায় দুজনেই একেবারে কাহিল। নীলু পুরো নৌকা তন্নতন্ন করে খুঁজতে শুরু করল। হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার ঠিক আগে মাঝির সিটের কাছে একটি কাঠের বাক্সে আধাবোতল পানি পেয়ে গেল। নিজের তেষ্টাকে দমিয়ে সে কামালের মুখে তা অল্প অল্প করে ঢালতে থাকল। দু ঢোক খাওয়ার পরেই কামালের হুঁশ ফিরল। বুঝতে বাকি থাকল না নিজে এক ফোঁটাও মুখে না তুলে নীলু তার মুখে পানি ঢালছে। সঙ্গে সঙ্গে উঠে বসল সে। নীলুকে কাছে টেনে এনে বাকি পানিটুকু তার মুখে ঢেলে দিল। কিছুক্ষণ বসে থাকার পর দুজনেই বুঝল বাঁচতে হলে হাঁটতে হবে। হাত ধরাধরি করে তারা নৌকা থেকে নেমে নেতিয়ে পড়া শরীরকে টেনে টেনে সামনের দিকে হাঁটতে থাকল।
কিছুদূর হাঁটার পরে তারা বুঝতে পারল এটা একটা মরুভূমি। ব্যাপারটা কড়াই থেকে জ্বলন্ত চুলোর মধ্যে পড়ার মতো। তারা চুপসে গেল। প্রায় ঘণ্টাখানেক লেংচে লেংচে হাঁটার পর সামনে সবুজের আভাস দেখে নিমেষেই ক্লান্তি দূর হয়ে গেল! দ্রুত হাঁটতে থাকল। একটু পরেই সবুজ গাছপালা দেখতে পেল। আরেকটু পরে সেখানে কাজ করতে থাকা একদল মানুষ দেখে তাদের মনে অনেক ধরনের আশা দোল খেতে থাকল। অবাক হয়ে তারা দেখল দলের সবাই একইভাবে একই কাজ করছে। বোঝাই গেল না কে তাদের হুকুম দিয়ে কাজ করাচ্ছে; দলের নেতা কে! একসময় তারা তাদের নজরে পড়ে গেল। একজন লোক তাদের দিকে ছুটে আসতে থাকল। বোঝা গেলÑ ইনিই দলনেতা। দলনেতার পিছু পিছু বাকিরাও দৌড়ে এলো। তারা বুঝে গেল ওরা বিপদে পড়ে এদিকে এসেছে। স্বাভাবিকভাবে কোনো মানুষের এদিকে আসার কথা নয়। তারা ধরাধরি করে ওদের তাদের তাঁবুতে নিয়ে সেবা-শুশ্রূষা করতে থাকল আর দলনেতা তখনই মোবাইলে কার সঙ্গে যেন কথা বলল। একটু পরেই ছোট্ট একটা হেলিকপ্টার এসে নামল তাঁবুটার সামনে। তাদের দুজনকে সেটিতে তুলে হাসপাতালে নেওয়া হলো। দুদিনেই তারা সুস্থ হয়ে উঠলে তাদের একটি ভবঘুরে আশ্রয়শিবিরে ঠাঁই দেওয়া হলো।
আশ্রয়শিবিরে সবাই তাদের মতো বিপদে পড়ে আসা। এদেশের মানুষের আচার-আচরণ দেখে নীলু-কামালের মনে হচ্ছিলÑ এরা মানুষ নয়, ফেরেশতা! অবাক হচ্ছিলÑ এমন দেশও দুনিয়ায় থাকতে পারে! কী আদব-কায়দা, কী সহানুভূতি তাদের এক জন আরেক জনের প্রতি! যেদিন তাদের এখানে ঠাঁই দেওয়া হলো সেদিন বিকেলে চা-নাশতা করে নীলু আর কামাল আশ্রয়শিবিরের পার্কে সিমেন্টের বেঞ্চে বসে ছিল। সামনের দালানের দিকে তাকিয়ে নীলু হঠাৎ খুব অবাক হয়ে বলে উঠলÑ
‘ওই দেখো, বই পড়ছে!’
কামাল সেদিকে তাকিয়ে দেখতে পেল এক তরুণী খুব মগ্ন হয়ে বই পড়ছে। সেও খুব অবাক হলোÑ এই দুনিয়ায় এখনও তা হলে মানুষ বই পড়ে!