শাহাদাৎ সরকার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১১:২১ এএম
‘আলো হাতে চলিয়াছে’ বইটি প্রকাশের মধ্য দিয়ে আমাদের সামনে অন্য এক মঈন শেখ হাজির হন। তিনি মূলত কথাশিল্পী। তবে ‘চুম্বন ঘ্রাণে আসুক মৌমাছি’ কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে কবি স্বীকৃতি আদায় করে নিয়েছেন তিনি। শিশুসাহিত্য রচনায় তার দক্ষতা প্রশংসাযোগ্য। প্রবন্ধ খুব একটা না লিখলেও ‘গদ্যের চরকা পড়োর বারান্দা’ তার মননশীল সত্ত্বাকে উপস্থাপন করে। এসবের বাইরে সম্পূর্ণ এক ব্যতিক্রম রচনা হলো ২০১৬-এর ফেব্রুয়ারিতে প্রকাশিত তার ‘আলো হাতে চলিয়াছে’ গ্রন্থটি। বইটি বিষয়বস্তু ও রচনাকৌশলের কারণে ব্যতিক্রম।
এই বইয়ের বিষয় বইপড়া। তবে সেই বইপড়ুয়া মানুষগুলো খুবই সাধারণ। কারও কারও নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। আবার কেউ হয়তো মাধ্যমিক পাস করতে পারেননি নানা কারণে। তবে বইপড়া থেকে বিমুখ হননি। তেমন একজন পড়ুয়া মানুষ হাসিনা বানু হাসি। বাড়ি তানোর উপজেলার এক নিভৃত গ্রামে। স্বামী পরিত্যক্তা ও শ্রবণপ্রতিবন্ধী। ক্লাস নাইনে পড়ার সময় বিয়ে হয় তার। এরপর আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়নি তার। তবে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন বইকে। বয়স সত্তরের কাছাকাছি। লিখেছেন গান, গল্প ও নাটক। এমন আরেক চরিত্র অলোকা ভৌমিক। স্কুলে যাননি কখনও। যদিও তার বাবা ছিলেন স্কুলশিক্ষক। বাবার কাছেই পড়েছেন বাড়িতে। বাল্যবিবাহ হয় তার। মদ্যপ স্বামীর নির্যাতন-নিষ্পেষণ হজম করতে হয়েছে প্রতিনিয়ত। স্বামীও একসময় মারা যান। ছিলেন নিঃসন্তান। জীবনের নিঃসঙ্গতাকে কাটাতে সুখ খোঁজেন বইয়ের পাতায়। জীবনের দুঃখ-কষ্ট আড়াল করেন বইয়ের পাতায়। পড়তে পড়তে একসময় লিখতে শুরু করেন কবিতা, গল্প ও জীবনী। তবে সবাই প্রাতিষ্ঠানিকভবে কম পড়াশোনা করেছেন, এমন নয়। যেমন সোহরাব আলী বিএ ভর্তি হয়েছিলেন। তবে রাজনীতির কারণে শেষ করতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা। তবে বইপড়া ছাড়েননি। আবার তিনি যত বই পড়েছেন তত বই-ই মানুষকে পড়ানোর চেষ্টা করেছেন। এমন সব ‘বইপাগল’ মানুষ নিয়েই সজ্জিত ‘আলো হাতে চলিয়াছে’। এ বইয়ে আর যাদের বিষয়ে আলোচনা করা হয়েছে : লোকগবেষক ও সম্পাদক আশরাফুল হক পলাশ, ফরিদ গাজী, রণজিৎ কুমার পাল, শিহাব হোসেন, সত্যেন্দ্রনাথ প্রামাণিক, রশিদুল ইসলাম। তাদের নিয়ে মঈন নিজে তো নিবন্ধ লিখেছেন, পাশাপাশি চেষ্টা করেছেন এই মানুষগুলোর কাছ থেকে অভিন্ন দশটি প্রশ্নের উত্তর নিতে। যেগুলোতে মোটামুটিভাবে এই মানুষগুলোর পাঠের রুচি ও দর্শন ফুটে উঠেছে। এই পরিশ্রমী কাজের জন্য মঈন শেখকে অবশ্যই ধন্যবাদ। ঐতিহ্য প্রকাশকেও সাধুবাদ এমন একটি সাহিত্যকর্ম আমাদের সামনে হাজির করার জন্য। বইটির প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু। মূল্য ৩৬০ টাকা। আলো হাতে চলা এই মানুষগুলোর জ্ঞান অর্জনের আগ্রহ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। বইটির বহুল প্রচার প্রত্যাশা করছি।